ঈদের আনন্দ আমারও
ঈদ মানে উৎসব। ঈদ মানে আনন্দ। এই আনন্দের কিছুটা ভাগ আমার কাছেও আসে, যদিও আমি হিন্দু ধর্মাবলম্বী।
ঈদের একটা ভালো লাগার সময় হচ্ছে, বাড়ি যাওয়ার জন্য যাত্রা। রাস্তায় জ্যাম, ধাক্কাধাক্কি, হইচই, ঝগড়াসহ নানান ঝঞ্ঝাট। কিন্তু তারপরও ঘামে ভেজা প্রত্যেকটা মানুষের চোখে মুখে উচ্ছ্বাস। বাড়ি ফেরার আনন্দ। এই দৃশ্যটা খুব শান্তি দেয়।
ঈদের দিনে সকাল বেলা পাঞ্জাবি পরে বের হয়ে প্রথম কাজ হচ্ছে সেলিম ভাইয়ের বাসায় যাওয়া। ভালো লাগে যখন সালাম করার পর ভাইয়া-ভাবি এখনো কচ কচা পাঁচ টাকা, দশ টাকার নোট সেলামি দেয়। তারপর সারা দিন এই বাড়িতে খাওয়া-দাওয়া, আড্ডা, গান। বিকেল থেকে ঈদের পরের কয়েক দিন যায় বন্ধুদের বাসায় ঘোরাঘুরি, খাওয়া-দাওয়া আর আড্ডা। এই ঈদের সময়টাতেই দেখা হয়ে যায় পুরোনো অনেক বন্ধুর সঙ্গে। তারপর চলে স্মৃতিচারণ।
ফুল পিঠা আমার বেশ প্রিয়। আমার মা পৃথিবীর সবচেয়ে সেরা রাঁধুনি হওয়া সত্ত্বেও এই ফুল পিঠাটা তৈরি করতে পারে না। এই প্রিয় জিনিসটার স্বাদ নেওয়া যায় ঈদের সময়টাতেই। ঈদ-পুজোর আনন্দটা ছোঁয়াচে। একজন থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে যায়। আনন্দের ফল্গুধারায় সিক্ত হয় সবাই। সব সময় এমন হোক। জীবন হোক আনন্দময়।