ঈদে বাড়ি যাচ্ছেন না তাঁরা

সুলতানা পারভীন (৩০)। স্বামী মিনহাজ উদ্দিন ও দুই সন্তান সাদিয়া ও শহিদাকে নিয়ে ভাড়া বাড়িতে থাকেন গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকায়। কাজ করেন গরীব অ্যান্ড গরীব নামের একটি তৈরি পোশাক কারখানায়। গ্রামের বাড়ি দিনাজপুরের কাহারোল উপজেলার বড়গাঁও গ্রামে। সুলতানার স্বামী মিনহাজ উদ্দিন একটি তৈরি পোশাক কারখানার নিরাপত্তাকর্মী। ‘এবার ঈদে তাঁর ছুটি না থাকায় আমরা কেউই গ্রামের বাড়ি যাচ্ছি না।’ বললেন সুলতানা।
গাজীপুরের একই এলাকার আরেক ভাড়াটে পারভীন বেগম বলেন, ঈদের আগেই কয়েক দিন বাড়িতে গিয়ে কাটিয়ে এসেছেন। জমানো টাকাপয়সা বাবা-মাকে দিয়ে এসেছেন। ঈদের সামনে কারখানা থেকে যে বেতন-বোনাস পাওয়া যাবে, তার থেকে কিছু টাকা বাড়িতে পাঠিয়ে দেবেন। তাই এবার ঈদে তিনিও বাড়ি যাচ্ছেন না। তাঁদের মতো আরও অনেক পোশাকশ্রমিকই ঈদে বাড়ি যাচ্ছেন না।
এলাকাবাসী ও গাজীপুর শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুরের টঙ্গী, কালিয়াকৈর ও শ্রীপুরে শিল্পকারখানা রয়েছে প্রায় পাঁচ হাজার। এর মধ্যে এক হাজারের বেশি রয়েছে তৈরি পোশাক কারখানা। এসব কারখানায় হাজার হাজার নারী-পুরুষ শ্রমিক কাজ করছেন। দেশের সব জেলার লোকের বসবাস এখন গাজীপুরের বিভিন্ন এলাকায়। এসব শ্রমিকের মধ্যে অনেকেই ২০-৩০ বছর ধরে একই এলাকায় চাকরি করার সুবাদে এটাকে এখন নিজের এলাকার মতোই আপন করে নিয়েছেন। কারখানার শ্রমিকেরা বছরের বিভিন্ন সময়ে গ্রামের বাড়ি যান। তবে বছরে দুই ঈদের ছুটিতে মরিয়া হয়ে কাছের মানুষদের টানে ছুটে চলেন গ্রামের বাড়িতে। আবার এঁদের মধ্যে কিছু অংশের শ্রমিকেরা গ্রামের বাড়িতে যেতে পারেন না নানা কারণে। খোঁজ নিয়ে জানা গেল, এই কারণের মধ্যে রয়েছে অর্থের অভাব, কারও বেতন সময়মতো হয় না, আবার অনেকেই ঈদের সময় যাতায়াতের ঝক্কিঝামেলার জন্য গ্রামের বাড়ি যান না।
গাজীপুরের বাসন সড়ক এলাকার মীম গ্রুপের আলেমা টেক্সটাইল কারখানার বেশ কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা হয় গত বৃহস্পতিবার সকালে। কথার প্রসঙ্গ ছিল ঈদ নিয়ে। কারা বাড়ি যাচ্ছেন আর কীভাবে যাচ্ছেন? যাঁরা যাচ্ছেন না তাঁরা কেন যাচ্ছেন না।
কোনাবাড়ী বিসিক শিল্প এলাকার একটি কারখানার নিরাপত্তাকর্মী রোকেয়া আক্তার জানান, তিনি কোনাবাড়ীর আমবাগ এলাকায় ভাড়া থাকেন। কারখানার নিরাপত্তার জন্য ছুটির সময়ও কাউকে না কাউকে তো থাকতে হয়। তাই এবার তাঁর ছুটি মেলেনি। কোনাবাড়ীর তুসুকা লিমিটেডের শ্রমিক মো. শহিদুল্লাহ, আব্দুল মমিন জানান, তাঁরা বাড়ি যাওয়ার জন্য একটি বাস ভাড়া করেছেন। পরিবারসহ কারখানার ছুটির দিনই তাঁরা ওই বাসে করে বাড়ি ফিরবেন।
ইদানীং অনেক তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা নিজেদের ব্যবস্থাপনায় গাড়ি ভাড়া করে উৎসবমুখর পরিবেশে ঈদের ছুটিতে বাড়িতে যান।
গাজীপুর শিল্প পুলিশ জোন-২-এর পরিদর্শক মো. শহিদুল্লাহ প্রথম আলোকে বলেন, ৩০ জুন থেকে কারখানাগুলোর বেতন দেওয়া শুরু হবে। দু-একটি কারখানায় সঠিক সময়ে বেতন-বোনাস দেওয়া নিয়ে সংশয় রয়েছে। তবে বেশির ভাগ কারখানা শ্রমিকদের বেতন-বোনাস সঠিক সময়ে পরিশোধ করবে।
বাড়ি যাওয়া হোক বা ঢাকায় ঈদ হোক—এই ঈদ যেন তাঁদের পরিবারে আনন্দ নিয়ে আসে।