ঈদে প্রযুক্তিপণ্যে ছাড়
ঈদ উপলক্ষে বিভিন্ন ব্র্যান্ডের প্রযুক্তিপণ্যে ছাড় দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে গিফট ভাউচার, নগদ মূল্যে ছাড়সহ বিভিন্ন উপহারসামগ্রী। নগরের কয়েকটি প্রযুক্তিপণ্যের বিপণিকেন্দ্রে খোঁজ নিয়ে এসব তথ্য জানা যায়।
জিইসি মোড়ের ইউনুস্কো সিটি সেন্টারের পঞ্চম তলায় রয়েছে বেশ কয়েকটি প্রযুক্তিপণ্য বিক্রির প্রতিষ্ঠান। এখানকার কম্পিউনিকস নামক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী কামরুল হাসান সিদ্দিকী জানান, এইচপি ল্যাপটপ ও প্রিন্টারের ক্ষেত্রে সাড়ে ৩০০ থেকে এক হাজার টাকা এবং তশিবা ল্যাপটপে ৫০০ থেকে এক হাজার টাকা পর্যন্ত ভাউচার রয়েছে। আসুস ল্যাপটপে রয়েছে বিশেষ গিফট প্যাক।
কম্পিউনিকসের পক্ষ থেকে বিভিন্ন ধরনের প্রযুক্তিপণ্যের সঙ্গে উপহার হিসেবে রয়েছে ইউএসবি হাব, মাউস প্যাড, ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার ক্লিনার ইত্যাদি। এ ছাড়া টিভি কার্ডে ২০০ টাকা এবং বিভিন্ন আকারের মনিটরের ওপর ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।
নগরের চৌমুহনী কম্পিউটার সিটির প্রযুক্তিপণ্য বিপণন প্রতিষ্ঠানগুলোতেও রয়েছে নানা ছাড়। উৎসবকে সামনে রেখে সেখানকার বিভিন্ন প্রতিষ্ঠানে পণ্য বিক্রির ক্ষেত্রে উপহার এবং মূল্য ছাড় দিচ্ছে।
কথা হয় জননী কম্পিউটারসের প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে কম্পিউটার সিটি ও পাহাড়তলী সিডিএ মার্কেট শাখায় মাসজুড়েই জননী আইপিএস বিক্রি হচ্ছে বিশেষ হ্রাসকৃত মূল্যে। রমজান মাসে সিকিউরিটি ক্যামেরা সংযোগ দেওয়ার ক্ষেত্রে কোনো সার্ভিস চার্জ নিচ্ছি না আমরা। ১৬ রমজান থেকে প্রতিটি ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটার বিক্রি হচ্ছে বিশেষ মূল্য ছাড়ে। এতে গিফট ভাউচারও রয়েছে।’
জননী কম্পিউটারসে এইচপি ল্যাপটপ, প্রিন্টার এবং অ্যাসার ল্যাপটপ রয়েছে গিফট ভাউচার। ডেল ল্যাপটপে থাকছে স্ক্র্যাচ কার্ড (এতে উপহার হিসেবে সর্বনিম্ন ৩০০ টাকা থেকে সর্বোচ্চ ৪২ ইঞ্চি এলইডি টিভির রয়েছে)। এ ছাড়া আসুস ল্যাপটপ কিনলে ক্রেতা পাচ্ছেন ঈদ গিফট। নিজস্ব প্রতিবেদক।