ঈদের কেনাকাটায় ব্যাংক কার্ড বিষয়ক সতর্কতা

চলছে ঈদের কেনাকাটার মৌসুম। রমজানের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে ঈদ উপহার কেনা, বাড়ি ফেরার টিকিট সব মিলিয়ে ব্যস্ততা চরমে। এ সময় গুনতে হয় বাড়তি টাকা। তবে নানা ধরনের ব্যাংক কার্ডের বদৌলতে চেক হাতে বারবার দৌড়াতে হয় না ব্যাংকে। এটিএম বুথ থেকে টাকা তুলে যেমন প্রয়োজন মিটছে নিমেষে, তেমনি কার্ড ঘষে দোকানে বসেই করা যাচ্ছে পণ্যের মূল্য পরিশোধ। কিন্তু কার্ড ব্যবহারে আপনি যথেষ্ট সচেতন তো? নানা ধরনের ডেবিট ও ক্রেডিট কার্ডের যথাযথ ব্যবহার, সংরক্ষণ এবং নিরাপত্তা বিষয়ে জেনে রাখুন কার্ডের নানা খুঁটিনাটি।
যান্ত্রিক গোলযোগ
‘গত বছরের ঈদের আনন্দটাই মাটি হয়ে গেছে, শেষ মুহূর্তে টাকা তুলতে গিয়ে বুথে আটকে যায় কার্ড। ব্যাংকে জানিয়েও তাত্ক্ষণিক সমাধান মেলেনি। কার্ড পেতে অপেক্ষা করতে হয়েছে ঈদের পরও আরও এক সপ্তাহ’ এভাবেই নিজের তিক্ত অভিজ্ঞতার কথা বলছিলেন রাজধানীতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রাশেদ হাসান। ঈদের আগে টাকা তোলার আর কোনো বিকল্প পথ ছিল না রাশেদের। মেশিনের ত্রুটির কারণে টাকা কিংবা কার্ড কোনোটিই বের হয়নি। হাসানের মতো এ রকম ঘটনা অনেকের ক্ষেত্রেই ঘটে। আবার অনেক সময় কার্ড বের হলেও টাকা আসে না। অথচ অ্যাকাউন্ট থেকে ঠিকই টাকা কেটে যায়।
ডেবিট বা ক্রেডিট কার্ডে বুথ থেকে টাকা তোলার এমনতরো ঘটনায় তাত্ক্ষণিক করণীয় সম্পর্কে সিটি ব্যাংক লিমিটেডের কার্ড বিভাগের প্রধান মাজহারুল ইসলাম বলেন, সাধারণত তিনবার ভুল পিন নম্বর দিলে কিংবা বিশ সেকেন্ডের মধ্যে মেশিন থেকে কার্ডটি গ্রহণ না করলে তা আটকে যেতে পারে। এ রকম হলে যত দ্রুত সম্ভব সংশ্লিষ্ট ব্যাংকে জানাতে হবে।’ মেশিন থেকে টাকা না পেলেও অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া টাকা ফেরত পাওয়া সম্পর্কে তিনি জানান, ‘সম্পূর্ণভাবে টাকা না বের হলে কার্ডধারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে মেশিনের নির্ধারিত স্থানসহ দুই ধাপে খতিয়ে দেখা হয় বিষয়টি। এ জন্য ন্যূনতম তিন কার্যদিবস সময় লাগে। এক ব্যাংকের কার্ড অন্য ব্যাংকের বুথে ব্যবহার করা হয়ে থাকলে সময় আরও বেশি লাগতে পারে।
কার্ড দিয়ে কেনাকাটা
ব্যস্ততার কারণে পণ্যের দামের সঙ্গে কার্ড থেকে টাকা কাটার গরমিল চোখ এড়িয়ে যাচ্ছে না তো! বিশেষত ঈদের কেনাকাটার সময়। কার্ড দেওয়ার পর টাকার রসিদটি ভালোভাবে দেখে তারপর স্বাক্ষর করুন। একবার চোখ বুলিয়ে নিন পণ্যের তালিকায়। কার্ড ব্যবহারের চার্জ বাবদ বাড়তি টাকা কাটা হচ্ছে কি না, সেটাও জেনে নিন।
