ঈদে আলোচিত চার নাটকের ট্রেইলারভিত্তিক সমালোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার ঈদের নাটক নিয়ে কম হইচই পড়েনি! দর্শক আবার বাংলা নাটক দেখছে—এমন দাবি করছেন অনেকেই। আবার অনেকে বলছেন, আরও ভালো নাটক হওয়ার সুযোগ আছে এ দেশে। যা হোক, অনেক অনেক নাটকের ভিড়ে বেশ কিছু নাটকের নাম উঠে এসেছে এবার। তার ভেতর থেকে কয়েকটি নাটকের সমালোচনা লেখা হচ্ছে নিচে। প্রিয় পাঠক, লেখকের অত বেশি সময় না থাকার কারণে তিনি কেবল নাটকের শিরোনাম দেখেই সমালোচনা করেছেন। লেখক বলেছেন, চাঁদের আলো পেতে যেমন চাঁদে যেতে হয় না, তেমনই সমালোচনা করতে নাটক দেখারও প্রয়োজন নেই, ট্রেইলারই যথেষ্ট।

বিকাল বেলার পাখি
ফজলুর রহমান বাবুর পরিবার নিয়ে এই গল্প। পরিবারে লোকসংখ্যা পাঁচ। স্ত্রী, দুই মেয়ে আর এক ছেলে। তবে পরিবারে কোনো পাখি নেই। একদিন বিকেলে ছেলেটা বলে, সে পাখি পুষবে। কিন্তু বাবা হিসেবে বাবু তা মেনে নেন না। বাবু বলেন, ‘তুমি পাঙাশ পোষো কোনো অসুবিধা নাই। পাঙাশ খাইতে স্বাদ আছে। তুমি পাখি পুষবা ক্যান? পাখি কি খাওয়া যাইব?’
এ নিয়ে বাবু আর তাঁর ছেলের মধ্যে বিস্তর বিবাদ। বাবুর স্ত্রী এই বিবাদে কার পক্ষ নেন বোঝা যায় না। তবে বাবুর বড় মেয়ে তার ভাইয়ের পক্ষ নিয়ে এক বিকেল বেলা পাখি কিনতে যায় কাঁটাবনে। সেখানে বিকাল বেলার পাখি’ পাওয়া যাবে কি যাবে না এই নিয়েই আবর্তিত হয়েছে নাটকের গল্প। নাটকে দারুণ অভিনয় করেছেন সবাই। তবে প্রথম ১০ মিনিট আরও অন্য রকম হলে একটা ভিন্নতা আসত। আর শেষ ১০ মিনিটে যদি একটু আলাদা কিছু করা যেত, তাহলে সেটা আর একই রকম থাকত না।

মি. জনি
মি. জনি চাকরিজীবী মানুষ। তিনি বাসাবাড়ির মালামাল-আসবাব এক বাসা থেকে অন্য বাসায় পৌঁছে দেওয়ার অ্যাপভিত্তিক প্রতিষ্ঠান ‘উঠাও’তে চাকরি করেন। সঙ্গে নিজেও ভ্যান চালান। তাঁর ভ্যানে সব সময় থাকে একটা কুকুর। কুকুরের নাম ভুলু হলেও মি. জনি মাঝেমধ্যে তাকে ‘টাইগার’ বলে ডাকেন। যেদিন ‘টাইগার’ বলে ডাকা হয়, সেদিন ভুলু নিজেকে সালমান খান মনে করে ক্যাট অর্থাৎ বিড়ালের দিকে তেড়ে যায়। মি. জনি আর ভুলুর মধ্যে অসম্ভব খাতির। কিন্তু ‘উঠাও’-এর টাকাপয়সার হিসাব নিয়ে তাদের মধ্যে লেগে যায় গন্ডগোল! মি. জনি তখন ভুলুকে গালাগালি করলে ভুলু ঘেউ ঘেউ করতে করতে জানায়, সে আর এখানে থাকবে না, সে বলিউডে চলে যাবে! বলিউডে তার দাম মেলা! এখন ভুলু মি. জনিকে ছেড়ে বলিউডে যেতে পারে কি পারে না, এ নিয়েই মি. জনির গল্প এগিয়ে যায়। নাটকটিতে ভুলু চরিত্রটার এক্সপ্রেশনে গন্ডগোল আছে। যত চেষ্টাই করুক, সে মানুষের মতো এক্সপ্রেশন দিতে পারে না। এ নিয়ে তার সাক্ষাৎকার নিতে গেলে নাকি কয়েকজনকে সে তাড়াও করে। নাটকটির মধ্যে কিছু অংশ যদি আগের অংশের সঙ্গে এবং আগের কিছু অংশ শেষাংশের সঙ্গে অদল-বদল করা যেত, তাহলে আরও উপভোগ্য হতো বলে বোধ করি।

