ঈদে চাই নতুন জুতা
ঈদে পোশাক কেনা হয়েছে, কিন্তু এখনো কেনা হয়নি স্যান্ডেল। আর তাই মনের মতো স্যান্ডেল কিনতে জুতা-স্যান্ডেলের বাজার চষে ফিরছেন অনেকেই। পছন্দসই একজোড়া জুতা-স্যান্ডেল না হলে যেন ঈদের আনন্দটাই মাটি। মায়াসিরের ফ্যাশন ডিজাইনার মাহিন খান বলেন, সবকিছু কেনার পর যদি মানানসই একজোড়া জুতা বা স্যান্ডেল না হয়, তাহলে কি ফ্যাশন পূর্ণতা পায়? তাই তো ফ্যাশন-সচেতন মেয়েদের আরেকটি মনোযোগের জায়গা হলো জুতা-স্যান্ডেল।জুতা-স্যান্ডেলের বাজারে এবার সব ধরনের ফ্যাশনই চলছে। তবে গৎবাঁধা কালো বা চকলেট রংয়ের স্যান্ডেলের পরিবর্তে বর্তমানে অ্যান্টিক সোনালি, রুপালি বা মেরুন রং, কখনো সাদা রংয়ের স্যান্ডেল পরছেন অনেকে। এই ধরনের বাহারি রংয়ের স্যান্ডেলের সঙ্গে থাকে পাথর ও পুঁতির কাজ। এ ছাড়া সুতার কাজ করা স্যান্ডেলও পাওয়া যায় বাজারে। মাহিন খানের মতে, মেয়েরা শাড়ি, সেলোয়ার-কামিজ, জিনস বা স্কার্টের সঙ্গে চটি স্যান্ডেল পরতে পারেন। কেননা ফ্ল্যাট বা চটি স্যান্ডেল তো কখনোই পুরোনো হয় না। ফ্ল্যাট স্যান্ডেলের মধ্যে জরি, চুমকি, কুন্দনের কাজ করা স্যান্ডেলের চাহিদা অনেক। তবে যারা অপেক্ষাকৃত কম উচ্চতার, তাদের জন্য রয়েছে বিভিন্ন ডিজাইনের পেনসিল হিল। মেয়েদের ফ্যাশন আর পছন্দের দিকে লক্ষ রেখে ফ্যাশন হাউস মায়াসির পোশাকের সঙ্গে স্যান্ডেলের ডিজাইন করেছে এবার। এসব ফ্যাশনের জুতা বা স্যান্ডেলের দাম পড়বে ৭৫০ থেকে দুই হাজার ২৫০ টাকা।ফ্যাশন হাউস আড়ং বরাবরের মতো এবারও বেশ কিছু নিজস্ব ডিজাইন দিয়ে স্যান্ডেলের ডিজাইন করেছে। রয়েছে বড় পাথরের ব্যবহারে ফুলের ডিজাইন করা স্যান্ডেল, যার পেছনের অংশ চেইন টানা। তবে খুব উচ্চতাবিশিষ্ট নয় স্যান্ডেলগুলো। কালো আর রুপালির মিশেলে জমকালো ভাব ফুটিয়ে তুলতে এ ধরনের স্যান্ডেলের জুড়ি মেলা ভার। ফিতায় ফিতায় বোনা হলুদ, সবুজ আর লাল বেণি করা স্যান্ডেলও পাওয়া যাবে আড়ংয়ে। পুরোদস্তুর চামড়ার তৈরি এই স্যান্ডেলের দাম পড়বে ৫৫০ থেকে ৮০০ টাকা। ফ্যাশন হাউস যাত্রা কাপড়ের ওপর কাঠ, পুঁতি আর চামড়ার ব্যবহারে এক নান্দনিক ডিজাইনের স্যান্ডেল বাজারে এনেছে। এ ছাড়া মেয়েদের স্যান্ডেলের বর্তমান ফ্যাশনের দিকে লক্ষ রেখে যাত্রা তৈরি করেছে রকমারি কাপড়ের জুতা। ছোট ছোট ডলার আর ছোট কাঁথার ফোঁড়ে যেন এক শৈল্পিক