ঈদে কাবলি অথবা পাঞ্জাবি পরব: নাসির হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌথ পরিবারে থাকেন তিনি। পরিবারের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন। এ কারণে ঈদ সাধারণত রংপুরে পরিবারের সঙ্গেই পালন করতে চান। এবারের ঈদও সেখানে করবেন। নিজে খিচুড়ি ও মাংস বেশ ভালোই রান্না করতে পারেন। তবে ঈদের দিন মায়ের হাতের রান্নাই পছন্দ। বলছিলাম বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় নাসির হোসেনের কথা।ঈদে সারা দিন এক পোশাক পরেই কাটিয়ে দেন। আর সেটা হলো কাবলি বা পাঞ্জাবি। কাবলিটাই বেশি পরা হয় বলে জানান নাসির হোসেন। পায়ে থাকবে দুই ফিতাওয়ালা চামড়ার স্যান্ডেল। এবারের ঈদেও বরাবরের মতো সাদা অথবা কালো রংটিই বেছে নেবেন পোশাকে। সাধারণত দেশের বাইরে যখন যান, তখনই কেনাকাটা সেরে ফেলার চেষ্টা করেন। নিজের কোঁকড়া চুলগুলো নিয়ে খুব একটা খুশি নন তিনি। জেল বা পানি দিয়ে সামনে কিছুটা এলোমেলোভাবে রাখবেন। বাইরে গেলে চোখে থাকবে রে ব্যানের রোদচশমা আর হাতে ঘড়ি। বিকেল পর্যন্ত বাড়িতেই সময় কাটাবেন পরিবারের সঙ্গে। এর পরের সময়টা বন্ধুদের জন্য।