এরই মধ্যে শুরু হয়ে গেছে ঘরমুখো মানুষের ঈদযাত্রার তোড়জোড়। কিন্তু যাত্রাপথে ওত পেতে আছে হাজারো বিপদ, বিড়ম্বনা আর ঝক্কিঝামেলা। তবে চোখ-কান খোলা রেখে কিছু করণীয় অনুসরণ করলেই সব বাধাবিপত্তিকে বুড়ো আঙুল দেখিয়ে আন্তর্জাতিক মানের ঈদযাত্রা উপভোগ করা সম্ভব। আমাদের আশপাশের কিছু ‘আইডলের’ কাছ থেকেই ঈদযাত্রার এসব করণীয় সম্পর্কে কার্যকর সবক নেওয়া যায়। বিস্তারিত জানাচ্ছেন শরীফ মজুমদার

অপরিচিত কারও দেওয়া কিছু খাবেন না
খুবই পরিচিত সতর্কতা এটা। পথে হয়তো আপনারই জন্য ওত পেতে আছে অজ্ঞান পার্টি কিংবা মলম পার্টির নিবেদিতপ্রাণ কোনো কর্মী। আদর করে, বিনয়ের অবতার সেজে আপনাকে অনেক কিছুই খাওয়ানোর কায়দা-কসরত তারা করতে পারে। এবং ফ্রিতে খাওয়ার লোভে কিংবা ভদ্রতার খাতিরে আপনারও হয়তো মন ব্যাপক আঁকুপাঁকু করতে পারে। আর এ ক্ষেত্রে আপনার আইডল হতে পারে বাসার বাচ্চাকাচ্চারা। যাদের হাজারটা ফন্দিফিকির, রঙ্গ-তামাশা করেও খাওয়ানো যায় না। অতএব যাত্রাপথে অপরিচিত কারও কাছ থেকে ইফতারি কিংবা হালকা নাশতা খাওয়ার ক্ষেত্রে বাসার শিশুদের ‘নো ইটিং’ নীতি মেনে চলুন।
দীর্ঘক্ষণ বসে থাকার প্রস্তুতি নিন
ঈদযাত্রায় আলস্য হতে পারে আপনার সার্বক্ষণিক সঙ্গী। মহাসড়কে গাড়ির সঙ্গে সঙ্গে আপনাকেও বেশির ভাগ সময়ই ঝিম মেরে, নট নড়নচড়ন হয়ে বসে থাকতে হবে। তাই আগেভাগেই শুয়ে-বসে সময় কাটানোর মানসিক প্রস্তুতি নিন। একজন সত্যিকারের নিষ্কর্মা, অলস এ ক্ষেত্রে হতে পারে আপনার আইডল। শুয়ে-বসে খাওয়াই যাঁর জীবনের ব্রত। নিরলসভাবে যিনি আলস্য চর্চা করে যেতে পারেন। ঈদযাত্রা উপভোগ্য করতে চোখ বুজে আলস্যের দীক্ষা নিতে পারেন এমন একজনের কাছ থেকে।
পরীক্ষা দিন চরম ধৈর্যের
ঈদযাত্রায় আপনাকে ধৈর্যের ‘সেমিস্টার ফাইনাল’ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। একের পর এক ভোগান্তি আপনাকে নাজেহাল করে দিতে পারে। বারোটা বাজিয়ে দিতে পারে মনের জোরের। তবে এত সবকিছুর পরও ‘ডোন্ট কেয়ার’ থাকার দীক্ষা নিতে পারেন ঘুষখোর কিংবা দুর্নীতিবাজ আমলার কাছ থেকে। আপন কর্মে যাঁরা সদা অবিচল। শত বাধাবিপত্তি, গালাগাল, অভিশাপও যাঁদের মনকে একটুও টলাতে পারে না। ধৈর্য পরীক্ষায় এমন গন্ডারের চামড়াওয়ালাদের ‘আইডল’ না মানলে আর কাকে মানবেন?
মাথা রাখুন ‘আইস কুল’
চেনাজানা অনেক ঝামেলার পাশাপাশি ঈদযাত্রায় আপনাকে কতগুলো উটকো ঝামেলারও মুখোমুখি হতে হবে। কিন্তু ঘাবড়ে না গিয়ে মাথা রাখতে হবে ‘আইস কুল’। আর এ ক্ষেত্রে আপনার আইডল হতে পারেন ভারতীয় সিরিয়ালের নির্যাতিত নায়িকা। কূটনি ননদ কিংবা শাশুড়ির একটার পর একটা হৃদয়বিদারক কূটচাল কী অসামান্য ঠান্ডা মাথায় মোকাবিলা করেন তিনি। ঈদযাত্রায় সব ভোগান্তিকে সিরিয়ালের কূটনি ননদ কিংবা শাশুড়ির কূটচালের সঙ্গে তুলনা করে নিজেকে নায়িকার অবস্থায় কল্পনা করুন, ব্যস।
নিজ মালামাল রাখুন চোখে চোখে
সহযাত্রীদের মধ্যেই হয়তো উদারমনা কেউ আছেন যাঁরা মালামালের বেলায় আপন-পর ভেদাভেদ করেন না। কে জানে ‘মনের ভুলে’ নিজের মনে করে আপনার মূল্যবান ব্যাগটাই হয়তো লোপাট করে দিতে পারেন। কাজেই নিজের জিনিসপত্র চোখে চোখে রাখুন। এ ক্ষেত্রে আপনার আইডল হতে পারেন কতিপয় আদর্শ মোবাইল ফোন ব্যবহারকারী। যাঁরা শুয়ে, বসে, খেতে, উঠতে, বসতে, হাঁটতে, চলতে যে অবস্থায়ই থাকুন না কেন, আপন চোখজোড়া খুবই নিষ্ঠার সঙ্গে মোবাইল ফোনের স্ক্রিনে নিবদ্ধ রাখেন। নিজ মালামাল চোখে চোখে রাখার ক্ষেত্রে তাঁদের ‘অলটাইম লুকিং’ নীতি অনুসরণ করুন।
প্রিয় পাঠক, আপনার ঈদযাত্রা শুভ হোক।