ঈদের আগে মৌসুমি কাজ
ঈদ নিয়ে প্রস্তুতির কমতি নেই। ফ্যাশন হাউসগুলোর ব্যস্ততা মাত্রাহীন। আর এই ব্যস্ততা কাজের সুযোগ করে দিয়েছে কিছু শিক্ষার্থীর। রোজার শুরু থেকেই ক্লাসের ঢিমেতাল শুরু হয়ে গেছে। তাই শুধু শুধু ঘরে বসে না থেকে অনেকেই সময়টাকে কাজে লাগাচ্ছেন। উদ্দেশ্য, যদি কিছু টাকা হাতে আসে আসুক না। ঈদটা তো তাহলে আরও জমজমাট হয়ে উঠবে। নগরের বিভিন্ন ফ্যাশন হাউসে ঈদের আগে খণ্ডকালীন কাজ করছেন শিক্ষার্থীরা।ফ্যাশন হাউস অরণ্যতে কাজ করছেন বেশ কিছু শিক্ষার্থী। তাঁদের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদের আগের এই সময়টাতে ক্লাস তেমন হচ্ছে না। তাই বসে না থেকে সময়টাকে কাজে লাগাতে পেরে বেশ ভালোই লাগছে শোভন, কাওসার, শাওন, জেনিসদের। জেনিস বাঙলা কলেজে ম্যানেজমেন্টে অনার্স করছেন। এবারই প্রথম বর্ষে। আর এবারই প্রথম এ ধরনের খণ্ডকালীন কাজ করছেন। বেশ উচ্ছ্বসিত ভাষায় তিনি বলেন, ‘নিজে কিছু করতে পারছি, তাই ভালো লাগছে বেশি। এবারের ঈদে পকেট খরচটাও বেশ ভালোই জুটবে।’ বঙ্গবন্ধু কলেজের একাদশ শ্রেণীর ছাত্র রফিক। সেও খণ্ডকালীন কাজ করছে একটি ফ্যাশন হাউসে। জানতে চাই, ঈদের পরও কি এমন কাজ করার ইচ্ছা আছে? জবাব, ‘না, পড়াশোনা ফেলে তো আর কাজ করতে পারব না। এখন পড়ার চাপ নেই, তাই কাজটা করছি।’ফ্যাশন হাউস ডিঙিতে কাজ করছেন বেশ কিছু শিক্ষার্থী। শুধু ছেলেরাই নয়, মেয়েরাও কাজ করছেন এই অবসর সময়ে। বাবু মিরপুর বাঙলা কলেজে পড়ছেন। ইংরেজি তৃতীয় বর্ষ। ‘এসব দোকানে ঈদের সময় কিছু লোক নেয়ই। আর শিক্ষার্থীরাই এ ক্ষেত্রে সুযোগ পায় বেশি। তাই বসে না থেকে সুযোগটাকে কাজে লাগালাম আমিও। কিছু টাকাও হাতে এল।’ সময়টা বেশ চলে যাচ্ছে বাবুদের। দিনভর বিভিন্ন ধরনের ক্রেতার সঙ্গে বাতচিত। আর মাস শেষে কিছু টাকা হাতে আসবে, সেটার সুখানুভূতি। তবে কী করবেন সে টাকা দিয়ে, তা এখনো ঠিক করা হয়ে ওঠেনি বাবুর। বললেন, ‘আগে পাই তো টাকাটা, তখন না হয় ভেবে নেব কী করব না-করব।’অবশ্য ফ্যাশন হাউস তনুশ্রীতে কাজ করা মেহেদি ও কায়সার পরিকল্পনা করে ফেলেছেন তাঁদের টাকাটা দিয়ে তাঁরা কী করবেন। দুজনই এ বছর মিরপুর কমার্স কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করলেন।অঞ্জন’সে কাজ করছে শাওন। শাহ আলী কলেজে দ্বাদশ শ্রেণীতে পড়ছে সে। সারা দিন দাঁড়িয়ে থেকে কাজ করতে একটু কষ্ট হয় বটে। কিন্তু বাড়িতে গেলেই মায়ের আদরে সব কষ্ট দূরে চলে যায়। আর মাস শেষে যে টাকাটা আসবে, সেটা দিয়ে মায়ের জন্য অনেক কিছু কেনা যাবে, ভাবতেই নতুন উদ্যমে কাজ করে সে। পরে কিছু টাকা থাকলে না হয় নিজের জন্যও কেনা যাবে। আর কাজের ফাঁকে ফাঁকে তো আড্ডাটাও হয় মাঝেমধ্যেই। তাই ক্লান্তি ওভাবে ঘিরে ধরে না।ঈদের আগে এমন মৌসুমি কাজ বেশ সহায়তা করে শিক্ষার্থীদের। এমন কাজ পেতে হলে আগে থেকেই ফ্যাশন হাউসগুলোতে যোগাযোগ রাখতে হবে। তারপর সময় এলেই নিজের জীবনবৃত্তান্ত দিয়ে নির্বাচিত হলেই শুরু করা যাবে কাজ।