বছর ঘুরে আবার এসেছে রমজান মাস। রমজানের শেষ মানেই তো ঈদ উৎসব। ইতিমধ্যে শুরু হয়ে গেছে ঈদের কেনাকাটাসহ নানা প্রস্তুতি।সবার জন্য ঈদ-উৎসব আনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। শিশু থেকে শুরু করে কিশোর, বয়স্ক সবাই যেন মেতে ওঠে এ আয়োজনে। পোশাক-আশাক তো বটেই আপনজনকে ঈদের শুভেচ্ছা জানাতে দরকার নানা উপহারসামগ্রীও। এসব কারণে এ উৎসবকে ঘিরে তৈরি হয় কিছু মৌসুমি আয়ের ক্ষেত্র। রমজান মাসের শুরু থেকেই অনেকে শুরু করেন কিছু ব্যবসা-বাণিজ্য। আবার ঈদের কয়েক দিন আগে থেকেও করা যায় স্বল্প পুঁজির কিছু ব্যবসা। মৌসুমি বাণিজ্যের অভিজ্ঞতা আবার কাজে লাগে পরবর্তী যেকোনো ব্যবসায় উদ্যোগে।মৌসুমি উদ্যোগের কথাঈদের এখনো বেশ কিছুদিন বাকি। তাই বেশ কিছু উদ্যোগে বিনিয়োগের সুযোগ আছে এখনো। ঈদের উপযোগী অনেক ব্যবসাই হতে পারে আপনার সাধ্যের মধ্যে সামান্য পুঁজিতে। তাই যাঁরা বেকার বা বছরের এ সময়ে অনেকটা বসেই কাটান, তাঁরা শুরু করে দিতে পারেন ব্যবসার প্রস্তুতি। এর আগে ভেবে ঠিক করতে হবে, কোন এলাকায় কোন ধরনের ব্যবসা ভালো চলবে। পোশাক-আশাক বিশেষ করে পাঞ্জাবি, ঈদের শুভেচ্ছা কার্ড, বুটিকের কাজ, ঘর সাজানোর সামগ্রী, উপহারসামগ্রী, টুপি ও জায়নামাজসহ অন্য জিনিসপত্র এখন চলবে।পছন্দের যেকোনো খাতে বিনিয়োগ করতে পারেন আপনি।ঈদ কার্ডঈদে আপনজনকে শুভেচ্ছা জানাতে অনেকেই ঈদ কার্ড বেছে নেন। ঈদে প্রিয়জনকে একটা কার্ড পৌঁছে দিতে চান তাঁরা। তাই ঈদকে ঘিরে ঈদের শুভেচ্ছা কার্ডের ব্যবসার বেশ সুযোগ হয়। আপনি চাইলে বিনিয়োগ করতে পারেন এ খাতে। বিভিন্ন প্রকাশনা থেকে রকমারি কার্ড পাইকারি দামে কিনে যেমন বিক্রি করতে পারেন, আবার নিজের সৃজনশীলতাকে ব্যবহার করেও আপনি কার্ড তৈরি করে বিক্রি করতে পারেন। চারুকলার শিক্ষার্থীরা সৃজনশীলকার্ড বিকিকিনি করে থাকেন সফলভাবেই। আপনি চাইলে ঈদের শুভেচ্ছা কার্ড পাইকারি কিনে এলাকায় ছোট কোনো ঘরে বিক্রি করতে পারেন। এ জন্য বেশি বিনিয়োগও করতে হবে না। একটি কার্ড উৎপাদন-প্রতিষ্ঠানের কর্মী মো. ফরিদ আহমেদ জানান, ঢাকার বাংলাবাজার, পুরানা পল্টন, নিউমার্কেট এলাকায় দেশের বড় বড় প্রকাশনার পাইকারি বিক্রির দোকান আছে। এসব জায়গা থেকে পাইকারি দামে কার্ড কেনা যাবে। তবে কার্ড কেনার সময় অবশ্যই এর রং ও ধরন দেখে নিতে হবে। ক্রেতার রুচিকে গুরুত্ব দিতে হবে। তিনি আরও জানান, কার্ড কেনার সময় জেনে নিন অবিক্রীত কার্ড আবার ফেরত নেওয়া হবে কি না।নিজের তৈরি কার্ডআপনি যদি নিজে কার্ড তৈরি করতে পারেন, সেটাও আপনার আয়ের ক্ষেত্র হতে পারে। তাহলে আর বসে থাকার সময় নেই। চিন্তা করে ফেলুন, কার্ডের নকশা কেমন হবে। এসব কার্ড আপনি নিজে বিক্রি করতে পারেন অথবা এলাকার কার্ডের দোকানগুলোতে সরবরাহ করতে পারেন। ঈদের অন্তত সাত-আট দিন আগে এসব কার্ড তৈরির কাজ শেষ করতে হবে। তাই যাঁরা এ ব্যবসা করতে চাইছেন, কিনে ফেলুন প্রয়োজনীয় কিছু উপকরণ। সুন্দর একটা নকশার কার্ড তার চাহিদা যেমন বাড়িয়ে দেবে, তেমনই আপনি ভালো দামও হাঁকতে পারবেন এর মাধ্যমে। বাজারে পাওয়া যাচ্ছে এমন কার্ডের চেয়ে আলাদা ধরনের কার্ড বানাতে চেষ্টা করুন। তবে পুরোটাই