ঈদের আগে ও পরের যত্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই ঈদে মাংস কাটাকুটি, তেল-মসলা, চর্বি-পানি নিয়ে কাজ করা হবে বেশি। সারা দিন হাতের পাশাপাশি পায়ের ওপর চলবে নানা অত্যাচার। তাই ঈদের আগে ও পরে নিতে হবে হাত-পায়ের যত্ন।

হার্বসের ত্বক বিশেষজ্ঞ আফরিন মৌসুমি জানান, ঈদের আগেই পেডিকিওর–ম্যানিকিউর করিয়ে নেওয়া ভালো। নখ পছন্দমতো আকারে ছোট করে কেটে নিন। না হলে মাংস কাটাকুটি করতে গিয়ে নখ অনেক সময়ই ভেঙে বা ফেটে যেতে পারে। আবার ঘন ঘন তেল, চর্বির পানি নিয়ে কাজ করতে থাকলে হাত ভিজে শুষ্ক হয়ে যায়।

হাত–পায়ের যত্ন নেওয়া যাবে ঘরে বসেই। মডেল: শান্তা, কৃতজ্ঞতা: হারমনি স্পা, ছবি: নকশা
হাত–পায়ের যত্ন নেওয়া যাবে ঘরে বসেই। মডেল: শান্তা, কৃতজ্ঞতা: হারমনি স্পা, ছবি: নকশা

হাতের যত্নে
* ১ টেবিল-চামচ দারুচিনি গুঁড়া, ১ টেবিল-চামচ জায়ফলের গুঁড়া, ২টা ডিমের কুসুম ভালো করে মিশিয়ে নিন। তাতে সামান্য লেবুর রস মিশিয়ে হাতে লাগিয়ে ২০ মিনিটের মতো রেখে দিন। ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন। প্যাকটি হাতের কালো দাগ, পোড়া ভাব, আঙুলের ভাঁজে কড়া দাগ তুলতে সহায়তা করবে। এই প্যাকটি দিয়ে ঈদের আগে থেকেই যত্ন নিলে ত্বক মসৃণ উজ্জ্বল থাকবে।

* ১ টেবিল-চামচ মাখন, ২ টেবিল-চামচ খেজুরের পেস্ট, ৪ টেবিল-চামচ বেসন, ২ টেবিল-চামচ আপেল সিডার ভিনেগার ভালো করে মিশিয়ে কনুই থেকে আঙুল অবধি লাগান। ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

* ভাজা গমের গুঁড়া ১ কাপ, ২ টেবিল-চামচ চিনাবাদাম পেস্ট, ১ চা-চামচ কর্পূর কুসুম গরম পানিতে মিশিয়ে পুরো হাতে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ঈদের পর অনেক বেশি পানিতে কাজ করার ফলে হাত শুষ্ক ও খসখসে হয়ে পড়লে এই প্যাকটি হাত কোমল রাখতে সহায়তা করবে। 

পায়ের যত্ন
পায়ের যত্ন নিয়ে রূপবিশেষজ্ঞ রাহিমা সুলতানা বলেন, এ সময় রোদে পুড়ে ত্বকে কালো ছোপ এবং বৃষ্টিতে ভিজে নখ ও আঙুলের ফাঁকে ফাঙ্গাস পড়তে পারে। তাই নিতে হবে বিশেষ যত্ন।

* টক দই আধা কাপ, তিলের তেল ১ টেবিল-চামচ, চিনি ১ টেবিল-চামচ নিয়ে সব উপাদান ভালো করে মিশিয়ে হাত ও পায়ে স্ক্রাব করতে হবে এবং ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এ ছাড়াও হাত ও পায়ের বিশেষ যত্নের জন্য যা করতে পারেন—

* মুলতানি মাটি ২ চা-চামচ, মধু ২ চা-চামচ, তরমুজের রস ২ চা-চামচ, ডাবের পানি ২ চা-চামচ একসঙ্গে মিশিয়ে পায়ে লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

* টক দই ২ চা-চামচ, জলপাই তেল ১ চা-চামচ, চিনি ১ চা-চামচ, লবণ আধা চা-চামচ মিশিয়ে পায়ে লাগিয়ে ২০ মিনিট পরে আলতোভাবে ঘষে তুলে ফেলে ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন।

* কুসুম গরম পানি ১ বাটি, লবণ ১ চিমটি, ১ চা-চামচ শ্যাম্পু, ১ চা-চামচ জলপাই তেল মিশিয়ে ওই পানিতে ১৫-২০ মিনিট পা ডুবিয়ে রেখে পরে ঝামা দিয়ে ভালো করে পায়ের গোড়ালি ঘষতে হবে। এতে মরা কোষ উঠে যাবে এবং পা মসৃণ এবং সুন্দর দেখাবে।