ঈদে চাই নতুন জুতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন জুতাকে ঘিরে ঈদের উৎসবে কতই না মজা হয়। বিশেষ করে জুতা লুকিয়ে রাখার। ছোটদের যেন এতেই ঈদের আনন্দ। এরই মধ্যে নতুন পোশাক কেনা হয়েছে অনেকেরই। তাদের এখন মাথায় ঘুরছে নতুন জুতা, স্যান্ডেলের ভাবনা। তাই তো এবারের ঈদে শিশুদের জন্য নানা ধরনের জুতা, স্যান্ডেলের পসরা সাজিয়েছে বিক্রেতারা। শিশুরাও আগ্রহী হয়ে কিনছে। জুতার দোকানগুলোর পাশাপাশি ফ্যাশন হাউসগুলোও এনেছে শিশুদের জুতা। দেশীয় প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা হয়েছে ফ্যাশন হাউস যাত্রার স্যান্ডেল। কোনোটিতে বেত, আবার কোনোটিতে রঙ-বেরঙের কাপড় দিয়ে কুঁচি, পুঁতি ও কড়ির ব্যবহার রয়েছে। রঙের ক্ষেত্রে উজ্জ্বল রঙকে প্রাধান্য দেওয়া হয়েছে। বিশেষ করে লাল, গাঢ় নীল, ম্যাজেন্টা, হলুদ ও সবুজ রঙের বাহার চোখে পড়ে। মেয়ে শিশুদের স্ট্রাইপ স্যান্ডেল অর্থাৎ ফিতা দেওয়া স্যান্ডেল বেশি চলছে। দুই ফিতার স্যান্ডেলও শিশুরা পছন্দ করছে। ওরা দৌড়াদৌড়ি করে। সে জন্য কোনোটাতে পেছনে বেল্ট দেওয়া হয়েছে। এ ছাড়া ছেলেদের চামড়ার স্যান্ডেল পাবেন। সাধারণত এক থেকে ১৪ বছর বয়সীদের স্যান্ডেল পাবেন এখানে, জানালেন ঢাকার ধানমন্ডির যাত্রার ইনচার্জ শিমুল। যেকোনো পোশাকের সঙ্গে এগুলো সহজে মানিয়ে যাবে। যাত্রার এসব স্যান্ডেলের দাম পড়বে ২৪৫ থেকে ৪৫০ টাকা।শুধু আনন্দকে উপভোগ করলেই হবে না। বাচ্চার জুতা স্বাস্থ্যসম্মত ও আরামদায়ক হলো কি না সেটাও খেয়াল রাখতে হবে, বলেন শৈশবের প্রধান নির্বাহী কর্মকর্তা ফারহানা ফারুখ। ‘ডেনিম কাপড়ের ওপরে তৈরি করেছি এসব জুতা, স্যান্ডেল। বিশেষ করে ছেলে-শিশুদের জন্য করা হয়েছে কোলাপুরী স্যান্ডেল। পাঞ্জাবির সঙ্গে কোলাপুরি স্যান্ডেলটা মানানসই। এ ছাড়া মেয়ে শিশুদের পাম্প সু তৈরি করেছি। নানা রকমের চুমকি আর নূপুরের ঝুনঝুনি ব্যবহার করেছি। যা শিশুদের উচ্ছ্বলতার সঙ্গে মিশে ভিন্ন আমেজ তৈরি করে। চলতি ফ্যাশনে এর বেশ চাহিদা রয়েছে। স্কার্ট, জিন্সের প্যান্ট, টপস-ক্যাপ্রি ও সালোয়ার-কামিজের সঙ্গে পরা যাবে এসব জুতা ও স্যান্ডেল’, জানান ফারহানা ফারুখ। শৈশবে নবজাতক থেকে তিন মাস বয়সের শিশুর জন্য জুতা পাওয়া যাবে। সুতি কাপড়ে হালকা রঙকে প্রাধান্য দেওয়া হয়েছে এসব জুতায়। এসব জুতার দাম পড়বে ২৯০ থেকে ৩৯০ টাকা। নবজাতকের জুতার দাম পড়বে ১৫০ টাকার মধ্যে। এ সময়ের আবহাওয়া উপযোগী জুতা তৈরি করেছে বসুন্ধরা সিটির ইনফিনিটি। সব বয়সের শিশুদের উপযোগী জুতা, স্যান্ডেল পাবেন এখানে। হাল ফ্যাশনের ছোঁয়া রয়েছে তাতে। ইনফিনিটির শো-রুম ইনচার্জ রশিদুল কুদ্দুস বলেন, ‘শিশুরা উজ্জ্বল রঙ পছন্দ করে। তার ওপর ভিত্তি করে উৎসবধর্মী জুতা এনেছি আমরা। এ ছাড়া গোলাপি, সাদা, শুভ্র সাদাকেও প্রাধান্য দিয়েছি। এসব জুতার দাম পড়বে ৪৫০ থেকে দুই হাজার টাকা।’ বাটাও এনেছে ঈদের জুতা। নানা বয়সের শিশুদের জুতা পাওয়া যাবে। রকমারি নকশা ব্যবহার করা হয়েছে। এখানের জুতা, স্যান্ডেলের দাম পড়বে ২৫০ থেকে ৫০০ টাকা।এ ছাড়া বড়দের মতো ছোটদের কাছেও চটি স্যান্ডেলের চাহিদা বেশি। নাগরা, পাম্প সু, কাতান কাপড়, লেইস ও পুঁতির স্যান্ডেলের দিকে মেয়েশিশুদের ঝোঁক বেশি। এসব স্যান্ডেল পাবেন ১২০ থেকে ৪০০ টাকার মধ্যে। ঢাকার নিউমার্কেট, গাউছিয়াসহ সব ধরনের মার্কেটে এসব জুতা, স্যান্ডেল পাবেন। দেরি না করে আজই কিনে ফেলুন আপনার শিশুর পছন্দের জুতাটি।