ঈদ উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে চার জোড়া বিশেষ ট্রেন চালু করবে। এ ছাড়া যাত্রীদের চাহিদার ভিত্তিতে আন্তনগর ও মেল ট্রেনের সঙ্গে বগি সংযোজন, দাঁড়ানো (স্ট্যান্ডিং) টিকিটের ব্যবস্থা নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। ৩১ আগস্ট থেকে আগাম টিকিট বিক্রি শুরু হবে। মুঠোফোন প্রতিষ্ঠান গ্রামীণফোন ও বাংলালিংকের মাধ্যমেও টিকিট বুকিং দেওয়া যাবে। টিকিটে কালোবাজারি রোধ ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে রেলওয়ে নিরাপত্তা বাহিনী, জিআরপি, পুলিশ ও র্যাবের সমন্বয়ে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রেলওয়ে সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে আগামী ৫ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত সব আন্তনগর ট্রেন ঈদের দিন ছাড়া সাপ্তাহিক ছুটির দিনেও চলবে। ঈদের দিন কয়েক আগে থেকে চারটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। ঈদের তিন দিন আগে থেকে চট্টগ্রাম-চাঁদপুর রুটে দুজোড়া ট্রেন চলবে। এগুলো ঈদের পর ১৬ সেপ্টেম্বর পর্যন্ত চলাচল করবে। একইভাবে ঈদের তিন দিন আগে থেকে ঢাকা-দেওয়ানগঞ্জ পথে এক জোড়া এবং ঈদের দুদিন আগে থেকে চট্টগ্রাম-কুমিল্লা রুটে চলবে এক জোড়া ট্রেন। বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের অ্যাসিসটেন্ট চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. ফিরোজ ইফতেখার বলেন, ‘ঈদের দু-এক দিন আগে যাত্রীদের চাহিদার কথা বিবেচনা করে আমরা বিভিন্ন মেল ও আন্তনগর ট্রেনে অতিরিক্ত বগি সংযোজনের সিদ্ধান্ত নিয়েছি। এ ছাড়া ঈদ উপলক্ষে সূবর্ণ ছাড়া অন্যান্য আন্তনগর ট্রেনে আসনবিহীন টিকিট (স্ট্যান্ডিং টিকিট) বিক্রি করা হবে।’এদিকে, যাত্রীদের সুবিধার্থে মুঠোফোন প্রতিষ্ঠান গ্রামীণফোন ও বাংলালিংকের মাধ্যমে টিকিট বিক্রির সুযোগ রয়েছে এবার। ‘এতে যেকোনো যাত্রী স্টেশনে না এসেও মুঠোফোনের মাধ্যমে টিকিট বুকিং দিতে পারছেন। এতে সময়ও সাশ্রয় হচ্ছে। আর এসব বিষয় চিন্তা করে আমরা এ ব্যবস্থা চালু রেখেছি। তবে আপাতত এর মাধ্যমে ঢাকা-চট্টগ্রাম রুটের টিকিট দেওয়া হচ্ছে। পরবর্তীকালে এ সেবা সম্প্রসারণ করা হতে পারে।’ বললেন রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ কমার্শিয়াল ম্যানেজার মো. ফেরদৌস আলম। জানা গেছে, মুঠোফোনে সংক্ষিপ্ত বার্তার মাধ্যমে বুকিংয়ের ক্ষেত্রে যাত্রীকে আসন প্রতি ২০ টাকা সার্ভিস চার্জ দিতে হবে। এতে একজন এক দিনে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। এ ব্যাপারে বিস্তারিত তথ্য পাওয়া যাবে গ্রামীণফোন ও বাংলালিংকের বিভিন্ন আউটলেট থেকে। গ্রামীণফোনের স্পেশালিস্ট করপোরেট কমিউনিকেশন সৈয়দ শওকত ইমাম বলেন, ‘এখন গ্রামীণফোনের যেকোনো গ্রাহক রেলস্টেশনে না গিয়েও আগ্রাবাদ ও জিইসি কাস্টমার কেয়ার সেন্টার থেকে টিকিটের কপি সংগ্রহ করতে পারবেন।’ বাংলালিংকের ব্যবস্থাপক প্রবীর দে বলেন, ‘গোলপাহাড় মোড়ে আমাদের কাস্টমার কেয়ার সেন্টার থেকে টিকিট সংগ্রহ করা যাবে। যেকোনো মুঠোফোন ব্যবহারকারী গ্রাহকই চট্টগ্রামে আমাদের দেড় শ আউটলেট থেকে ই-টিকিট সংগ্রহ করতে পারবেন। কাস্টমার কেয়ার সেন্টারে গিয়ে মুঠোফোন নম্বর ও ই-টিকিট নম্বর জানালেই টিকিটের ছাপা কপি বের করে দেওয়া হবে। স্টেশনে যেতে হবে না আর।’টিকিট কালোবাজারি ও বিভিন্ন বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চিফ কমাডেন্ট মো. অমিনুর রশীদ বলেন, ‘ঈদ উপলক্ষে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে স্টেশনে রেলওয়ে নিরাপত্তা বাহিনী, জিআরপির পাশাপাশি পুলিশ বাহিনী ও র্যাব সদস্য মোতায়েনের ব্যবস্থা নিয়েছি। একই সঙ্গে জিআরপি ও র্যাবের গোয়েন্দা শাখার নজরদারিও থাকবে এ সময়ে।’