ঈদযাত্রা: অ্যা জার্নি বাই ট্রেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছর কয়েক আগের কথা। ঈদের ঠিক আগের দিন খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসের সকাল সাতটার টিকিট দুটো হাতেই পেয়েই যেন ঈদের চাঁদের দেখা পেয়েছিলাম আমরা। ট্রেনে ভ্রমণ সব সময় আমার পছন্দের আর আনন্দমুখোর ঈদযাত্রার আয়োজন সেবারই প্রথম ট্রেনে, তাই বাড়তি রোমাঞ্চিত ছিলাম।

আমাদের টোনাটুনির এক সপ্তাহের ট্যুর। একটি মাত্র ব্যাগ। আরামদায়ক ট্রেনযাত্রার কথা চিন্তা করে ফজর নামাজ পড়েই একটা হালকা রঙের জর্জেট শাড়ি পরে আমি তৈরি। পাছে ঢাকার জ্যামে আটকে যাই তাই ভোর ছয়টার আগেই আমরা বিমানবন্দর স্টেশনে পৌঁছালাম। আমার রোমান্টিক ঈদযাত্রায় প্রথম ধাক্কাটা লাগল প্ল্যাটফর্মের অবস্থা দেখে। একপাশে মা-বাবা-বাচ্চা সমেত তিনটি পরিবার গোট বিশেক ব্যাগসহ ট্রেনের অপেক্ষায়। পুরো প্ল্যাটফর্মে তিল ধারণের স্থান নেই। মনকে বুজ দিলাম সবাইতো আর সুন্দরবনে যাবে না!

ঘণ্টা দুয়েক অপেক্ষার পর আটটার দিকে লম্বা বাঁশি শুনে সুন্দরবনের মাথাটা দেখে আমার হাসি বিস্তীর্ণ হলো। যাক মাত্র এক ঘণ্টা লেট কোনো ব্যাপার না। সুন্দরবন তার সবুজ রঙের বিশাল বগিগুলো নিয়ে যতই প্ল্যাটফর্মের দিকে ঢুকছে আমার হাসি ততই নিভে যেতে লাগল। ট্রেন যখন প্ল্যাটফর্মে পুরোপুরি থামল তাকিয়ে দেখি কোনো বগিতেই তিল ধারণের কোনো জায়গা নেই। কোনোমতে বগিটা খুঁজে পেয়ে আমরা তখন ছুটছি। আমার বর বলল তুমি ওঠো, আমি ব্যাগটা নিয়ে আসছি। ততক্ষণে আমার শাড়ি, রোমান্টিসিজম উবে গেছে। কোমরে আঁচলটা জড়িয়ে প্রায় যুদ্ধ করে ট্রেনের দরজা বেয়ে কোনোমতে দাঁড়ালাম। আমাদের সিট নম্বর ১২-১৩। আমি বগির উল্টো দিকের দরজা দিয়ে উঠেছি। কীভাবে পৌঁছাব ভাবছি। ভাবনার অবসান ঘটিয়ে মানুষের স্রোত আমাকে ভাসিয়ে নিয়ে চলল। পৌঁছে দেখি আমার বরও পৌঁছেছেন। তবে ১২-১৩তে তিনজন বসে আছেন এবং তারা সিট ছাড়তে রাজিও নন। প্রায় আধা ঘণ্টা বচসার পরে তারা সিট ছাড়তে বাধ্য হলো। ব্যাগটা নিয়ে দুজন যখন বসলাম যুদ্ধের দ্বিতীয় পর্ব জয় হলো।
আমাদের উল্টো দিকের সিটে একটি বাচ্চাসহ একটি গ্রামীণ পরিবারের পাঁচজন বসেছে এবং বলা বাহুল্য আমাদের প্রায় কোলের ওপর আরও দুজন দাঁড়িয়ে।

আবারও লম্বা বাঁশি বাজিয়ে সুন্দরবন মহাশয় বিমানবন্দর ত্যাগ করলেন। তিনি যখন গাজীপুর স্টেশনে দাঁড়ালেন নতুন এক বাণিজ্যর দেখা পেলাম। প্রায় ২০ জন লোক মই নিয়ে ট্রেনের দুপাশে দাঁড়িয়ে আছে। মই বেয়ে ছাদে উঠছে সব বয়সী মানুষ। মই বেয়ে উঠতে তাদের খরচ জনপ্রতি ৫ থেকে ১০ টাকা। আমি বিস্ময় প্রকাশ করতে একজন জানাল ঈদের মৌসুমে প্রায় প্রতিটি স্টেশনেই শেষের কদিন এই মই ভাড়া দেওয়ার ব্যবসাটা চলে। জানালার ফাঁক গলে দেখলাম বোরকাপরা এক মাঝবয়সী নারী জানালা বেয়ে ট্রেনে উঠছে। আমাদের গন্তব্য চুয়াডাঙ্গা স্টেশন পর্যন্ত প্রায় প্রতিটি স্টেশনে ট্রেনে ওঠার এই কসরত দেখেছিলাম আমরা।

