ঈদের ছুটিতে প্রকৃতির সান্নিধ্যে
প্রাকৃতিক সৌন্দর্যে চট্টগ্রামের খ্যাতি দেশজুড়ে। চারদিকে পাহাড়, সাগর, নদী আর সবুজের সমারোহ। নগরায়ণের গ্রাসে সবুজ ক্রমশ ধূসর হলেও এখনো চাটগাঁ রানীর সৌন্দর্য অমলিন। তাই ঈদের ছুটিতে ঘর থেকে দুই পা ফেলে চেনা পথে একবার দেখে আসুন না-দেখা-অদেখা সেই সৌন্দর্য। চলে যান শরতের সাদা মেঘের ডানায় চড়ে। কোথায় যাবেন? ফয়’স লেক অ্যামিউজমেন্ট পার্ক ও ওয়াটার ওয়ার্ল্ড, স্বাধীনতা পার্ক, জিয়া শিশুপার্ক, আগ্রাবাদ শিশুপার্ক, পতেঙ্গা সমুদ্রসৈকত, নেভাল সৈকত, প্রজাপতি পার্ক, চিড়িয়াখানা, কর্ণফুলীতে নৌকা ভ্রমণ। বেশি কাছে হয়ে গেল! তাহলে আরেকটু দূরে শহরতলির পারকি সমুদ্রসৈকত, সীতাকুণ্ড কিংবা বাঁশখালীর ইকোপার্ক আপনাকে হাতছানি দিয়ে ডাকছে।ফয়’স লেক: চিত্তাকর্ষক একটি থিম পার্ক। গড়ে উঠেছে প্রকৃতির সান্নিধ্যে হ্রদ ও পাহাড়ের কোলে। ঝরনা, ফোয়ারা ও কৃত্রিম ঢেউয়ের সমন্বয়ে ওয়াটার ওয়ার্ল্ড এই পার্কের বিশেষ আকর্ষণ। শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সের নর-নারীর ভিড় এখানে লেগেই থাকে। অ্যামিউজমেন্ট পার্ক ও সি ওয়ার্ল্ড নিয়ে পুরো ফয়’স লেক বিনোদনকেন্দ্র। এখানে রয়েছে ২০টিরও বেশি বিভিন্ন ধরনের রাইড। বাম্পার কার, সার্কাস ট্রেন, বেবি কেরাওসাল, ভিডিও গেমস, বাগ বাউন্স ও হ্যাপি জাম্প রাইডগুলো বাচ্চাদের খুবই প্রিয়। আর ছোট-বড় কারও যদি আকাশ ছোঁয়ার ইচ্ছা হয়, তাহলে উঠতে হবে ফেরিস হুইলে। এ ছাড়া রেড ড্রাই স্লাইড, পাইরেট শিপ, ইয়েলো ড্রাই স্লাইড ইত্যাদি রাইডে চড়া যাবে। প্যাডেল বোট নামে একটি মাঝি ও বৈঠাবিহীন নৌকা নিয়ে দুজন আঁকাবাঁকা হ্রদের ঝোপ-জঙ্গলে হারিয়ে যেতে পারেন অনায়াসে। পার্কের রাইডগুলোর জন্য প্রতিজনকে খরচ করতে হবে ৩০ থেকে ৬০ টাকা। তবে ১০-১৫ জনের বড় ইঞ্জিন নৌকাগুলোর খরচ ২৫ মিনিটে ৭০০ টাকা। রাইড ছাড়া পার্কের প্রবেশমূল্য বড়দের জন্য ১৫০ টাকা। তিন ফুটের কম শিশুদের প্রবেশমূল্য না থাকলেও এর বেশি উচ্চতার শিশুদের জন্য ৭৫ টাকা। এখানে ওয়েব পুল, স্লাইড ওয়ার্ল্ড, টিউব স্লাইড, ফ্যামিলি পুল, ড্যান্সিং জোনসহ নয়টি রাইড রয়েছে। ফয়’স লেক অ্যামিউজমেন্ট পার্কের ফটক দিয়ে ওয়াটার পার্কে প্রবেশমূল্য প্রতিজন ৩৯০ টাকা। আবার কর্নেলহাট বিশ্বকলোনি ফটক দিয়ে ওয়াটার পার্কে প্রবেশ ফি ২৭০ টাকা। নৈসর্গিক