ঈদে খাবার টেবিল সাজানো
শুধু সুন্দর ও রুচিসম্মত বাসনকোশন নয়, ঈদে অনেকে আরও কিছু অনুষঙ্গ কেনেন। থাকতে পারে মাটির বাসন, বাঁশের ট্রে, কাঠের বাসন। টেবিল সাজানোর নানা অনুষঙ্গ পেতে পারেন বুটিক হাউসগুলোয়। আড়ংয়ের বিক্রয় প্রতিনিধি এন্ড্রু পিনেরু জানালেন, বছরের অন্যান্য সময়ের তুলনায় এ সময় মানুষ একটু নতুন ডিজাইনের টেবিলম্যাট, রানার, টেবিলক্লথ বেশি কেনেন। আপনি ব্লক প্রিন্ট, স্কিন প্রিন্ট, হাতের কাজ ও এমব্রয়ডারি করা টেবিলম্যাট ও রানার পাবেন। রং হিসেবে গোলাপি, নীল ও সবুজ রঙের প্রাধান্যটা বেশি। বিভিন্ন ধরনের ট্রে পাবেন। যেমন—কাঠ, বাঁশ, বেত ও পাটির বুননের। টেবিলম্যাট পাবেন পাটির বুননে, তাল, পাট, বাঁশ ও কাঠের। আড়ংয়ে আপনি সুতি, অ্যান্ডি, সিল্ক ও মসলিনের ওপর কাজ করা টেবিলক্লথ পাবেন। আছে কাঠের চামচ, কাঠের বাটিসেট, কাঠের ফলের বাটি, সিরামিকের মগ ও জগ। বাঁশের ঝুড়ি, কাঠ ও বেতের বোতল রাখার ট্রে। অতিথিদের একটু চমকে দিতে ঈদের ভারী খাবারের পর টেবিলে দিতে পারেন নকশা করা পিতলের পানদানি। টেবিলে থাকতে পারে পিতলের ক্যাটলারি সেট, পিতল ও কাঠের চামচ, পিতলের ফুলদানিতে তাজা ফুল, আর পিতলের মোমদানিতে নকশা করা মোম লোডশেডিংয়ের সময় বন্ধুর মতো সাহায্য করবে। খাবার পরিবেশনে একটু দেশি আমেজ আনতে অনেকেই কিনছেন মাটির তৈরি বাসন, কাঠের চামচ, মাটির কেতলি, কাপসেট, পিতলের পানদানি। যাত্রায় নানা ধরনের টেবিল রানার পাবেন। চটের ওপর অ্যাপ্লিক করা পুঁতি, কড়ি দিয়ে কাজ করা ও প্যাঁচওয়াক করা। আছে বৈচিত্র্যপূর্ণ টেবিলম্যাট—ঝিনুকের কাজ করা, আছে রিসাইকেলপণ্য। গ্লাসের ঢাকনা, প্লেসম্যাট, কাঠের দুই ডিজানের মগের চাহিদাও বেশ। আছে ছয়টি ডিজাইনের কাঠের ট্রে।প্রবর্তনায়ও পাবেন বাঁশের তৈরি নানা তৈজসপত্র। আছে শীতলপাটির টেবিলম্যাট ও কাঠের চামচ। কেউ চাইলে শীতলপাটিও পাবেন এখানে। পছন্দের জিনিসের জন্য আপনি ঘুরে দেখতে পারেন মিরপুর রোডের আইডিয়াল ক্রাফটস ও আজিজ সুপার মার্কেটের ভার্টিকেল দোকানটি।