পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফাঁকা হতে শুরু করেছে বন্দরনগর। নাড়ির টানে ফিরছে মানুষ। ঈদের টানা ছুটিতে নগরে থাকবে বাড়তি নিরাপত্তা।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য্য প্রথম আলোকে বলেন, ঈদের ছুটিতে বাসা-বাড়ি ও অফিসে চুরি, ডাকাতিসহ নানা অপরাধ সংঘটনের আশঙ্কা রয়েছে। এ জন্য বাড়তি নিরাপত্তাব্যবস্থা থাকবে। তাই নগরের প্রতিটি আবাসিক এলাকার নেতাদের সঙ্গে আলাপ করে তাঁদের সতর্ক থাকতে বলা হয়েছে। প্রয়োজনে তঁারা টহল পুলিশের সাহায্য নেবেন। এ ছাড়া বিভিন্ন ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদারে পুলিশের পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানদের বলা হয়েছে, যাতে তাদের নিজস্ব নিরাপত্তারক্ষীরা সতর্কভাবে দায়িত্ব পালন করেন।
দেবদাস ভট্টাচার্য্য আরও বলেন, নগরবাসীকে সতর্ক থাকতে অনুরোধ করা হলেও মাঠে টহল পুলিশের পাশাপাশি সাদাপোশাকধারী পুলিশ থাকবে। তারা নগরের বিভিন্ন আবাসিক এলাকা ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা বিঘ্ন হচ্ছে কি না, মাঠে থেকে তথ্য সংগ্রহ করবে। এ ছাড়া নগরের ১৬ থানার ওসিদের বলা হয়েছে সংশ্লিষ্ট থানা এলাকায় পাড়া–মহল্লার লোকজনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে।
পুলিশের পাশাপাশি র্যা বও ঈদকে ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে নগরে। র্যা ব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ জানান, নগরের প্রবেশমুখে র্যা বের তল্লাশিচৌকির পাশাপাশি গুরুত্বপূর্ণ মোড়গুলোতে টহল দল থাকবে।
নগরের আগ্রাবাদ এলাকার বাসিন্দা মোহাম্মদ হোসাইন জানান, পরিবার–পরিজনের সঙ্গে ঈদ করতে বছরে একবার শুধু গ্রামের বাড়িতে যান। কিন্তু নিজের ব্যবসাপ্রতিষ্ঠান ও বাসার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকেন। তিনি বলেন, নিরাপত্তা জোরদার করা হোক। যাতে কোনো অঘটন ঘটে ঈদের আনন্দটা মাটি হয়ে না যায়।