ঈদের খুশি
ঈদ মানেই তো আনন্দ, ঈদ মানেই তো খুশি। আর এই আনন্দ, এই খুশি হাজার গুণ বেড়ে যায় যখন ঈদের সারা দিন অনেক বেশি উপভোগ করা যায়। ঈদের সারা দিন যেন ব্যস্ততম দিন হয়ে যায় সবার জন্য, বিশেষ করে আমার বয়সী ছেলেদের জন্য তো বটেই। অনেক মজার অভিজ্ঞতার মধ্য দিয়েই দিনটা পার হয়।
সেই মজার অভিজ্ঞতাগুলো পেটের মধ্যে খুব ভাটুরভুটুর করছিল। আজকে সুযোগ পেয়েছি তা বলে ঠিক করার। চলুন ঘুরে আসা যাক আমার ঈদের মজার সব অভিজ্ঞতার স্মৃতির পাতা থেকে।
সবার কী হয় জানি না, তবে আমার ঈদ শুরু হয়ে যায় চাঁদ রাত থেকেই। চাঁদ রাতে টিভিতে যখন সেই বিখ্যাত গান ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ শুনি, তখন যেন আনন্দে মনটা নেচে ওঠে। তখনই পটকা, আতশবাজি নিয়ে বের হয়ে পরি সবাইকে জানান দিতে যে কাল ঈদ। কারও বাড়ির সামনে, কারও আবার বাসার ভেতরে চুপচাপ করে গিয়ে পটকা ফুটিয়ে দৌড় দিয়ে লুকিয়ে যাওয়ার অভিজ্ঞতা আসলেই অনেক মজার। গোটা গ্রামে শব্দ দূষণ করা শেষে বাসায় এসে রাতে যখন ঘুমোতে যাই, ঘুম আর আসতেই চায় না। শুধু মনে হয়, কখন সকাল হবে আর কখন সেলামি পাব। এই সব ভাবতে ভাবতে কখন যে ঘুমায় যাই বুঝতেই পারি না।
সকালে ঘুম থেকে উঠে সাবান-শ্যাম্পু নিয়ে পুকুরে গিয়ে লাফ। গোসল শেষ করে পাঞ্জাবি পরে আয়নার সামনে গিয়ে নিজেকে দেখা আর ভাবা ইসসস!! একবারে নায়ক নায়ক লাগছে। তারপর অল্প কিছু খাওয়া মুখে দিয়ে সেলামির জন্য বের হওয়া। সেলামির জন্য যে কত জায়গায় যাই, বলে শেষ করা যাবে না। কারও বাসায় গিয়ে চুপ করে বসে থাকি। কারণ, জানি যে আজকের দিন কেউ খালি হাতে ফিরাবে না। সেলামি পেয়ে গেলে যাই নামাজে। একবার তো নামাজ শেষ করে দেখি, আমার নতুন স্যান্ডেল কেউ নিজের মনে করে নিয়ে গেছে। সেবার এত মন খারাপ হয়েছিল যে বলে বোঝাতে পারব না। খালি পায়ে বাসায় আসার অভিজ্ঞতাটাও হয়ে গিয়েছিল। বাসায় এসে সে কী কান্না!
ছোটবেলার এই কথাটা মনে পড়লে এখন খুব হাসি পায়। এরপর আসি ঈদের দিনের খাওয়া-দাওয়ায়। আম্মুর হাতের পোলাও, বিরিয়ানি, মাংস, রোস্ট, ভাজা মাছ, সঙ্গে দই-মিষ্টি খাওয়ায় যে কী মজা! যখন খাই মনে হয় কেনো যে ঈদটা প্রতিদিন হয় না। একবার তো এত খেয়ে ফেলেছিলাম যে সারা বিকেল বিছানায় শুয়ে থাকতে হয়েছে। তারপর থেকে খাওয়া একটু কমিয়েছি।
ঈদের দিন বিকেলে ছোট-বড় ভাইদের সঙ্গে নদীতে ঘুরতে যাওয়ার অভিজ্ঞতাটা ভোলার মতো না। নৌকায় উঠে নৌকার ওপর নাচানাচি, নদীর পানিতে পা দিয়ে থাকা, নৌকার একদম সামনে গিয়ে টাইটানিক পোজ দেওয়া, আরও কত কী! নৌকা থেকে নেমে চরে গিয়ে পেয়ারা, কামরাঙা মাখানো কাড়াকাড়ি করে খেতে গিয়ে সব হাত থেকে পরে যাওয়া।
একবার হয়েছে কী—সন্ধ্যায় রেস্টুরেন্টে গিয়ে আমরা ছোটরা সেই খাই-দাই করলাম। খেয়ে-দেয়ে বড় ভাইদের গিয়ে বললাম যে খাওয়া শেষ, আমরা গেলাম, বিল দিয়ে দিয়েন। ভাইগুলো তো না করতে পারেননি। ভাবিরা যে সঙ্গে ছিলেন! তারপর বাসায় গিয়ে ঘুমানোর আগে সারা দিনের সবকিছু মনে করা আর নিজের অজান্তেই হাসি পাওয়া আর ভাবা কবে যে আবার ঈদ আসবে। এরপর ভাবতে ভাবতে ঘুমিয়ে যাওয়া পরের ঈদের অপেক্ষায়।