
শিশুদের ঘিরেই ঈদের আনন্দ। তাই ঈদ মানেই তো শিশুর খুশি। শিশুদের জামাটা তাই কিনতে হয় সবার আগে। তাদের জামাটা হতে হয় অন্য রকম। সেই তোড়জোড় শুরু হয়ে গেছে শিশুদের ঈদের পোশাকের বাজারে।
আবহাওয়া, চলতি ধারা আর নানান নকশায় বেশ রঙিন হবে এবার শিশুদের ঈদ। গত বৃহস্পতিবার নগরের বিভিন্ন শপিং মল ও মার্কেটে অভিভাবকদের সঙ্গে ছিল শিশুদের ভিড়।
ঈদবাজারে শিশুদের কথা মাথায় রেখে আয়োজনেরও কমতি নেই। যে পুতুলটি নিয়ে খেলে সেই ‘বার্বি ডলে’র গোলাপি ঝালরের পোশাকটি চাই তাদের। আবার কার্টুন চরিত্র ব্যাটম্যান, সুপারম্যানের মতো সাজতেও মন চায়। ঈদ বলে কথা। তাই শিশুদের মুখে হাসি ফোটাতে তাদের বায়না একটু-আধটু মেটাতেই হয়।
পোশাকে প্রিন্টেই অনেক রকম কাজ থাকছে। হাতের কাজ, কারচুপি, অ্যাপ্লিক, রিবনের প্রভাব রয়েছে কমবেশি। প্রজাপতির ডানা, কাপড়ের ফুল, টুনটুনি পাখি, সবই দেখা গেছে মোটিফ হিসেবে। শিশুর যা কিছু ভালো লাগে তাই প্রাধান্য পাচ্ছে এবার। ছোট ছেলেদের পোশাকেও তার ছাপ। ছেলেদের শার্ট বা ফতুয়ায় প্রাধান্য পাচ্ছে হাফহাতা এবং হাতাছাড়া কাট। লং প্যান্টের বদলে কোয়ার্টার। সাদা পাঞ্জাবির পাশাপাশি রঙিন পাঞ্জাবি বেশ পছন্দ ছেলেশিশুদের।
অনেক শিশুই ঈদের দিন একটু বড়দের মতো করে সাজতে ভালোবাসে। মা-খালাদের মতো সালোয়ার-কামিজ ও শাড়ি, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বড় বোনের মতো লং স্কার্ট বা টপসও চাই শিশুদের। বয়স কম, তাই বলে শিশুদের ফাঁকি দেওয়ার জো নেই। যারা একটু লেখাপড়া শিখেছে, তারা বিভিন্ন পত্রিকার ঈদ ফ্যাশনের পাতা নিয়ে মা-বাবার কাছে নির্দিষ্ট নকশার পোশাকটির বায়না ধরছে। আবার অনেকের বায়না, ‘এবার কিন্তু মার্কেটে নিয়ে যেতে হবে এবং আমার পছন্দের জিনিসটিই কিনে দিতে হবে।’
এমন খুদে ক্রেতা দেখা গেল ধানমন্ডির এক বিপণিবিতানে। সুলতানা রহমানের মেয়ে নওমি রহমান। সে কিছুতেই মায়ের পছন্দের পোশাক কিনবে না। মা জানালেন, মেয়ে সারা দিন ডোরেমন কার্টুন দেখে। ঈদে পোশাক কেনার সময়ও বায়না, কার্টুনের সিজুকার মতো পোশাক কিনে দিতে হবে।
এই ঈদে বিশেষ মনোযোগ পাচ্ছে গরম আবহাওয়ার বিষয়টি। বর্ষা শুরু হয়ে গেলেও শেষ দিকে বেশ গরম পড়বে, এমনটাই ধারণা করছেন সবাই। তাই এ দেশের আবহাওয়ার কথা মাথায় রেখে প্রাধান্য পাচ্ছে সুতি পোশাক। ফ্যাশন হাউস কে-ক্র্যাফটের ডিজাইনার শাহনাজ খান প্রথম আলোকে বলেন, শিশুদের ক্ষেত্রে আরামের জন্য আমরা মনোযোগ দিচ্ছি সুতিতে। নানা রকম সুতির ব্যবহারটাই প্রাধান্য রেখেছি এবারের সংগ্রহে। ভয়েল, বেক্সি ভয়েল, কটন জর্জেট, অ্যান্ডির কালেকশন আছে। পাশাপাশি নজর রাখছি কালার প্যালেটেও। কন্ট্রাস্ট কালার খুব চলবে শিশুদের এবারের ঈদপোশাকে। পিংক, পার্পেল, ফিরোজা, ম্যাজেন্টা, লাল, নীলের সব কালারেই চলছে মিক্সম্যাচের খেলা। প্রিন্টও বেশ পছন্দ করছেন অভিভাবকেরা।
ঈদে শিশুদের পোশাক পাওয়া যাবে ৫০০ থেকে শুরু করে তিন হাজার টাকার মধ্যে। এ ছাড়া বিভিন্ন ব্যান্ডে শিশুদের পাঞ্জাবি পাওয়া যাবে হাজার টাকার মধ্যে।