ঈদের আগেই প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চপিং বোর্ড
চপিং বোর্ড

উৎসবের আনন্দ তো থাকবেই, তবে এই ঈদের কাজও কিন্তু কম নয়। আগে থেকেই কিছু প্রস্তুতি নিয়ে রাখলে ঈদের দিনটা অনেকটা ঝামেলামুক্তভাবে কাটানো যাবে।
ঈদের আগেই প্রস্তুত করে ফেলুন কোরবানির প্রয়োজনীয় জিনিসপত্র। বাসায় থাকা ছুরি-চাকু, বঁটি ও চাপাতিগুলো ভালো আছে কি না দেখে নিন। ছুরি, চাপাতিগুলো মরিচা পড়ে গেলে আপনার আশপাশের কামারশালা থেকে শাণ করিয়ে নিন। ইচ্ছে করলে ধারালো করার যন্ত্র কিনে নিজেই শাণ দিয়ে নিতে পারেন। ঈদের আগের দিন পশু জবাই করার ছুরি, চামড়া ছেলার ছুরি, চাপাতি, প্লাস্টিক ম্যাট, গাছের গুঁড়িসহ সবকিছু প্রস্তুত রাখুন। ছুরি-চাপাতি কোনো কিছু না থাকলে আশপাশের কামারশালা বা দোকান থেকে কিনে নিন। সবকিছু প্রস্তুত থাকলে ঈদের দিন আর বাড়তি ঝামেলা পোহাতে হবে না।

দরদাম:
বাজারে বিভিন্ন দামের ছুরি, চাপাতি পাওয়া যায়। ছোট ছুরি প্রতিটি ৯০-৪০০ টাকা। বড় ছুরি প্রতিটি ৩০০-৮০০ টাকা। গরু জবাই করার ছুরি প্রতিটি ২৫০-৯০০ টাকা। দেশি চাপাতি ৬৫০-৯৫০ টাকা। বিদেশি চাপাতি ৬৫০-১৮৫০ টাকা। বঁটি প্রতিটি ২০০-৫০০ টাকা। হাড় কাটার ছোট চায়নিজ কুড়াল ৫৫০-৭০০ টাকা। গাছের গুঁড়ি ৩০০-৮০০ টাকা। মাংস রাখার পলি ও প্লাস্টিক ম্যাট ২০০-৩০০ টাকা।

রান্নাঘরের অনুষঙ্গ: কাঠের চপিং বোর্ড প্রতিটির মূল্য ৪৫০ টাকা। ফাইবার চপিং বোর্ড প্রতিটি ৭০০-১২০০ টাকা। কাচের চপিং বোর্ড প্রতিটি ১৬০০ টাকা। মিট হ্যামার ২৯০-৪০০ টাকা। কিমা মেশিন ১৬৫০- ৪০০০ টাকা। হ্যান্ড মিট কাটার ২৫০-৫০০ টাকা। জীবাণু ও দুর্গন্ধনাশক তরল এক বোতল ১৮৫ টাকা। জীবাণু ও দুর্গন্ধনাশক ক্লোরেক্স, যার দাম ২৫০-৬০০ টাকা। গার্বেজ ব্যাগ ১০০টি ২০০ টাকা।

যেখানে পাবেন

ছুরি, বঁটি, চাপাতিসহ সব জিনিসই পাবেন ঢাকা নিউ সুপার মার্কেট (নিউমার্কেট), বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, কারওয়ান বাজার, গুলশান ১ ডিসিসি মার্কেট, গুলশান অ্যাভিনিউর ফিক্স ইট, চকবাজার, ঠাটারীবাজারে। আশপাশের কামারশালা থেকেও কিছু জিনিস পেয়ে যাবেন।