ঈদে মিষ্টিমুখ
মিষ্টি খাবার না হলে ঈদের আনন্দ কি আর পূর্ণ হয়? চেনা মিষ্টির পদগুলো তো থাকবেই, পাশাপাশি নতুন ধরনের মিষ্টি খাবারেও চলতে পারে অতিথি আপ্যায়ন। এমনই কিছু খাবারের রেসিপি দিয়েছেন রোয়েনা মাহজাবিন

কাস্টার্ড সেমাই
উপকরণ: লাচ্ছা সেমাই ১ প্যাকেট, ডিমের কুসুম ২টি, চিনি স্বাদমতো, তরল দুধ ১ থেকে দেড় কাপ, ঘন দুধ ২ কাপ, চায়না গ্রাস ১০ থেকে ১২ গ্রাম, ভ্যানিলা ফ্লেভার ১ চা-চামচ।
প্রণালি: একটি পাত্রে চায়না গ্রাস কুচি কুচি করে কেটে আধা কাপ পানিতে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। এবার জ্বাল দেওয়া ঘন দুধে চিনি মিশিয়ে গরম অবস্থায় লাচ্ছা সেমাই দিয়ে রান্না করে নিন। আলাদা একটি পাত্রে ডিমের কুসুম ও চিনি দিয়ে ফেটে নিন। এবার চুলায় একটি হাঁড়িতে বাকি তরল দুধে চায়না গ্রাস মিলিয়ে চুলায় দিন। নেড়েনেড়ে চায়না গ্রাস গলিয়ে নিন। এবার নামিয়ে হালকা ঠান্ডা করুন। এরপর ডিমের মিশ্রণ দিয়ে আবার খুব কম তাপে অনবরত নাড়ুন। খেয়াল রাখতে হবে, ডিম যেন জমে না যায়। এবার নামিয়ে ব্লেন্ড করে নিয়ে সেমাইয়ের মিশ্রণে ঢেলে ভালোমতো মিশিয়ে নিন। পছন্দমতো পাত্রে ঢেলে সারা রাত না হলেও ৩ ঘণ্টা ফ্রিজে রেখে জমিয়ে নিন। পরে মোল্ড থেকে উলটে বের করে ওপরে ইচ্ছেমতো বাদাম বা মাওয়া দিয়ে পরিবেশন করুন।

অরেঞ্জ জেলো
উপকরণ: শর্ট অরেঞ্জ জেলো ১ প্যাকেট, বিভিন্ন ফল (আপেল, কমলা, বেদানা, কিউই ছোট টুকরা করে কাটা) পরিমাণমতো।
প্রণালি: প্যাকেটের গায়ে লেখা নিয়ম অনুযায়ী জেলো গুলিয়ে নিন। এবার পরিবেশন পাত্রে ফলের টুকরা পরিমাণমতো দিয়ে ওপরে জেলো মিশ্রণটি ঢেলে দিন। জমে গেলে ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন।

আমের পিউরি
উপকরণ: তরল দুধ ১ কাপ, গুঁড়া দুধ সিকি কাপ, কনডেন্সড মিল্ক আধা কৌটা, এলাচ দানা গুঁড়া আধা চা-চামচ, আমের টুকরা আধা কাপ, বাদাম কুচি অল্প কিছু, ঘি ২ চা-চামচ।
প্রণালি: প্রথমেই চুলায় একটি পাত্রে দুধ জ্বাল দিতে থাকুন। দুধ যখন ফুটে উঠবে, তখন একে একে ঘি, গুঁড়া দুধ, এলাচদানা গুঁড়া ও কনডেন্সড মিল্ক দিয়ে ভালোমতো নেড়ে নিন। কিছুক্ষণ এভাবে করে নামিয়ে রাখুন। মিশ্রণটি হালকা ঠান্ডা হলে এতে আমের পিউরি দিয়ে আবার ভালোমতো মিশিয়ে নিন। এবার এটি পরিবেশন পাত্রে ঢেলে ওপরে আমের টুকরা ও বাদাম কুচি দিয়ে পরিবেশন করুন।