শীতের মৌসুম ছিল তবু মানুষের ভিড় আর কথোপকথনে সেই মাঘের শীতেই ট্রেনের বগি চৈত্রের দেখা পেয়েছিল। যমুনা সেতু পেরিয়ে এগিয়ে চলছিল সুন্দরবন। মাইল কয়েক যাওয়ার পর একটা ছোট্ট নদীর পার হওয়ার সময় অনেক জোরে চিৎকার শুনলাম আমরা। ট্রেনের যাত্রীরা এবং নদীর দুপাশের মানুষেরা এক সঙ্গে চিৎকার করছে। জানালা দিয়ে ভালো করে তাকিয়ে দেখলাম ওই ছোট্ট নদীটার সেতুতে ট্রেন ধাক্কা লেগে ছাদ থেকে প্রায় ৮-১০ জন নদীতে পড়ে গেছে। সেতুর ওপরের অংশটা ঢাকা থাকায় এই বিপত্তি। ধাক্কা লেগে যারা পড়ে গিয়েছিল তারা জীবিত না মৃত ছিল তা জানা হয়নি। তবে সহযাত্রীরা জানাল প্রায় এমন হয়।

ট্রেন ঈশ্বরদী পৌঁছানোর আগে গোলাপি শার্ট পরা এক ভদ্রলোক আমাদের সিটের সামনে এসে দাঁড়িয়ে তার টিকিট মিলাতে লাগলেন। খুশিতে চিৎকার করলেন তিনি, আরে এইটাইতো আমাদের সিট। ট্রেনের লোকসংখ্যা ততক্ষণে কিছুটা কমেছে। আমাদের উল্টোদিকে যে গ্রামীণ পরিবার বসা ছিল আদতে তাদের কাছে কোনো টিকিট নেই। সিটের বরাদ্দ আসলে গোলাপি শার্ট ভদ্রলোকের পরিবারের। তিনি ততক্ষণে তার নয় মাস বয়সী বাচ্চা, বউ এবং ব্যাগ পত্রসহ এসে জানালেন এখানে পৌঁছতে না পেরে টয়লেটের দরজার সামনে পুরোটা পথ দাঁড়িয়ে এসেছেন তারা! তাদের এই দুর্ভোগে গ্রামীণ পরিবার অবশ্য ভাবলেশহীন। পরিবারের কর্তা বলল, সিট পাইছি, বইছি তাই কি হয়েছে? ওরা ঈশ্বরদী নেমে গেল। সিটের ক্রেতা অত: পর বসার সুযোগ পেলেন।

সাতটার ট্রেন দুপুর একটায় পৌঁছানোর কথা। কিন্তু আমরা যখন চুয়াডাঙ্গা স্টেশনে পৌঁছালাম তখন রাত নয়টা। যুদ্ধজয় শেষ করে স্টেশনে পা দিতেই কষ্টগুলো দুরে গিয়ে আনন্দর ঝুড়িটা আবার ভরে যেতে লাগল। পুরো পরিবারের ভালোবাসায় সারা দিনের যুদ্ধক্ষেত্রের ক্লান্তি ততক্ষণে পালিয়েছে।

বাড়ি পৌঁছে দেখি আমার শাশুড়ি মা অপেক্ষা করছেন। ধোঁয়া-ওঠা গরম ভাত, কচু শাক, ছোট্ট মাছের চচ্চড়ি আর নারকেল দুধে কষা হাসের মাংস নিয়ে। এই ভালোবাসার টানেই এমন যুদ্ধ করে প্রতিবছর ঈদে বাড়ি ফেরে লাখো মানুষ। তবে সব মিলিয়ে ট্রেনের সেই যুদ্ধ জার্নি আমার স্মৃতিতে গেঁথে আছে। আর এর কল্যাণেই ঈদের আগের দিনের জার্নিতে আর কখনো ট্রেনমুখো হয়নি!