ঈদের কেনাকাটায় বাড়তি আকর্ষণ পুরস্কার

একমনে কুপন পূরণ করছিলেন পেশায় শিক্ষক জাকিয়া ইসলাম। তাঁর নয় বছর বয়সী ছেলে জুনায়েদ লাবিব তখন টাটা ন্যানো ব্র্যান্ডের গাড়ি দেখায় ব্যস্ত। শপিং মলের সিঁড়ির মুখেই গাড়িটি সাজিয়ে রাখা। কুপন ফেলার পর একসময় মায়ের কাছে জিজ্ঞাসা, ‘আমরা কি গাড়িটা পাব?’ এর উত্তরে মায়ের মুখে ছিল শুধুই হাসি।
ধানমন্ডির সীমান্ত স্কয়ারে এভাবেই ঈদের কেনাকাটার পর কুপন পূরণ করছেন ক্রেতারা। যেকোনো দোকান থেকে ন্যূনতম ৫০০ টাকার পণ্য কিনলেই পাওয়া যাচ্ছে একটি কুপন। নাম-ঠিকানা, ই-মেইল ও মুঠোফোন নম্বর দিয়ে সেই কুপনের একটি অংশ জমা দিতে হচ্ছে। আগামী ২১ সেপ্টেম্বর র্যাফল ড্র করে বিজয়ীদের দেওয়া হবে গাড়ি, এসি, ফ্রিজ, ল্যাপটপ, টিভি, এয়ার টিকেটসহ নানা পুরস্কার।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন শপিং মলে ক্রেতাদের দেওয়া হচ্ছে নানা পুরস্কার। কোথাও দেওয়া হচ্ছে গিফট ভাউচার, আবার কোথাও আছে র্যাফল ড্রর ব্যবস্থা। জেনেটিক প্লাজায় যেমন ৩০০ টাকার কেনাকাটা করলেই র্যাফল ড্রয়ে অংশ নেওয়া যাচ্ছে। এক দিন পরপর অনুষ্ঠিত এই ড্রয়ে প্রথম পুরস্কার হিসেবে থাকছে এক হাজার টাকার গিফট ভাউচার। এ ছাড়া ৯টি ৫০০ টাকার গিফট ভাউচারও আছে। ঈদের আগের দিন হবে মেগা ড্র। তাতে প্রথম পুরস্কার হিসেবে থাকবে ২০ হাজার টাকার গিফট ভাউচার।
ঈদের কেনাকাটা করতে আসা রায়েরবাজারের বাসিন্দা তাসমিয়া তাহমিন বলেন, র্যাফল ড্রর আগ পর্যন্ত কুপনগুলো সংগ্রহে রাখেন তিনি। এখন পর্যন্ত কিছু পাননি কখনো। তবে সহাস্যে বললেন, ‘আশা করতে তো বাধা নেই।’
যমুনা ফিউচার পার্কে প্রতিদিনই আছে ড্রর ব্যবস্থা। নির্দিষ্ট টাকার কেনাকাটা করলেই কুপন দেওয়া হচ্ছে। প্রতিদিন রাত ৯টা ১০ মিনিটে ড্র হয়। তাতে ১০ হাজার টাকা মূল্যমানের তিনটি গিফট ভাউচার ও যমুনা ফিউচার পার্কের বিভিন্ন এন্টারটেইনমেন্ট জোনের আরও সাতটি জোড়া টিকেট দেওয়া হয়। আর সব কুপন জমা করে আগামী ২২ জুলাই অনুষ্ঠিত হবে গ্র্যান্ড র্যাফল ড্র। পুরস্কার হিসেবে থাকবে গাড়ি, মোটরসাইকেল, ল্যাপটপসহ আরও অনেক কিছু।
বসুন্ধরা সিটি শপিং মলে কথা হয় এশা আফরোজের সঙ্গে। নতুন নকশার জুতা খুঁজছেন তিনি। বিভিন্ন শপিং মলে পুরস্কার দেওয়ার হিড়িক নিয়ে বলেন, ঈদে কেনাকাটা করার বিশেষ আগ্রহ থাকে সবার মধ্যেই। আর কেনাকাটা করে বাড়তি কিছু পেলে তো কথাই নেই।
অন্যদিকে বসুন্ধরা সিটি শপিং মলে স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে তাৎক্ষণিকভাবে পুরস্কার দেওয়া হচ্ছে। ৫০০ টাকার কেনাকাটা করলেই মিলছে স্ক্র্যাচ কার্ড। আর তা থেকে পুরস্কার হিসেবে পাওয়া যাচ্ছে গাড়ি, মোটরসাইকেল, সোনার আংটি, ল্যাপটপ, ডিনার সেট, স্মার্টফোন ইত্যাদি। বসুন্ধরা সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, এই কর্মসূচিতে তারা ভালো সাড়া পাচ্ছে। পুরস্কারের সংখ্যা আরও বাড়ানোর চিন্তাভাবনাও করা হচ্ছে।