ঈদের ছুটি ফিরছি বাড়ি
আকাশের কোলজুড়ে হেসে উঠেছে বাঁকা চাঁদ। তাই এবারের ছুটিটা লাচ্ছি-ফিরনি-জর্দার। ছুটিটা ঈদের। তাই নিয়ে হইহই রইরই পড়ে গেছে সবার মধ্যে। সেই কোলাহলের গন্ধটা ছড়িয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ঢাকা মেডিকেল, বুয়েট, ইডেন কলেজ হয়ে সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঝাউয়ের শাখা পর্যন্ত। ফিরতে হবে বাড়ি। বন্ধুদের সঙ্গে দেখা হবে না অনেক দিন। তাই ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়া কজন শিক্ষার্থী মিলিত হয়েছিল টিএসসিতে এক আড্ডায়। সেখানেই উঠে এলো ঈদে বাড়ি ফেরার নানা গল্প।ছুটিটা ঈদের বলেই ভাড়াটা এবার একটু বেশিই বলা যায়। মায়ের মিষ্টি মুখটা আর মায়ের হাতের মিষ্টি পিঠা-পুলি খাওয়ার লোভে চকচক করে উঠতে দেখা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহীনের মুখটা। বরিশালের লঞ্চের টিকিটটা তাই কিনে ফেলেছেন আরও এক সপ্তাহ আগে।পরীক্ষা, ক্লাস আর অ্যাসাইনমেন্টের চাপে পিষ্ট বুয়েটের আসিফের বাড়ি ফেরা হয় না বহুদিন। এবার বাড়ি থেকে এসেছে দুই মাস হয়ে গেছে তাঁর। আসার সময় মা তাঁর কনিষ্ঠাঙ্গুলে আস্তে করে কামড় কেটে বলেছিলেন, ‘ভালো থাকিস খোকা।’ মায়ের সে শুভকামনাটার নিশ্চয়ই মোবাইল ফোনের সিমের মতো মেয়াদোত্তীর্ণ হওয়ার কোনো আশঙ্কা নেই। তবু ঈদের ছুটিতে এবার তাড়াতাড়িই বাড়ি ফিরবেন তিনি। মা হয়তো চোখের জলে এরই মধ্যে ভিজিয়ে ফেলেছেন আঁচল।ইডেনের সাহিদার খবরটা তো দেওয়াই হয়নি। তাঁর বন্ধু রুমির কাছে জানা গেল, সাহিদা এখন মায়ের কোলে বসে মজার মজার খাবার খেয়ে চলছেন। গতকালই তিনি পৌঁছে গেছেন বাড়ি। ফোনে ফোনে রুমিকে জানালেন তা। রুমিরও টিকিট কাটা হয়ে গেছে। ঈদের কেনাকাটাও শেষ। আজকালের মধ্যেই দেবেন ছুট।ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারমিন, সুরভী, বাবু, বনি, ঐশ্বর্য আর রিনাদের আজ থেকে শুরু হলো ছুটি। গতকালই শেষ হলো পরীক্ষা আর অ্যাসাইনমেন্ট জমা দেওয়া। আহ্, এবার পাখি হয়ে উড়াল দেওয়ার বাকি। বাড়ি চলে যাবেন বহুদিনের জন্য, তাই বন্ধুদের জন্য আজকের দিনটি তাঁদের। ইচ্ছেমতো ঘুরে ঘুরে কাটাবেন সারাটি বেলা। কাল থেকে যাঁর যাঁর বাড়ি ফেরার পালা।তামিমা আর শুভ তো রীতিমতো ঈদের কেনাকাটা নিয়ে কাটাচ্ছেন ব্যস্ত সময়। তাতে কী, বাসের টিকিট বুকিং দিয়ে রেখেছেন সময়মতো ঠিকই। আরিফের পরিকল্পনাটা শুনলে মজাই পাবেন সবাই। এবার সাইকেলে চড়ে বাড়ি যাবেন তিনি! যশোর পর্যন্ত সাইকেলে চড়ে বাড়ি যাওয়ার গল্পটা ও ফিরলেই না হয় শোনা যাবে।সুমনের মুখে জানা গেল, জাহাঙ্গীরনগরের বটতলার জটলাটা আস্তে আস্তে কমতে শুরু করেছে। কমবেই বা না কেন; স্বর্ণা, তারিক, লাবণী, আহাদ এই মুহূর্তে বাড়ির পথে। রকি, সুমি, অজিত, কুহু বাড়ি বসে ভাজছেন খই। কারণ বাড়িতে তো মনের ভুলেও খই নিয়ে যাননি কেউ। তেমন কাজ নেই তাই। তো কী আর করা, ‘নাই কাজ তো খই ভাজ’ বলেই হাসতে হাসতে গড়িয়ে পড়লেন রুপম। ইয়া বড় একটি ব্যাগ কোনো রকম টেনেহেঁচড়ে হলের গেট থেকে বের করতে করতে বাপ্পিকে বলছিলেন বন্ধুদের খই ভাজার কাহিনি। রুপমের ব্যাগ বিশাল আকৃতির হওয়ার অবশ্য কারণ আছে। এবার টিউশনির টাকার পুরোটা দিয়ে কেনাকাটা করে অস্থির যেন। মায়ের জন্য শাড়ি, বোনের জন্য জামা, বাবার জন্য নতুন ব্যাগ আর ছোট ভাইটার জন্য স্পাইডারম্যান শার্ট।ইমরুল, ফাহিম, মুন্না যে এবার টিকিট পাননি, সে খবরটা পেয়েছেন কেউ? ‘আহা রে’ করে উঠেছেন হয়তো কেউ কেউ, তাই না? আরে ভাই, যাঁদের জন্য আহা রে করেছেন, তাঁদের কিন্তু তাতে খুব একটা যায় আসেনি। বাস-ট্রাক-ট্রেন যেখানেই হোক, দাঁড়ানোর একটা জায়গা পেলেই খুশি তাঁরা। ঝুলতে ঝুলতে ঝুলন্ত বাঁদরের মতো ঠিকই পৌঁছে যাবেন বাড়ি। পথের দিকে তাকিয়ে থাকা মায়ের চোখের জলটা এবার অপেক্ষার পর একরাশ সুখের জলই হোক।