ঈদে আসছে লম্বা কামিজ
নব্বইয়ের দশকের ফ্যাশন ম্যাগাজিনের পাতা ওল্টালেই চোখে পড়ে লম্বা কামিজের চল। লম্বা, ঢিলেঢালা, বড় হাতার কামিজগুলোই সে সময়ে ছিল ফ্যাশনেবল। গলায় অনেকে লাগাতেন বাহারি সব বোতাম। পাতলা ওড়নাটা পরা হতো এক পাশে। গত কয়েক বছরে খাটো কামিজের আধিপত্যে এমন ফ্যাশন হারিয়েই গিয়েছিল। তরুণীদের মধ্যে এর চল একদমই দেখা যায়নি। এবার ঈদে দেখা যাবে ভিন্ন চিত্র। লম্বা কামিজের ফ্যাশনটাই ফিরে এল আবার।খাটো কামিজ যে একদমই পরা হবে না, তা নয়। তবে ঈদের বাজারের একটা অংশজুড়ে থাকবে লম্বা কামিজ। গত বছর প্রচলিত ধরনের কামিজের পাশাপাশি দেখা গেছে আনারকলির ফ্যাশন। এবার লম্বা কামিজটাও দেখা যাবে সেভাবেই। যাঁরা চান হালফ্যাশনের সঙ্গে তাল মিলিয়ে চলতে, তাঁরা এবার পরবেন লম্বা কামিজ। আর সব বয়সের মানুষই নিজেকে সাজিয়ে তুলতে পারেন এ ধরনের কামিজে।ফ্যাশন হাউস অ্যান্ডেজ তাদের ঈদের সংগ্রহ সাজিয়েছে লম্বা কামিজ দিয়ে। ডিজাইনার আনিলা হক বলেন, ‘লম্বা কামিজের চলটা বেশ পুরোনো। নব্বইয়ের দশকের অনেক আগে থেকেই এ ধরনের কামিজ প্রচলিত ছিল। পুরোনো ধারার ফ্যাশনে আমার বেশ আকর্ষণ আছে।’আনিলা আরও জানান, কলিদার আর স্ট্রেটলাইন—দুই ধরনের কাটই দেখা যাবে এ ধরনের কামিজে। ওড়নাটার দৈর্ঘ্য হবে কামিজের সঙ্গে মানানসই। পরা হবে চুড়িদার পায়জামা দিয়ে। তবে একটা বিষয়ে খেয়াল রাখা জরুরি—কামিজের দুই পাশে যেন বেশি কাটা না হয়। সেটা দেখতে মোটেও ভালো লাগে না। এ ব্যাপারে কামিজ কেনা বা বানানোর সময় লক্ষ রাখতে হবে।অ্যান্ডেজের পোশাকে সুতির কাপড় ব্যবহার করা হয়েছে। আছে লাল, কালো, সাদা রঙের প্রাধান্য। পোশাকে রঙের বৈপরীত্যও চোখে পড়ে। কিছু কামিজের সঙ্গে আছে মানানসই জামদানি ওড়না।এ বছর ওটু, ড্রেসিডেল, মায়াসীর, আড়ং—এমন ফ্যাশন হাউসগুলোতেও থাকছে লম্বা কামিজ। আড়ংয়ের কামিজগুলোতে দেখা গেছে ভারী সুতার কাজ। ওটুর কামিজও বেশ জমকালো হবে বলে জানান তাদের প্রধান পরিচালন কর্মকর্তা আসিফ ইবনে মান্নান। তিনি বলেন, ‘বাংলাদেশে লম্বা কামিজের চল এ বছর দেখা গেলেও আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে কিন্তু অনেক আগে থেকেই আছে। ওটুর কামিজগুলোতে আছে উ ৎসবধর্মী ভাব। সব সময় পরার জন্য নয়, বরং বিশেষ উপলক্ষে পরার মতো জমকালো নকশা করা হয়েছে এসব কামিজে। আর এর সঙ্গে থাকছে চুড়িদার সালোয়ার।’এ পোশাকের সঙ্গে মানানসই সাজ কেমন হবে, তা জানালেন আনিলা হক। ফ্ল্যাট কোলাপুরি চটি বেশ মানিয়ে যাবে পায়ে। রুপার ঝুমকা আর সরু চুড়ি পরতে পারেন গয়না হিসেবে। তবে হাত, কান ও গলায় একসঙ্গে গয়না না পরে যেকোনো একটি গয়নার ওপর জোর দিন। অর্থা ৎ, স্টেটমেন্ট জুয়েলারি ব্যবহার করুন। গয়নাগুলোও একটু পুরোনো ফ্যাশনের হতে পারে।ষাটের দশকের স্টাইলে মেকআপ করতে পারেন। চোখে গাঢ় আইলাইনার অথবা আই শ্যাডো। বেজ মেকআপটা হালকাই হওয়া চাই।রিবন্ড করানো চুলের চল এখন তেমন নেই। আর রিবন্ড করিয়ে চুলের ক্ষতি করার পক্ষে নন আনিলা, বরং তিনি জোর দেন চুলের স্বাভাবিক সৌন্দর্য ফুটিয়ে তোলার দিকে।