চিকন পিনের চার্জার
এই নাটকের গল্প যুক্তরাষ্ট্রের নির্বাচনকালীন ঘটনাপ্রবাহ থেকে অনুপ্রাণিত হয়ে লেখা। ডোনাল্ড ট্রাম্পের কাছে চিকন পিনের চার্জার চেয়ে না পেয়ে এক ব্যক্তি চিকন পিনের চার্জার খুঁজতে বেরিয়ে পড়ে। একটা দীর্ঘ ভ্রমণের ভেতর দিয়ে যেতে যেতে ব্যক্তিটি বুঝতে পারে, চিকন পিনের চার্জার আর আমাদের দেশে পাওয়া যাবে না। ফলে সে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করার কথা ভাবে। বিপজ্জনক এক সিদ্ধান্ত বটে! সে ঠিক করে, সমুদ্রপথে যুক্তরাষ্ট্রে চলে যাবে। এই সিদ্ধান্তের পর থেকে তাকে সমুদ্রের আশপাশেই দেখা যায়। সম্ভবত কাঙ্ক্ষিত নৌকাটি না পাওয়ায় সে দরিয়ায় ভাসতে পারে না। কিন্তু সে হালও ছাড়ে না। সে কি দরিয়ায় ভাসার জন্য একটা নৌকা পাবে? নৌকা পেলেও কি সে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র তথা হোয়াইট হাউসে পৌঁছাতে পারবে? আর হোয়াইট হাউসে পৌঁছে কি সে চিকন পিনের চার্জার পাবে? এ রকম অসংখ্য প্রশ্নের ঠাসবুনটে ভরা টানটান উত্তেজনাপূর্ণ নাটক চিকন পিনের চার্জার। নাটকটির প্রথম দৃশ্যেই ডোনাল্ড ট্রাম্পকে দেখাতে পারলে অসম্ভব জমত! পরিচালকের কাছে এইটুকুই শুধু অনুযোগ।

দ্বন্দ্ব সমাস
প্রথমেই জানিয়ে রাখি, এই নাটকের নাম ‘ছ’ ও ‘স’ জনিত উচ্চারণের ত্রুটিতে ত্রুটিপূর্ণ। নাটকটির নাম আসলে হওয়া উচিত ছিল ‘দ্বন্দ্ব ছমাস’। যা হোক ‘স’ আর ‘ছ’-এর এমন মিশ্রণ বাংলায় অনেক দেখা যায়। এই নাটকটার গল্প আবর্তিত হয় দুই গ্রামকে ঘিরে। পাশাপাশি দুই গ্রামে অনেক দিনের শত্রুতা। তাদের এই শত্রুতা আরও বাড়ে রওনক হাসানকে ঘিরে। কারণ, রওনক দুই গ্রামেই বাস করেন। অথচ দুই গ্রামই রওনককে জামাই হিসেবে পেতে চায়। রওনক জানান, দুই গ্রামেরই জামাই তিনি হবেন, যদি তারা ছমাসের মধ্যে তাদের দ্বন্দ্ব মিটিয়ে ফেলে। তাহলে কি গ্রামবাসী তাদের দ্বন্দ্ব ছমাসে মিটিয়ে ফেলতে পারে? রওনক কি দুই গ্রামেরই জামাই হতে পারেন? এ রকম কিছু প্রশ্নের উত্তর দর্শকদের শেষে গিয়ে মিলতে পারে, আবার না-ও মিলতে পারে।