দেশে দর্শনীয় স্থান বলতে অবশিষ্ট কিছুই নেই! সাগর, পাহাড়, বন—সব আমরা নষ্ট করে ফেলছি যত্নের সঙ্গে। তাই বলে কি এই ঈদের ছুটিতে পরিবার নিয়ে কোথাও ঘুরতে যাবেন না? বিকল্প দর্শনীয় স্থান খুঁজে বের করেছেন শাত শামীম

দৃষ্টিনন্দন মালিবাগ-মৌচাক ফ্লাইওভার
ঈদের এই ছুটিতে অনেক টাকা খরচ করে কক্সবাজার বা কুয়াকাটা যাচ্ছেন? এই যাত্রায় কিন্তু কষ্টও কম নয়। তবে আমাদের বিশ্বাস, মালিবাগ মোড়ের ফ্লাইওভার হতে পারে এবারের ঈদের ছুটিতে আপনার জন্য দারুণ এক গন্তব্য। ফ্লাইওভারের নিচে গেলে আপনি দেখতে পাবেন রাশি রাশি পানি আর বড় বড় ঢেউ।

বাড়তি বিনোদনের জন্য আছে কিছুক্ষণ পরপর রিকশাসহ চোরাবালিতে পড়ে যাওয়ার বিশেষ রাইড। অথবা বিচিত্র সব নৌযান দর্শনও হতে পারে ছোট্ট সোনামণিদের কাছে প্রধান আকর্ষণ। এ ছাড়া ওপরে তাকালে দেখতে পাবেন রেকর্ড বুকে উঠে যাওয়ার মতো এক কীর্তি। দীর্ঘদিন ধরে চলে আসা ফ্লাইওভারের এই কর্মযজ্ঞ আপনাকে মুগ্ধ করবেই।

সোনার খনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
সোনার খনি হিসেবে সুখ্যাতি পেয়েছে আমাদের এই বিমানবন্দরটি। প্রাকৃতিক সোনার খনি না হলেও এখানে পাওয়া যায় কেজি কেজি পরিশোধিত সোনা। এ ছাড়া সোনার ডিম পাড়া অনেক উড়োজাহাজেরও দেখা পাবেন এখানে।

আধুনিক স্থাপত্য হোটেল রেইনট্রি
এ দেশের ঐতিহ্য সম্পর্কে একটা ধারণা পেতে এই স্থানটি অবশ্য দ্রষ্টব্য। একজন সাংসদ কীভাবে অল্প সময়ের মধ্যে বড়সড় একটা হোটেল বানাতে পারেন, এখানে না এলে উপলব্ধিই করতে পারবেন না আপনি। আধুনিক যুগের এই নয়নাভিরাম ‘স্থাপত্য’ আপনাকে মুগ্ধ করবেই।

বিস্ময়কর প্রশ্ন ছাপাখানা
আপনার ঘরে স্কুল-কলেজপড়ুয়া কোমলমতি শিক্ষার্থী থাকলে তাদের নিয়ে যেতে পারেন শিক্ষা মন্ত্রণালয়ের প্রশ্ন ছাপাখানায়। যেখানে শিশুরা সরেজমিনে দেখে আসতে পারবে কোথায় প্রশ্ন ছাপা হয় আর কোথা থেকে প্রশ্ন ফাঁস হয় সুনিপুণ পদ্ধতিতে।

আগ্রাবাদের সড়কনদী
চট্টগ্রাম শহরের অন্যতম ব্যস্ত এই সড়কটি বিশ্বের বিস্ময়। আকাশে কালো মেঘের আনাগোনা হলেই এই রাস্তা রূপান্তরিত হয় নদীতে। আধুনিক প্রযুক্তির বিস্ময়কর নিদর্শন এই সড়কনদী ঈদের ছুটিতে হতে পারে আপনার কাঙ্ক্ষিত গন্তব্য। এখানে এলে নৌকাভ্রমণে নির্মল আনন্দও মিলবে।