ঈদে আনন্দ আড্ডা

তাসমান সাগরের তীরে অস্ট্রেলিয়ার মনোরম নগর নিউক্যাসলে ঈদ হয়েছে ৪ অক্টোবর শনিবার। নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ের মাঠে ঈদের নামাজ আদায় শেষে সারা দিন এক বাসা থেকে আরেক বাসায় ঘোরাঘুরি করেই সময় কেটেছে এখানকার অধিকাংশ বাঙালি পরিবারের।
তার পরও আড্ডাপ্রিয় বাঙালির কোথায় যেন ছিল অতৃপ্তি! সেই অতৃপ্তি ঘোচাতেই ঈদের পরদিন নিউক্যাসলের বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল ‘ঈদ আনন্দ আড্ডা’। ক্যামেরন পার্ক কমিউনিটি সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানের শুরুটা হয়েছিল ভাবিদের আনা সুস্বাদু সব বাংলাদেশি খাবারদাবার আর হরেক রকমের মিষ্টি দিয়ে। নৈশভোজ শেষে উপস্থিত সবাই মেতে ওঠে প্রাণবন্ত এক আনন্দ আড্ডায়।
নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কবি-গবেষক মিল্টন হাসনাতের সঞ্চালনায় আড্ডার শুরুতেই কলি ভাবি লাকি আখন্দের গান শুনতে চাইলে সাখাওয়াত খান সাগর তাত্ক্ষণিকভাবে গেয়ে ওঠেন ‘আমায় ডেকো না’। সাগরের গানের মাঝখানে নিজের আসন ছেড়ে উঠে এলেন তাঁর সহধর্মিণী সিমি। এরপর দুজনের রোমান্টিক নাচ গানের চেয়েও আকর্ষণীয় হয়ে উঠল।
রিদোয়ান খানের অনুরোধে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করে শোনান সদ্য নিউক্যাসলে পিএইচডি করতে আসা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহিতোষ। এরপর নজরুলের ‘বিদ্রোহী’ কবিতা আবৃত্তি করেন নিউক্যাসলের খ্যাপাটে যুবক হাফিজ। তাঁর কবিতা আবৃত্তি শেষে কোরবানি ঈদের তাত্পর্য তুলে ধরেন ফারিবা। হালের জনপ্রিয় ‘এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো’ গানটি গেয়ে শোনান খুলনা বেতারের একসময়ের নিয়মিত শিল্পী আনিকা। নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক চাঁপাইনবাবগঞ্জের অধিবাসী আখতারুজ্জামানের আগ্রহে গম্ভীরা পরিবেশন করেন ইকবাল কবির ও তানভীর। কামাল, আরিফ ও সাগরের পরিচালনায় দর্শক পর্বে নাচ, গান ও অভিনয় করেন শামীমা, শান্তা, জনি, রিফাত, নূপুর, সোনালি, সাদ। সপ্তাহান্তে নিউক্যাসলের ভাবিদের কাছে আরও বেশি দাওয়াত পাওয়ার আশায় ডিজিটাল ভিক্ষুক মামুন, শুভ, খায়রুল ও তানভীরের গান গেয়ে গেয়ে ভিক্ষা করার পরিবেশনাটি উপভোগ করেছে সবাই। ‘আমাদের দেশে হবে সেই ছেলে কবে’ কবিতাটি সিলেট, খুলনা, রংপুর আর ঢাকাইয়া ভাষায় আবৃত্তি করেন যথাক্রমে চম্পক, শুভ, আরিফ আর ইকবাল।
ফখরুল ইসলামের কৌতুক কিংবা পাভেল ও আরিফের পুঁথিপাঠের ঢঙে পরিবেশিত সংবাদ কিংবা আড্ডার ভেতরেও প্রিয় সখী নাজু এবং দীবার একান্ত আড্ডা, সবই ছিল এই সন্ধ্যার অনিবার্য অংশ। আড্ডায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থেকে বাদ যায়নি কেউই। এমনকি নিজেকে বেরসিক বলে পরিচয় দানকারী নিউক্যাসল মসজিদ কমিটির সভাপতি শাহরিয়ারের পরিবেশিত কৌতুকে না হেসে পারেনি কেউ। অনুষ্ঠানের শেষ আকর্ষণ ছিল বাংলা ডিজে গানের সঙ্গে নাচানাচি। বড়দের পাশাপাশি ছোট ছোট ছেলেমেয়েরাও এতে অংশগ্রহণ করে। এর মধ্য দিয়ে শেষ হয় ব্যতিক্রমধর্মী এক আনন্দ আড্ডা। ঈদ শেষ হলেও যার রেশ নিউক্যাসলে বসবাসকারী প্রবাসী বাঙালিদের মনে থেকে যাবে দীর্ঘকাল।
এ এফ এম কামাল চৌধুরী
নিউক্যাসল, অস্ট্রেলিয়া