সৌন্দর্যমণ্ডিত প্রকৃতির কাছে ছুটে যায় কর্মব্যস্ত মানুষ। এ বিনোদন পার্কে দিনে দিনে বেড়ানোর পাশাপাশি সুযোগ রয়েছে রাত্রিযাপনেরও। ফয়’স লেকের পাশে চট্টগ্রামের একমাত্র চিড়িয়াখানাটিও দেখে আসা যায় । স্বাধীনতা পার্ক: চান্দগাঁওয়ের স্বাধীনতা পার্কটিতে রয়েছে ঐতিহাসিক ও ঐতিহ্যমণ্ডিত বিভিন্ন স্থাপনার রেপ্লিকা। আছে লালকুঠি, কান্তজির মন্দির, সংসদ ভবন, সাত গম্বুজ মসজিদ কিংবা আহসান মঞ্জিলের আদলে তৈরি বিভিন্ন রেপ্লিকা। এ ছাড়া শিশু-কিশোর ও তরুণ-তরুণীদের জন্য রয়েছে নানা ধরনের রাইড। বাম্পার কার, গেমস, মনোরেলসহ বিভিন্ন রাইডে চড়তে চড়তে কিংবা রেপ্লিকা দেখতে দেখতে দারুণ একটি বিকেল কাটানো যায় এখানে। এ ছাড়া রয়েছে দেশের একমাত্র সুউচ্চ ঘূর্ণায়মাণ রেস্তোরাঁ। তবে সেটি আপাতত বন্ধ রয়েছে। একইভাবে আগ্রাবাদের শিশুপার্ক, কাজীর দেউড়ির জিয়া শিশুপার্কেও বেড়ানো যায় ঈদের ছুটির কোনো এক বিকেলে। পতেঙ্গা সমুদ্রসৈকত : নগর থেকে ২০-২২ কিলোমিটার দূরে পতেঙ্গা সমুদ্রসৈকত। ঈদের ছুটিতে সমুদ্রসৈকতে সূর্যাস্ত অবলোকনের জন্য চলে যাওয়া যায় পতেঙ্গায়। গোধূলি লগ্নে সমুদ্রের নোনাজলে পা ভেজাতে ভেজাতে পশ্চিমের লাল আকাশ দর্শন, টুকটাক কেনাকাটা আর বিশাল বালুকাবেলায় প্রিয়জনের সঙ্গে হেঁটে চলতে কার না মন চায়! সন্ধ্যা নামলে চলে যেতে পারেন পাশের নেভাল সমুদ্রসৈকতেও। সন্ধ্যার পর সমুদ্রসৈকতের এই পাশটা সরগরম হয়ে ওঠে। নেভাল একাডেমির সীমানা দেয়ালে বসে দেখতে পারেন বঙ্গোপসাগর ও কর্ণফুলী নদীর সংযোগস্থল। এখানে বসেই রাতের আঁধার চিরে ছুটে চলা জাহাজের ইঞ্জিনের ধস ধস শব্দ শোনা যাবে। পতেঙ্গা নেভাল সমুদ্রসৈকতের পাশে সম্প্রতি বেসরকারি উদ্যোগে হয়েছে প্রজাপতি পার্ক। সমুদ্র দর্শনের পাশাপাশি এই সুযোগে হরেক রকমের প্রজাপতিও দেখে আসা যায়। পারকি: শহর থেকে একটু দূরে আনোয়ারার কাফকো রাঙ্গাদিয়া এলাকায় রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত সমুদ্রসৈকত। বিস্তীর্ণ সৈকতের পাড়ে অসংখ্য ঝাউগাছ। কয়েক বছর ধরে এই সমুদ্রসৈকতটি ভ্রমণপিয়াসীদের নজর কেড়েছে। এখান থেকে দেখা যাবে সূর্যাস্ত। এ ছাড়া সমুদ্রস্নানও করা যাবে ইচ্ছেমতো। তাই এবারের ঈদে বেড়ানোর তালিকায় এই সমুদ্রসৈকতটিও রাখা যায়। শহর থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে মাত্র এক ঘণ্টার পথ।