ঈদের খাদ্যপণ্যের দাম নিয়ে অভিযোগ নেই ক্রেতাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ ঘনিয়ে আসছে। অন্যান্য কেনাকাটার পাশাপাশি ঈদের খাবারের আয়োজন নিয়েও তাই তোড়জোড় শুরু হয়েছে ইতিমধ্যে। তবে এবার ঈদের খাবার হিসেবে প্রচলিত বাদাম, কিশমিশ, সেমাই, ঘি, নুডলস, পোলাওর চাল ও মসলাপাতির দাম প্রায়ই স্থিতিশীল রয়েছে। ঈদের আগপর্যন্ত দামের খুব একটা হেরফের হবে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। অপরদিকে, এসব খাদ্যপণ্যের দাম নিয়ে ক্রেতাদের কাছ থেকেও তেমন অভিযোগ শোনা যাচ্ছে না।কয়েক দিন খাতুনগঞ্জ ও রিয়াজউদ্দিন বাজারের বিভিন্ন দোকান ঘুরে দেখা গেছে, ক্রেতারা ব্যস্ত প্রয়োজনীয় কেনাকাটা নিয়ে। ব্যবসায়ীদেরও তেমন ফুরসত মিলছে না। মাহমুদুল ইসলাম নামে এক ক্রেতা বললেন, ‘শেষ মুহূর্তে অনেক ঝামেলা হয়। তাই আগেভাগেই খাদ্যপণ্যের কেনাকাটা সেরে ফেলছি। দেখলাম সেমাই, নুডলস, ঘি, পোলাওর চাল প্রভৃতির দাম আগের মতোই আছে, তেমন বাড়েনি।’ ব্যবসায়ী মো. আতাহার জানালেন, ‘পণ্যের সরবরাহ ঠিক থাকলে দাম বাড়িয়ে রাখব কেন? আমরাও চাই ক্রেতাকে স্বল্পমূল্যে মানসম্পন্ন পণ্য দিতে।’ দরদাম: রিয়াজুদ্দিন বাজারে ভালো মানের কাঠবাদাম ৪৮০-৫০০ টাকা এবং নিম্নমানের ৯০ টাকা কেজি বিক্রি হচ্ছে। পাকিস্তানি পেস্তা বাদাম এক হাজার ৫১৯ টাকা, দেশি চীনাবাদাম ৭০ টাকা, খোরমা (সাদা) ৯০ টাকা ও (লাল) ১০০ টাকা, দেশ ও মানভেদে খেজুর ৬০-১৩০ টাকা বিক্রি হচ্ছে। এ ছাড়া শুকনা খেজুর ১১৫-১৪৫ টাকা, লাচ্ছা সেমাই ১২০ টাকা, কিসমিস ২৬০ টাকা (ভারতীয়) ও ২৮০ টাকা (ইরান), কাজু বাদাম ৭০০ টাকা (ভারতীয়), আলুবোখারা ২৮০-২৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। খাতুনগঞ্জের বিভিন্ন দোকানে পোলাও চাল চিনিগুঁড়া ৭৫ ও গোবিন্দভোগ ৫৬ টাকা, মরিচ ১০০-১২০ টাকা, এলাচি দুহাজার ৫৫০ টাকা, দারুচিনি ১৮০ টাকা, লবঙ্গ ৬২০ টাকা, জিরা ২৮০-৩২০ টাকা কেজি বিক্রি হচ্ছে। মাছুমা বেগম নামে এক ক্রেতা জানান, ‘কম দাম এবং মানসম্পন্ন পণ্য কিনতেই এখানে আসা। জিনিসপত্রের দামও দেখি তেমন বাড়েনি।’