
সারা বছর ডায়েট নিয়ে চিন্তায় থাকেন, এমন ব্যক্তিও ঈদ এলে ভোজনরসিক হয়ে যান। ঈদের দিনে বেড়াতেও যাওয়া হয়। সবার অনুরোধে খাওয়াটাও যেন হয়ে যায় একটু বেশি। তবে বিশেষজ্ঞরা জানালেন, খাদ্যাভ্যাসের এমন পরিবর্তন সব সময় শরীরের জন্য ভালো না-ও হতে পরে।
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক মো. মুজিবুর রহমান বলেন, ‘এক মাস রোজা রাখার পর ঈদের সময় হঠাৎ অতিরিক্ত খাওয়াদাওয়া করা ঠিক নয়। এতে কারও কারও পেটের সমস্যা হতে পারে। তাই ঈদের আনন্দে খাওয়াদাওয়া করার সময় খেয়াল রাখতে হবে, বেশি খেয়ে ফেললেন কি না।’
সুস্থ থাকুন সবাই
ঈদের সময় অতিরিক্ত খাবার যেমন খাওয়া যাবে না, তেমনি খেয়াল রাখতে হবে, যেন অতিরিক্ত মসলাদার ও অধিক তেল-চর্বিসমৃদ্ধ খাবার খাওয়া না হয়। মিষ্টি খাবারও কম খেতে হবে।
অল্প তেল ও হালকা মসলায় রান্না করা খাবার পরিমিত পরিমাণে খেতে হবে।
বেশি খেলে কারও কারও পাকস্থলী ও অন্ত্রের সমস্যা হতে পারে। তাই আত্মীয়স্বজন, বন্ধু-প্রতিবেশীর বাড়িতে গিয়ে খাবার সময় থাকুন সংযমী। কারও বাসায় গিয়ে হয়তো খানিকটা মিষ্টি খাবার খেলেন, আবার কারও বাসায় গিয়ে হালকা ঝাল কোনো খাবার খেতে পারেন।

বিশেষ কিছু রোগের ক্ষেত্রে
সাধারণত ডায়াবেটিসের রোগীরা রোজা রাখলে তাঁদের রক্তের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণের মধ্যে চলে আসে। ঈদের সময় হঠাৎ করে প্রচুর পরিমাণ খাবার খেয়ে ফেললে তাঁদের রক্তের শর্করার পরিমাণ হঠাৎ করে পরিবর্তিত হয়ে যেতে পারে। আর এসব রোগীর খুব বেশি মিষ্টি খাওয়াও বারণ।
উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগীদের সব সময়ই চর্বিজাতীয় খাবার পরিহার করা উচিত। আর এসব রোগীর খাবারে অতিরিক্ত লবণও পরিহার করতে হবে। সারা বছরের মতো ঈদের সময়টাতেও এসব নিয়ম মেনে চলা উচিত।
এ বিষয়ে আরও পরামর্শ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মো. রুহুল আমিন। তিনি বলেন, ঈদের সময় আমিষসমৃদ্ধ খাবার খাওয়া যেতে পারে। তবে অতিরিক্ত ভাজাপোড়া খাবার শরীরের জন্য ভালো নয় কখনোই। পরিমিত পরিমাণ মসলা আমাদের শরীরের জন্য ভালো হলেও রান্নায় অতিরিক্ত মসলা ব্যবহার করা ঠিক নয়। যাঁদের পেটে আলসার বা ক্ষত রয়েছে অথবা যাঁরা পেটের অন্য কোনো সমস্যায় ভুগছেন, তাঁদের ঝাল খাবার এড়িয়ে চলা উচিত।
গ্রন্থনা: রাফিয়া আলম