ঈদেই প্রথম বড় হওয়া আবিষ্কার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৩ সালে ময়মনসিংহের ঘটনা। তখন নবম শ্রেণিতে পড়ি। 

ঈদের আগের রাতে ঈদের আনন্দের কথা ভেবে খুবই উচ্ছ্বসিত ছিলাম। রাতে অনেক স্বপ্ন নিয়ে ঘুম দিলাম, ঘুম থেকে উঠেই সবার আগে গোসল সেরে নিলাম। নামাজের জন্য সবাইকে ডেকে একসঙ্গে দল বেঁধে ঈদগাহে নামাজ পড়ে ফিরলাম বাসায়। তারপর যথারীতি সেমাই, নুডলস খেয়ে কিছুক্ষণ পর পাশেই মামা বাড়ি গেলাম।

বলে রাখা দরকার এর আগের প্রতিটা ঈদের দুপুর বেলা কেটেছে বন্ধুদের সঙ্গে আড্ডায়, অথবা দুষ্টামিতে! কিন্তু এবার আর ইচ্ছেই করছে না কোথাও বেড়াতে। সকালের সেই পাঞ্জাবিটা তখনো গায়ে। আগের সেই আনন্দও পাচ্ছিলাম না, ছোট মামার সঙ্গে কথা বলছিলাম বিভিন্ন বিষয় নিয়ে। এমন সময় বড় মামার (বড় চাকরিজীবী) আগমন। মামাকে কাছে পেয়েই অতি উৎসাহ নিয়ে সেলামির আবদার করলাম, আমি খুব উত্তেজিত ছিলাম সেলামি পাব ভেবে। মজার ব্যাপার হলো মামা যখন পকেটে হাত দিল, আমার আশা ছিল বড় অঙ্কের সেলামি পাব। কারণ বড় মামার সিলেট থেকে আগত বন্ধুরা তখন পাশেই। কিন্তু সে আশায় গুঁড়েবালি! পাঁচ টাকার একটি কয়েন বের করে হাতে ধরিয়ে দিতে চাইল! বলল ধরো? তখন মনে হলো, আমি আকাশ থেকে মাটিতে পড়লাম! কিপটেমির বিশ্ব রেকর্ড ভাঙল বলে! রাগে বের হয়ে গেলাম ঘর থেকে, কিপটে বলাটা কিন্তু বাদ রাখিনি! খুব, খুব কষ্ট হচ্ছিল। তখন আবিষ্কার করলাম সত্যি আজ বড় হয়ে গেছি, আগের ছোট্টটি আর নেই আমি! অন্তত পাঁচ টাকায় কেউ আমাকে খুশি করতে পারবে না।