ঈদের ছুটিতে বঙ্গবন্ধু সাফারি পার্কে দর্শনার্থীদের ভিড়
ঈদের ছুটিতে দর্শনার্থীর পদভারে মুখরিত ছিল কক্সবাজারের চকরিয়া উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। গত মঙ্গলবার ঈদের দিন থেকে শুক্রবার পর্যন্ত অন্তত ৫০ হাজার দর্শনার্থী সাফারি পার্ক ঘুরে গেছেন।
সরেজমিনে দেখা গেছে, পার্কে থাকা বাঘ, বানর, চিতা, হনুমান, উল্লুক, কালো শিয়াল, জলহস্তী, চিত্রা হরিণ, মায়া হরিণ, মিঠা পানির কুমির, ময়ূর, বনমোরগ, বন্য শূকর ও তারকা কচ্ছপের বিচরণ উপভোগ করছেন পর্যটকেরা। বিভিন্ন প্রজাতির পাখিশালায়ও তাদের ভিড় ছিল। আবার কেউ হাতিতে চড়ে আনন্দ করেছেন। অনেকে পার্কের বাইরে নবনির্মিত লেক ও ফুলের বাগানে বসে আড্ডা দিয়ে সময় কাটাচ্ছেন।
মীরাক্কেল তারকা কমর উদ্দিন আরমানও গত বৃহস্পতিবার পার্কে ঘুরতে আসেন। তিনি প্রথম আলোকে বলেন, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে অবশ্যই বছরে একবার সাফারি পার্ক ঘুরতে আসি। তবে এ পার্কে বন্য প্রাণী আরও বাড়ানো দরকার। তা ছাড়া পার্কের ভেতরে রাস্তাঘাটের বেহাল দশা। এতে পার্কের সৌন্দর্যহানি ঘটছে।
ঈদের ছুটিতে ঢাকার কেরানীগঞ্জ থেকে কক্সবাজারে এসেছিলেন হাসিবুল ইসলাম ও তামান্না তারান্নুম দম্পতি। বৃহস্পতিবার ঢাকা ফেরার পথে সাফারি পার্কে ঘুরে যান। সাফারি পার্কের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ তাঁরা। সাফারি পার্ক বনবিট কর্মকর্তা মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, ঈদের দিন দর্শনার্থী কম হলেও পরের দিন থেকে পর্যটক ও দর্শনার্থীদের ভিড় বাড়ছে। প্রতিদিন অন্তত ৮ থেকে ১০ হাজার দর্শনার্থী পার্কে ঘুরতে আসছেন।