ঈদে পুরোনো ধাঁচের গয়নায় আগ্রহ বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোশাকের সঙ্গে মানানসই গয়নাও চাই। ধানমন্ডির জেনেটিক প্লাজায় গতকাল l ছবি: প্রথম আলো
পোশাকের সঙ্গে মানানসই গয়নাও চাই। ধানমন্ডির জেনেটিক প্লাজায় গতকাল l ছবি: প্রথম আলো

ঈদের বাকি আছে হাতে গোনা কয়েকটি দিন। পোশাক-আশাক কেনা প্রায় শেষ। কিন্তু পোশাকের সঙ্গে মিলিয়ে গয়না না পরলে সাজগোজ পূর্ণতা পায় না। তাই কিশোরী-তরুণীসহ বিভিন্ন বয়সের নারীরা এখন গয়না কিনতে ব্যস্ত। সেই গয়নার তালিকায় রয়েছে সোনার চাহিদাও।
গতকাল রোববার আসাদগেট আড়ং, ধানমন্ডির অঞ্জন’স, জেনেটিক প্লাজা, মোহাম্মদপুর তাজমহল রোড, নিউমার্কেট ও গাউছিয়ার বিভিন্ন গয়নার দোকানে বিক্রয়কর্মীরা দম ফেলার ফুরসত পাচ্ছিলেন না। ‘সবুজ দুলটা দেখান, ওই যে ওপরের কালোর পাশের মালাটাও দেখান’—এমন নানান আগ্রহে ক্রেতারা ছিলেন ব্যতিব্যস্ত।
মুক্তা, প্রবাল, পান্না—এসবের ওপরে বিভিন্ন রং দিয়ে তৈরি গয়না পাওয়া যাচ্ছে দেড় শ থেকে পাঁচ হাজার টাকায়। বড় ঝুমকা, পাশা, রুপার বালা, চুড়িগুলোও ক্রেতাদের নজর কাড়ছে।
পুরোনো ধাঁচের গয়নার চাহিদা সবচেয়ে বেশি তরুণীদের কাছে। আদিবাসীরা যে ধরনের গয়না পরেন, সেগুলোর আদলে তৈরি গয়নাগুলোও শোভা পাচ্ছে। পায়ের পায়েল, খোঁপার কাঁটা, আংটি—এগুলোও ঈদের সাজসজ্জার আবশ্যকীয় অনুষঙ্গ হয়ে উঠেছে।
বাহুতে পরার বাজু, গলায় হাঁসুলি, পুরো কানের সঙ্গে লেপ্টে থাকা পাশা দাদি, নানিরা পরতেন। এসব গয়না এখন ফ্যাশনসচেতন আধুনিক তরুণীদের কাছেও খুব প্রিয়। পুরোনো দিনের এসব গয়নাই এবার দখল করে আছে ঈদের বাজার।
গতকাল ধানমন্ডির পিরানের দোকানে কথা হয় ক্রেতা ফারিজা হোসেনের সঙ্গে। তিনি জানালেন, গলার হাঁসুলি ও কানের দুল কিনেছেন ৫৫০ টাকা দিয়ে। ঈদে বাঙালি নারীর সাজে বিশেষ শোভা পায় এই পুরোনো গয়না।
এ ছাড়া পুরোনো ধাঁচের গয়না পাওয়া যাচ্ছে যাত্রা, কে-ক্রাফট, দেশাল ও অঞ্জন’সসহ বিভিন্ন ফ্যাশন হাউসে। দাম পরবে ২৫০ থেকে দুই হাজার টাকার মধ্যে।
এ ছাড়া রামলীলা নামে কানের দুল, মালা ও হাতের আংটি পাওয়া যাচ্ছে। এসব পাওয়া যাচ্ছে জেনেটিক প্লাজার কেজি, আনাম, গয়না নামের দোকানগুলোতে। এখানে কাপড়ের নকশায় তৈরি মালা, গোলাপফুলের কারুকাজ করা বালা, বড় কানের দুল পাওয়া যাচ্ছে ৬০০ টাকার মধ্যে।
নগরের অলিগলিতে গড়ে ওঠা বিপণিবিতানের কাচের আলমারির ভেতর থেকেই গয়নাগুলো ক্রেতাদের নজর কাড়ে।
গয়নার সৌখিন ক্রেতারা একবার হলেও আড়ংয়ে ঢুঁ দেন। আসাদগেট আড়ংয়ের বিক্রয়কর্মীরা জানালেন, রুপা এবং সোনার গয়না দুটোই সমানতালে বিক্রি হচ্ছে। সোনার ওপর রুবি, পান্না পাথর দিয়ে তৈরি সীতাহার ও ছোট কানের দুল বিক্রি হচ্ছে ৮ থেকে ২০ হাজার টাকায়।
নবদম্পতি কিনতে এসেছেন সোনার গয়না। স্ত্রী ইরা আক্তার জানালেন, ২২ ক্যারেটের সোনার ভরি ৪৮ হাজার করে দুটা হাতের বালা বানাতে খরচ হয়েছে ৯৮ হাজার টাকা।