ঈদে কড়কড়ে নতুন টাকার ব্যবসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাঁধে কাপড় বা চামড়ার শক্ত থলে। হাতে দুই, পাঁচ, ১০, ২০, ১০০ টাকার নতুন বান্ডিল। একদামে বিক্রি করছেন নতুন টাকার বান্ডিলগুলো। হাতের বান্ডিল শেষ হলে হাত দিচ্ছেন থলেতে। জাদুর মতো দুহাত ভরে তুলে আনেন আরও নতুন বান্ডিল। সেখানে কম পড়লে মুঠোফোনে মিসকল দেন বিশেষ নম্বরে। অমনি লোক এসে দিয়ে যান আরও নতুন টাকার বান্ডিল। এভাবে ঈদে নতুন টাকার চাহিদাকে পুঁজি করে ব্যবসা করেন ওঁরা। নগরের লালদীঘি পাড়ের জেলা পরিষদ মার্কেটের নিচতলা, আদালত ভবনের প্রবেশপথ, কোতোয়ালির মোড়ের সিডিএ ভবনের সামনের ফুটপাত, বিপণিবিতানের নিচতলায় তাঁদের দেখা মিলছে।একজন নতুন টাকার ব্যবসায়ী নাম প্রকাশ না করে বলেন, ‘সারা বছর তো ছেঁড়া-ফাটা টাকার কারবার করি। ঈদ মৌসুমে কিছু আয় হয় নতুন টাকা বিক্রি করে। ঈদ চলে গেলে নতুন টাকার কদর থাকে না। তখন শুধু চায়ের দোকানিরা দুই-পাঁচ টাকার নোট কেনেন।’ সরেজমিন দেখা গেছে, নতুন টাকার বান্ডিল বিক্রি হচ্ছে বেশ। বিশেষ করে ঈদের কেনাকাটা করতে আসা লোকজন দুই, পাঁচ ও ১০ টাকার বান্ডিল কিনছেন। শিশু-কিশোরদের ঈদের বকশিশ (সেলামি), ফিতরা ও জাকাত দিতেই নতুন নোট সংগ্রহ করছেন মানুষ। তবে এক ও পাঁচ টাকার ধাতবমুদ্রা সংগ্রহ করছেন খুচরা দোকানিরা। বিপণিবিতানের নিচতলায় নতুন টাকার বান্ডিল কিনতে আসা নিজাম উদ্দিন জানান, ‘‘মা বলেছেন ফিতরার টাকার জন্য দুটি দুই টাকার বান্ডিল নিয়ে যেতে। আমার বেতন জমা হয় যে ব্যাংকে সেখানের ক্যাশে নতুন টাকা চেয়ে পেলাম না। তাঁরা বললেন, ‘১০০ টাকার বান্ডিল নিয়ে যান!’ শুনে নিজেকে খুবই অপরাধী মনে হয়েছিল। অবশেষে মায়ের খুশির জন্য এখানে আসা।’’জেলা পরিষদ মার্কেটের সামনে কথা হলো নতুন টাকার ব্যবসায়ী মোহাম্মদ আমিনের সঙ্গে। তিনি বলেন, ‘এবার দুই টাকার বান্ডিল ২২০ টাকা, পাঁচ টাকার বান্ডিল ৫৪০ টাকা, ১০ টাকার বান্ডিল এক হাজার ৬০ টাকা ও ২০ টাকার বান্ডিল দুই হাজার ১২০ টাকায় বিক্রি করছি।’কীভাবে নতুন টাকা সংগ্রহ করেন জানতে চাইলে আদালত ভবনের প্রবেশপথের এক ব্যবসায়ী জানান, ‘আমাদের লোক সকাল থেকে লাইনে দাঁড়ান বাংলাদেশ ব্যাংকে। এভাবে আর কটা বান্ডিল সংগ্রহ করা যায়! বাধ্য হয়ে প্রয়োজনের অতিরিক্ত যাঁরা সংগ্রহ করেন তাঁদের কাছ থেকে কিনে নিই। গত বুধবার ব্যাংক বন্ধ থাকায় বেশি দামে নতুন টাকা কিনতে হয়েছে। ঈদ যত কাছে আসছে নতুন টাকার চাহিদা বাড়ছে, সেই সঙ্গে দামও।’কোতোয়ালির মোড়ে নতুন টাকা কিনতে আসা মোয়াজ্জেম হোসেন বলেন, ‘ভাই ব্যাংকে গেলে নতুন নোট পাই না। আমাদের চৌদ্দগোষ্ঠীতে কোনো ব্যাংকার নেই যে নতুন টাকার আবদার নিয়ে যাব। কিন্তু এঁদের কাছে যত চাইবেন তত বান্ডিল পাবেন। এসব দেখার কেউ নেই।’সূত্র জানায়, নতুন টাকার ব্যবসায়ীরা বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে পাইকারি দামে সংগ্রহ করেন বান্ডিলগুলো। বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের নিয়মিত গ্রাহকেরাও ঈদের আগে টাকা তোলার সময় ১০০-৫০০ টাকার বান্ডিল ছাড়া ছোট নোটের বান্ডিল চেয়েও পান না।