বুন্দিয়া রাবড়ি
উপকরণ
রাবড়ির জন্য: ঘন দুধ ২ কাপ, ছানা আধা কাপ, ঘি ২ টেবিল চামচ, চিনি স্বাদ মতো, ক্রিম বা দুধের সর ২ টেবিল চামচ, পেস্তা ও কাঠবাদাম কুচি করা পরিমাণ মতো, জাফরান সাজিয়ে দেওয়ার জন্য যতটুকু লাগবে।
বুন্দিয়ারজন্য: বেসন ১ কাপ, তেল ১ চা-চামচ, পানি পরিমাণমতো, খাওয়ার কমলা রং আধা ফোঁটা।
সিরা তৈরির জন্য: চিনি দেড় কাপ, পানি ১ কাপ, এলাচ ২ বা ৩টি, কমলার রস ১ টেবিল চামচ, তেল ভাজার জন্য।
প্রণালি
বুন্দিয়া: বেসন, ১ চা-চামচ তেল ও পরিমাণমতো পানি দিয়ে একটি ঘন কিন্তু থকথকে নয় এমন একটি মিশ্রণ তৈরি করে নিন, যেন চামচে নিয়ে ঢাললে মিশ্রণটি ঘন হয়ে নিচে পড়তে থাকে। এবার এতে খাওয়ার রং মিশিয়ে নিন। আরেকটি পাত্রে সিরার উপকরণ দিয়ে চুলায় দিন। কিছুক্ষণ জাল দিয়ে ঘন আঠালো সিরা তৈরি করে নিন। এবার একটি গভীর পাত্রে পর্যাপ্ত তেল গরম করে নিন। ছিদ্র ছিদ্র ছড়ানো চামচ তেলের প্রায় আধা হাত উপড়ে রেখে ওর মধ্যে বেসনের মিশ্রণ একটু একটু করে ঢালুন। দেখবেন তেলের মধ্যে সুন্দর বুন্দিয়া তৈরি হয়েছে। এই বুন্দিয়া ৪০ বা ৫০ সেকেন্ড পরেই তেল থেকে তুলে আগেই তৈরি করে রাখা সিরায় ডুবিয়ে দিন। রাবড়ির ছানা হাত দিয়ে ভালোমতো ময়ান করে মিহি করে নিন। একটি প্যানে ঘি গরম করুন, তাতে ছানা ভেজে নিন পাঁচ মিনিট। দুধের সর দিয়ে আরও কিছুক্ষণ ভুনে বাদাম ও চিনি দিন। এভাবে দুই মিনিট নেড়েচেড়ে রান্না করে দুধ দিন। চুলার আঁচ একদম কমিয়ে নাড়তে থাকুন। ঘন হয়ে এলে নামিয়ে ফেলুন। সবশেষে এবার ছোট ছোট পরিবেশন পাত্রে মিষ্টি বুন্দিয়া ও রাবড়ি লেয়ারে লেয়ারে সাজিয়ে ওপরো ইচ্ছেমতো বাদাম কুচি বা মাওয়া দিয়ে পরিবেশন করুন।

কমলার স্বাদে পুডিং
উপকরণ: কনডেন্সড মিল্ক ১ টিন, কমলা বা মালটার রস দেড় কাপ, ডিম ৪টি, ক্যারামেলের জন্য চিনি ৩ টেবিল চামচ।
প্রণালি: যে পাত্রে পুডিং তৈরি করবেন, তাতে চিনি নিয়ে চুলায় হালকা আঁচে পাত্রটি ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেল তৈরি করে নিন। ক্যারামেল জমাট বাঁধা পর্যন্ত অপেক্ষা করুন। অন্য একটা বড় বাটিতে ডিম ফেটিয়ে এর মধ্যে কমলার রস ও কনডেন্সড মিল্ক দিয়ে ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটা ছেঁকে নিন। পুডিংয়ের পাত্রে ক্যারামেলের ওপর মিশ্রণটা ঢেলে দিন। বড় একটা সমতল কড়াই বা হাঁড়িতে অল্প পানি নিন। এবার পুডিংয়ের পাত্রটি বসিয়ে ঢেকে চুলায় আঁচ দিয়ে দিন।