ছোঁয়া। যাত্রার বেশির ভাগ স্যান্ডেলই দুই ফিতার। ফ্ল্যাটের মধ্যে এসব জুতা ও স্যান্ডেলের দাম পড়বে ২৮৫ থেকে ৬৮৫ টাকার মধ্যে। কোলাপুরি স্যান্ডেল তো কখনোই পুরোনো হয় না। পুরোপুরি চামড়ার তৈরি ব্রোকেডের কাপড়, ফিতা আর পুঁথির ডিজাইনে কোলাপুরি স্যান্ডেল বাজারে এনেছে ‘কাভা কাভা’। বসুন্ধরা সিটির ‘দেশী দশে’ পোশাকের সঙ্গে মিলিয়ে স্যান্ডেল কেনার সুযোগ মিলবে। ‘বিবিয়ানা গতবারের মতো এবারও পুঁথি আর চুমকির ব্যবহারে তৈরি করেছে ফ্ল্যাট স্যান্ডেলগুলো। দাম পড়বে ৬৫০ থেকে ৯০০ টাকার মধ্যে। এবারের ঈদে ‘দেশাল’-এর স্যান্ডেলের আয়োজনটাও বেশ বাহারি। রংবেরঙের চামড়ার ব্যবহারে বেণি করা বা চামড়ার ফুল তৈরি করে ডিজাইন করা হয়েছে স্যান্ডেলগুলো। একটু জমকালো ভাব ফুটিয়ে তুলতে করা হয়েছে কারচুপির কাজ। কোনোটায় আবার ছোট ঘুঙুরের কাজ লক্ষ করা যায়। এগুলোর দাম পড়বে ১১৯০ থেকে ১২৯০ টাকা। ব্র্যান্ডের জুতা ‘বাটা’ তার গৎবাঁধা ফ্যাশনের বাইরে এসে ফ্ল্যাটের মাঝে ডিজাইন করেছে বাহারি স্যান্ডেল। পেনসিল হিলের কিছু স্যান্ডেলও ডিজাইন করা হয়েছে জমকালো আদলে। তবে দাম একটু বেশি, ১২০০ থেকে ২৫০০ টাকার মধ্যে। ‘জুতার রাজ্যে পৃথিবী গদ্যময়’ স্লোগান নিয়ে গ্যালারি অ্যাপেক্স আয়োজন করেছে হরেক রকমের জুতা। পেনসিল হিল বা ফ্ল্যাট স্যান্ডেল—কোনোটাই বাদ যায়নি। পেনসিল হিলের তুলনায় ফ্ল্যাট সান্ডেল অপেক্ষাকৃত জমকালো। এগুলোর দাম পড়বে ৮০০ থেকে ২৮০০ টাকা। শুধু প্রসাধনসামগ্রীর জন্যই নয়, স্যান্ডেলের জন্যও আলমাস এখন তরুণীদের পছন্দের জায়গা। পাথর সেটিং, ফিতার কাজ করা, উঁচু বা ফ্ল্যাট—সব ধরনের স্যান্ডেল পাবেন আলমাসে। দাম পড়বে ২২০ থেকে ২০০০ টাকা। সোবহানবাগের খাজানাতে পাবেন ফ্যাশনেবল ফ্ল্যাট বা উঁচু হিলের বিদেশি স্যান্ডেল। এলিফ্যান্ট রোডের রাখি শুতে পাবেন কারুকার্যখচিত নাগরা। দাম পড়বে ৭৫০ থেকে ৯০০ টাকা। দুই ফিতার পাথরের স্যান্ডেলগুলোও এখানে পাবেন। দাম পড়বে ৫৫০ টাকা। নিউমার্কেট ও চাঁদনী চকের দোতলায় রয়েচে স্যান্ডেলের বিপুল সমাহার। সব ধরনের স্যান্ডেলই এখানে পাবেন। তবে দামাদামি করে কিনতে পারলে এগুলো ২০০ থেকে ১০০০ টাকার মধ্যেই পাবেন। এ ছাড়া রাজধানীর বসুন্ধরা সিটি, রাপা প্লাজা, মেট্রো শপিং মল, সানরাইজ প্লাজা, ইস্টার্ন প্লাজাসহ সব মার্কেটেই পছন্দসই স্যান্ডেল কিনতে পারবেন।