নির্ভর করবে আপনার বিনিয়োগ ও রুচির ওপর। পোশাক-আশাকছোট হোক বড় হোক, ঈদে একটা নতুন কাপড় চাইই চাই। আর শিশু-কিশোরদের যেন নতুন কাপড় না হলে ঈদ হবেই না। তাই পোশাকে বিনিয়োগ করতে পারেন আপনি। বিশেষ করে, ছেলেদের পাঞ্জাবির দোকান করতে পারেন এলাকার মোড়েই। পাঞ্জাবি বাছাইয়ের ক্ষেত্রে রং ও ধরনকে বিবেচনায় রাখুন। পাইকারি দামে পাঞ্জাবি কিনতে পারেন ঢাকার বঙ্গবাজার, গুলিস্তান থেকে। এ ছাড়া সদরঘাট ও ইসলামপুরে পাঞ্জাবির পাইকারি বাজার রয়েছে। এসব জায়গা থেকে পাঞ্জাবি কিনতে দেখেশুনে ভালোভাবে দামাদামি করে কিনতে হবে। তবে খুব সাবধানতার সঙ্গে পরিমাণ ঠিক করতে হবে। একবারে না কিনে কিস্তিতেও কিনতে পারেন।উপহার সামগ্রীআপনি যদি বিভিন্ন ধরনের নকশায় পারদর্শী হয়ে থাকেন, তাহলেই কেবল বিনিয়োগ করতে পারেন উপহারসামগ্রী তৈরি খাতে। ঈদের সময় অনেকেই প্রিয়জনকে উপহার দিতে বেছে নেবেন এসব পণ্য। বাঁশ, কাঠের নানা শৌখিন সামগ্রী, মাটির বিভিন্ন ধরনের ফুলদানি, কলমদানি, প্রদীপদানি ও ছবির স্ট্যান্ডসহ বেশ কিছু পণ্য তৈরি করতে পারেন আপনি। কী কী জিনিস লাগবে, সেসবের একটা তালিকা করে নিন। আর কিনতে হবে পাইকারি দরে। পণ্যটি একটু আকর্ষণীয় হলে ক্রেতাদের বেশি টানবে। ঈদের এ সময় ইচ্ছা করলে এ রকম নানা ধরনের উপহারসামগ্রী নিজ হাতে তৈরি করে পাড়ার মোড়ের দোকানে বা শহরের বড় বড় দোকানে বিক্রির ব্যবস্থা করতে পারেন। এসবও হতে পারে ঈদের আগে আয়ের উৎস। টুপি ও অন্যান্যনামাজের জন্য টুপি, জায়নামাজ অতি প্রয়োজনীয় উপকরণ। ঈদের এ সময়টা আতর বিক্রি হয় বেশ।তাই সুবিধামতো কোনো স্থানে টুপি, জায়নামাজ ও আতরের পসরা সাজিয়ে বসতে পারেন। এ ব্যবসায় আপনার বিনিয়োগটাও লাগবে কম। এসব জিনিস নষ্ট হওয়ার আশঙ্কাও কম। আর এগুলো পাইকারি কিনতে আপনাকে যেতে হবে ঢাকার চকবাজার, মিটফোর্ডে। বায়তুল মোকাররম মসজিদের আশপাশের এলাকাতেও রয়েছে বেশ কিছু পাইকারি দোকান। ঘর সাজানোর উপকরণঈদের সময় অনেক আত্মীয়স্বজন আসবেন বাসায়।তাই সামর্থ্যের মধ্যে ঘর না সাজালে হয়? ফলে ঘর সাজানোর পণ্যেরও ব্যাপক চাহিদা থাকে এ সময়। আপনি এ খাতেও বিনিয়োগ করতে পারেন। আর এসব পণ্য তৈরি করতে পারেন মাটি, কাঠ, কাগজ বা বেত দিয়ে। চাহিদা দেখলে এটা হতে পারে স্থায়ী ব্যবসাও। পণ্যটি দেখতে যত সুন্দর হবে, ঘরে দেখতে যত ভালো লাগবে, তত চাহিদা বাড়বে। বুটিকের ব্যবসাঈদের সময় পোশাক-আশাক তৈরি করে নিজের বাসায় বুটিকের দোকানও দেওয়া যায়। বিনিয়োগও কম লাগবে। তবে বুটিক ব্যবসার প্রস্তুতি নিতে হবে অনেক আগে থেকেই।চ্যালেঞ্জ বুটিকসের স্বত্বাধিকারী সালেহা বেগম শাহিন বলেন, ‘আমি বাবার কাছ থেকে মাত্র তিন হাজার টাকা পুঁজি নিয়ে বুটিকের কাজ শুরু করেছিলাম। শুরুতে নিজেদের কাজ বিনা খরচে করে দিতাম। নিজের আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের চাহিদামোতাবেক ভালো কাজ করতে পারলে ছোট একটি বুটিক একদিন আপনার আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারে।’ মৌসুমি ব্যবসা শুরু করে তা একদিন আপনার স্থায়ী উপার্জনের মাধ্যম হতে পারে। উৎসবের এই ছোট আয়োজনের ব্যবসা ঘুরিয়ে দিতে পারে আপনার জীবনের মোড়ও।