
ঈদ মানে তো উৎসব, আনন্দ আর টানা কয়েক দিন অফিসের কাজকর্ম থেকে বিরতি নেওয়ার দারুণ সুযোগ। ব্যস্ত শহরের এই অবসরে বিলাসিতায় আমরা ঘুমিয়ে কিংবা ঘুরে ঘুরেই কাটিয়ে দিই। ছুটির দিনে দেরি করে ঘুম থেকে উঠেই টেলিভিশনের পর্দায় চোখ রাখি। টেলিভিশনে নাটক-বিজ্ঞাপন-সিনেমা দেখে তো ক্লান্ত হয়ে আবারও অনেকে ঘুমিয়েই পড়েন। এরই মধ্যে সামাজিক যোগাযোগের সাইটগুলোতে সামাজিকতার চর্চা তো আছেই। ঈদের দিন কয়েকের ছুটি দারুণভাবে কাজে লাগানোর একটা পথ হচ্ছে বই পড়া। পছন্দের কাগজের বই কিংবা ই-বুক পড়তে পারেন।
ছুটি আর বইয়ের মনস্তাত্ত্বিক যোগ
হার্ভার্ড গ্র্যাজুয়েট স্কুল অব এডুকেশনের মনোবিদ মেটা ম্যাকগ্র্যাভের বই পড়ার অভ্যাসকে মনের নেতিবাচক আচরণ পরিবর্তনের অন্যতম মাধ্যম মনে করেন। তাঁর গবেষণায় তিনি লিখেছেন, ‘কর্মস্থলের ব্যস্ততা মানুষের মনের মধ্যে একঘেয়েমির জন্ম দেয়। এই কারণে আমাদের মস্তিষ্কের কাজ একটি গণ্ডির মধ্যে আটকে যায়। যার কারণে আমরা অনেক বেশি নেতিবাচক জীবন ভাবনার নেশায় আটকে যাই। এই নেশাকে কাটানোর খুব সহজ কিন্তু বেশ কার্যকর একটি পথ হচ্ছে বই পড়া।’ যেকোনো বই পড়ার অভ্যাসকেই ইতিবাচক হিসেবে মনে করেন মনোবিজ্ঞানী ও গবেষকেরা। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলির গ্রেটার গুড সায়েন্স সেন্টারের গবেষকদের নিবন্ধ থেকে জানা যায়, আশপাশের একঘেয়েমি জীবন থেকে যাঁরা নিয়মিত অবকাশ নিয়ে বই পড়ার অভ্যাস করতে পারেন, তাঁদের শারীরিক ও মানসিক শক্তির মাত্রা অন্য কর্মজীবী মানুষের চেয়ে অনেক বেশি ।’
কোন কোন বই পড়তে পারেন
ঈদের ছুটিতে এমনই বই নির্বাচন করতে পারেন; যা কিনা খুব দ্রুতই শেষ করা যায়। আত্মজীবনী কিংবা পেশাজীবনে কাজে দেয় এমন কোনো বই পড়তে পারেন। আলোচিত উদ্যোক্তা কিংবা ব্যবসায়ীদের জীবন-দর্শনের ওপরে দারুণ সব বই পাওয়া যায়, তা কিনে কিংবা ই-বুক নামিয়ে নিয়ে পড়তে পারেন। একদিকে বই পড়াও হবে, অন্যদিকে বই থেকে কিছু শিখে-জেনে কাজের দুনিয়াতেও কাজে লাগানো যাবে। ইতিবাচক জীবন যাপনের ওপরেও বাংলা-ইংরেজি ভাষায় দারুণ সব বই আছে। এ ধরনের বইও পড়তে পারেন।
যে কারণে বই পড়বেন
নিত্যদিনের একই কাজ করতে করতে আমাদের মস্তিষ্ক অনেকটা অটোপাইলট মুডে চলে যায় বলে মনে করেন অনেক মনোবিদ। ব্রিটিশ মনোবিদ জেরেমি ডিন তাঁর সাইব্লগে লিখেছেন, ‘ছুটির সময়ে বই পড়ার একটু ছোট অভ্যাস আমাদের মস্তিষ্কের অটোপাইলটব্যবস্থাকে ভেঙে দেয়।’ কোথাও ঘুরতে গেলেও সঙ্গে দু-একটি বই নিয়ে যেতে পারেন। সন্ধ্যায় চায়ের কাপ কিংবা মধ্যরাতের আকাশের তারা দেখতে দেখতে বারান্দায় বসে বইয়ের কয়েক পৃষ্ঠা পড়ে নিজের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারেন। জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে শতব্যস্ততা কিংবা অবসরে বই পড়ার অভ্যাস করলে আপনার ক্ষতি তো হবেই না, এই অভ্যাস আপনার পরিবারের ‘জুনিয়র’দের ওপরেও দারুণ প্রভাব ফেলবে। ছুটিতে অবসরে বই পড়াকে সামাজিকতা হিসেবে অভ্যাস করুন, জীবনে ইতিবাচক পরিবর্তন আসবেই।