ঈদে গ্রামে যাচ্ছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাজু খাদেম
সাজু খাদেম

অভিনয়শিল্পী সাজু খাদেমের ঈদ একেক বছর কাটে একেকভাবে। গত বছর যেমন ঢাকায় ঈদ করেছেন, এবার ঈদ করবেন গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। স্ত্রী আর সন্তানকে নিয়ে ঈদের আগের দিনই সেখানে চলে যাবেন। সাজু খাদেম বলেন, ‘গ্রামের বাড়িতে ঈদ করার মজাই আলাদা। তা ছাড়া আমার সন্তানের বয়স তিন বছর হলো। এবার তাই অনেক বিষয়েই সে কৌতূহল দেখাবে। হয়তো বলবে, “বাবা, মানুষ কোলাকুলি কেন করে!” এসব প্রশ্নের উত্তর তো আমাকেই দিতে হবে। এ ছাড়া ঈদের দিন বোনদের শ্বশুরবাড়িতে বেড়াতে যাই। তারাও আবার আমাদের বাসায় আসে। এভাবে পরিবার আর কাছের আত্মীয়দের সঙ্গেই ঈদের দিনটা কেটে যাবে।’
সাজু খাদেমের ঈদের সকালটা শুরু হবে মায়ের হাতের চালের রুটি আর সেমাই খেয়ে। এরপর নামাজ পড়তে যাবেন পাঞ্জাবি আর পাজামা পরে। পায়ে থাকবে স্যান্ডেল। বাসায় ফিরেই পোশাক বদলে ফেলবেন। কারণ, ঈদের দিন ক্যাজুয়াল থাকতেই ভালোবাসেন সাজু। এই সময় পরবেন শার্ট আর রঙিন কোনো প্যান্ট। এক হাতে ঘড়ি আর অন্য হাতে একটা ব্রেসলেট থাকবে। চুলটা থাকবে চেনা স্টাইলেই। আর চোখে একটা চশমা থাকবেই। তিনি বলেন, ‘আমার দুইটা জিনিস খুবই পছন্দ। সেটা হলো রোদচশমা আর টুপি। নানা ধরনের টুপি ও রোদচশমার সংগ্রহ থেকে ঈদের দিন বেছে নেব পোশাকের সঙ্গে মিলিয়ে।’
অন্যদের জন্য কিনলেও ঈদের আগে নিজের জন্য নতুন পোশাক কেনা হয় না তাঁর। কারণ, প্রতি মাসেই অভিনয়ের জন্য নতুন নতুন পোশাক কেনা হয়। সেখান থেকে একটা শার্ট বেছে নিয়ে পরবেন ঈদের দিন।