ঈদের কেনাকাটা সাধারণত অনেক রাত পর্যন্ত চলে। পাশাপাশি অনেক দোকানে একই কার্ড বারবার ব্যবহারের ক্ষেত্রে একটু সংযমী হওয়া ভালো। আশপাশের পরিবেশ, লোক সমাগম, ভিড়ের ব্যাপারটিও মাথায় রাখা জরুরি। অনেক সময় ছোটখাটো দোকানে কার্ডে টাকা শোধের ব্যবস্থা না থাকায় অন্য কোথাও থেকে মূল্য পরিশোধের কথা বলে কার্ড চাইতে পারেন কোনো দোকানি। এসব ক্ষেত্রে দরকার বাড়তি সতর্কতা। এমন পরিস্থিতিতে বাধ্য হলে কার্ড কারও হাতে না দিয়ে নিজেই সঙ্গে গিয়ে কার্ড ব্যবহার করুন।
আর বুথ থেকে টাকা তুলতে হলে বুথে ঢোকার আগেই দারোয়ানের কাছ থেকে জেনে নিন মেশিন ঠিক আছে কি না। যথাসময়ে টাকা এবং কার্ড বুঝে নিন। পেছনের লাইন যতই বড় হোক না কেন, তাড়াহুড়ো করে বের না হয়ে স্লিপটা দেখে হিসাব মিলিয়ে বুথ থেকে বের হন।
কার্ডের যত কোড
আপনার কার্ডের গোপন নম্বরটি (পিন নম্বর) যেন গোপনই থাকে। কোথাও লিখে না রেখে মুখস্থ রাখুন। আর কোথাও লিখতে হলে তার আগে-পরে অন্য কিছু যুক্ত করে এমনভাবে লিখুন, যাতে এটা যে কার্ডের কোড, তা যেন অন্য কেউ বুঝতে না পারে। আর তা অবশ্যই কার্ডের সঙ্গে রাখবেন না। ভুলে যাওয়ার ভয়ে কখনোই কার্ডের গায়ে বা কার্ড কভারে কোড লিখে রাখবেন না। মোবাইলের ফোন বুকে বা নোটবুকে না লিখে প্রয়োজনে অন্যত্র অন্যভাবে সংরক্ষণে রাখুন। আপনার ব্যাংকিং কার্ডটি যে ধরনেরই হোক না কেন, কার্ডের গায়ে কার্ড নম্বর, সিকিউরিটি কোড, মেয়াদ উত্তীর্ণের সাল, কল সেন্টারের নম্বর উল্লেখ থাকেই। এগুলো বিভিন্ন সময় প্রয়োজন হয়। তাই সুবিধাজনক জায়গায় এসবও লিখে রাখুন। কোনো অবস্থাতেই কাউকে নিজের কার্ডের তথ্যাদি দেবেন না। এমনকি ফোন করে কেউ জানতে চাইলেও না। মনে রাখবেন, আর যা-ই হোক, ব্যাংক থেকে কখনোই আপনার গোপন নম্বর জানতে চাইবে না।
কার্ড যখন অন্যের হাতে
ছিনতাইকারীর কবলে পড়েই হোক বা অন্য কোনোভাবে আপনার কার্ড হাতছাড়া হয়ে অন্যের হাতে চলে গেলে সঙ্গে সঙ্গেই ব্যাংকে জানিয়ে দিন। ক্রেডিট কার্ডে কেনাকাটায় যেহেতু কোনো গোপন নম্বর লাগে না, তাই যে কেউ হয়তো তা ব্যবহার করে ফেলতে পারে। প্রয়োজনীয় তথ্য ব্যাংকে জানিয়ে রাখুন। কেনাকাটার ব্যস্ততায় কার্ড হারানো, চুরি বা ছিনতাই অস্বাভাবিক কোনো ঘটনা নয়। ‘তাই এ রকম ক্ষেত্রে ব্যাংকের কল সেন্টারে জানালে তাত্ক্ষণিকই কার্ডটি ব্লক করে দেওয়া হয়। এ ছাড়াও কয়েকটি ব্যাংকের নিজস্ব পর্যবেক্ষণ ব্যবস্থা আছে। অস্বাভাবিকভাবে বা বেশি পরিমাণে (এক লাখের বেশি) টাকা তুললে গ্রাহককে ফোন করে বিষয়টি নিশ্চিত হওয়া হয়’ বলেও জানালেন সিটি ব্যাংকের মাজহারুল ইসলাম।
কার্ড থাক সযতনে
সব সময় কাছে কার্ড না রাখাই বুদ্ধিমানের কাজ। একাধিক কার্ড একসঙ্গে রাখলেও থাকে বাড়তি ঝুঁকি। কেনাকাটা বা টাকা তোলার আগে প্রয়োজন বুঝে কার্ড নিয়ে বের হোন। নিজের মানিব্যাগ, ভ্যানেটি ব্যাগ বা পার্সে কার্ড নেওয়া যেতে পারে। তবে সব সময় মানিব্যাগে কার্ড রাখলে অল্প দিনেই তা ভেঙে যেতে পারে। অনেক সময় সিকিউরিটি কোডটিও মুছে যায়। যতটা সম্ভব কার্ড কভার বা কার্ড হোল্ডার ব্যবহার করুন। পরিত্যক্ত বা বাতিল কোনো কার্ড থাকলে তা জমিয়ে না রেখে কেটে নষ্ট করে ফেলুন।