ঈদের ছুটিতে পারকিতে পর্যটকের ঢল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদের তৃতীয় দিন আনোয়ারার পার​িক সৈকতে পর্যটকের ভিড় l প্রথম আলো
ঈদের তৃতীয় দিন আনোয়ারার পার​িক সৈকতে পর্যটকের ভিড় l প্রথম আলো

ঈদের ছুটিতে পরিবার–পরিজন নিয়ে চট্টগ্রাম শহরের কাছে অবস্থিত আনোয়ারার পারকি সৈকতে বেড়াতে এসেছেন প্রচুর পর্যটক। রাস্তা খারাপ হওয়া সত্ত্বেও ঝাউবনঘেরা এই সৈকতে গত ২৮ সেপ্টেম্বর পর্যন্ত পর্যটকদের ঢল দেখা গেছে।
চট্টগ্রাম শহর থেকে স্ত্রী–পরিবার নিয়ে পারকি সৈকতে বেড়াতে গিয়েছিলেন ওসমান গনি (৪৩)। গত ২৭ সেপ্টেম্বর পারকি সৈকতে গেলে কথা হয় তাঁর সঙ্গে। তিনি বলেন, ‘শহর থেকে ঘণ্টা খানেকের দূরত্বে অবস্থিত বলে পারকিতে আসি। এখানকার সৈকত আর ঝাউবন অনেক পর্যটকদের আকর্ষণ করে। তবে রাস্তা খারাপ হওয়ায় ও পর্যটনের অবকাঠামো গড়ে না ওঠায় পারকির সৌন্দর্য কাজে লাগানো যাচ্ছে না।’
যাতায়াতের ভোগান্তি সত্ত্বেও পারকিতে বেড়াতে এসে পর্যটকেরা নিজেদের সাধ্যমতো আনন্দ উপভোগ করার চেষ্টা করেছেন। সমুদ্র স্নানের পাশাপাশি পর্যটকদের অনেকেই বিচ বাইক ও ঘোড়ায় চড়ছেন। কেউ কেউ আবার আনন্দময় মুহূর্ত তুলে রেখেছেন পারকির ভ্রাম্যমাণ আলোকচিত্রী ক্যামেরায়। আবার সৈকতে পেতে রাখা ছাতার নিচ থেকে অনেক পর্যটক ঝাউবন ও বালিয়াড়ির সৌন্দর্য উপভোগ করেছেন।
পারকি সৈকতের আশপাশে গড়ে ওঠা বিভিন্ন রিসোর্টেও পর্যটকদের ভিড় দেখা গেছে। গত দুই বছরে পারকি সৈকতের পাশে গড়ে উঠেছে লুসাই পার্ক অ্যান্ড রিসোর্ট এবং সি ওয়ার্ল্ড নামের দুটি বিনোদন কেন্দ্র। এসব বিনোদন কেন্দ্রে খাওয়াদাওয়া ছাড়াও নৌ-ভ্রমণ ও শিশুদের বিনোদনের ব্যবস্থা আছে।
লুসাই পার্কের পরিচালক এম এ রশিদ বলেন, ‘ঈদের দিন থেকে বিপুলসংখ্যক পর্যটক পারকিতে আসছেন। পর্যটকদের বিনোদনের সব ব্যবস্থা আমরা করেছি। তবে রাস্তা ভালো থাকলে আরও বেশি পর্যটক আসতেন।’
পারকি সৈকতে পর্যটক বাড়ার কথা স্বীকার করলেন সৈকত ব্যবস্থাপনা কমিটির সদস্য এম এ কাইয়ুম শাহ। তিনি বলেন, পারকি সৈকত দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। পর্যটকের আগমনও বাড়ছে। আর এ কারণে এবার ঈদের ছুটিতে প্রচুর পর্যটক এসেছেন।
বন বিভাগ সূত্রে জানা গেছে, আনোয়ারা উপকূলকে রক্ষা করার ১৯৯৩-৯৪ এবং ২০০২ সালে পারকি সৈকতের ৮০ হেক্টর জায়গায় ঝাউবাগান সৃজন করে বন বিভাগ।
গাছগুলো বড় হওয়ার পর পাল্টে যায় পারকি সৈকতের সৌন্দর্য। পর্যটকদের প্রিয় হয়ে ওঠে এই সৈকত।
সৈকতে এলাকার বেসরকারিভাবে পর্যটনকেন্দ্র গড়ে উঠলেও হোটেল–মোটেল গড়ে ওঠেনি। বিদ্যুৎ–সংযোগ না থাকায় সন্ধ্যার পর অন্ধকার হয়ে ওঠে সৈকত এলাকা। ফলে দর্শনার্থীদের সন্ধ্যার আগেই পারকি ছেড়ে যেতে হয়।
তবে পর্যটকদের নিরাপত্তা দিতে তৎপর ছিল স্থানীয় পুলিশ। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, পারকি সৈকতে বেড়াতে আসা পর্যটকের নিরাপত্তা বিধানে পুলিশ সজাগ ছিল।