ঈদের জুতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসছে ঈদ। অথচ এখনো এল না আমার নতুন জুতা। ইমরুল, সোহেল, শামিম সবারই ঈদের জুতাসহ সব কেনাকাটাই শেষ। গত তিন দিন ধরে আমাকে শুধু জিজ্ঞেস করেই যাচ্ছে—আমার ঈদের শপিং শেষ নাকি এখনো বাকি। লজ্জায় আমি বাড়ির বাইরে যাওয়াই প্রায় বন্ধ করে দিয়েছি। এত দিন তো বলেছি—এই তো, শেষের পথে। কিন্তু একদিন পরেই তো ঈদ। এখন আমি কী জবাব দেব বন্ধুদের! 


আব্বু বাড়িতে ফিরেছেন। অনেক রাত করে এসেছেন। অন্যান্য দিন আমি সাধারণত ঘুমিয়ে পড়ি। আজ আমি ঘুমাইনি। বসে টিভি দেখছি—তাও না। ঘুমের ভান করে শুয়ে আছি। মনে নানা চিন্তা ঘুরপাক খাচ্ছে। আব্বু তো এমন করে না কোনো দিন। কিন্তু এবার কেন এমন করছে! কিছুতেই আমার মাথায় ঢুকছে না। প্রতিবছর ঈদের শপিং আমারই আগে শেষ হয়। আর এবার কিনা অন্যরা আমাকে...উফ, অসহ্য। আব্বুকে এখন অবশ্যই বলা দরকার-কাল নতুন জুতা কিনে না দিলে আমি কিছুতেই ঈদগাহে যাব না। মনে মনে আওড়াতে থাকি। এরই মধ্যে কানে আসছে; আম্মুকে ডেকে আব্বু বলছে-কী যে করি এবার বুঝে উঠতে পারছি না। ছেলেটার জুতাও কেনা হলোনা এখনো। অথচ ঈদের তো বাকি মাত্র একদিন। এমন সংকটে আগে কখনো পড়তে হয়নি। আম্মু সঙ্গে সঙ্গে বলে ওঠে—তাই তো, ছেলেটার মনটা ভীষণ খারাপ। আমারও ভালো লাগছে না কিছুই। যে করেই হোক কালকের মধ্যেই ওর জুতা কেনা চাই-ই চাই। আম্মুর প্রতি আমার ভালোবাসা এক শ গুণ বাড়তে থাকে। হুম, আম্মু তো ঠিকই বলছে। নতুন জুতা ছাড়া আমি ঈদের ময়দানে যাব কীভাবে!

আব্বু কোনো কথা না বলে অত গভীর রাতেই আসছি বলে বাইরে গেল। কিছুক্ষণ পরে এসে জানাল-ঠিক আছে, কালকে প্রথমেই যাব ওর জুতা কিনতে। আমি তখনো জেগেই আছি। লাফ দিয়ে উঠেই আব্বুকে জড়িয়ে ধরলাম। খুশিতে আব্বুর চোখে পানি দেখতে পেলাম। স্বস্তির নিশ্বাস ফেলে ঘুমাতে গেলাম। ঘুম আসার আগ পর্যন্ত অনেক ভালো লাগতে থাকল মনে।

সকাল বেলা। আমি আর আব্বু দাঁড়িয়ে আছি রিকশার অপেক্ষায়। অন্যান্য দিন কত রিকশা এসে আমাদের জিজ্ঞেস করে-কোথায় যাবেন। আর আজ যেন রিকশার দেখাই নাই। অনেকক্ষণ পরে শেষ পর্যন্ত পেলাম একখানা। সব সময় আব্বুকে দেখেছি ভাড়া কত জিজ্ঞেস করে নিতে। কিন্তু আজ রিকশাটা আসামাত্র যাবে কিনা জিজ্ঞেস করেই উঠে পড়লাম আমরা। রিকশা চলতে থাকল। হঠাৎ আমার চোখ গেল রিকশাওয়ালার পায়ের দিকে। দেখি-জুতা-স্যান্ডেল কিছুই নেই তার পায়ে। আব্বুকে জিজ্ঞেস করলাম, রিকশাওয়ালা জুতা ছাড়া চলছে কেন? খালি পায়ে চলা তো ভালো নয়। অনেক রোগ-জীবাণু প্রবেশ করতে পারে শরীরে। বিজ্ঞান বইতে পড়েছি। আব্বু আমার দিকে তাকালেন। কী যেন বলতে গিয়েও থেমে গেলেন। অতঃপর রিকশাওয়ালাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, তুমি আমার ছেলেকে একটু বলো তো যে, কেন তুমি জুতা পরো না।

রিকশাওয়ালা সঙ্গে সঙ্গেই বলে উঠল-স্যার, তিনবেলা ঠিকমতো খাওনই জোটে না, জুতো-স্যান্ডেল কিনুম কোঁথথাইকা? খুব ছোট থাকতি আমার আব্বা মারা গেছে। আমিও আফনের পুলার মতন লেহাপড়া কইরতাম। আমার বাপে ঈদ আসলি আমারে নতুন জুতোও কিনা দিছিল একবার। কিন্তু অহন সংসারের ঘানি টানতি টানতিই জান যায় আমার।

রিকশাওয়ালার কথাগুলো শুনতে শুনতে আমার অনেক কান্না পায়। আব্বুকে বলি, আমার নতুন জুতার দরকার নাই, আব্বু। ওই টাকা দিয়ে উনাকে জুতা কিনে দাও। কালবিলম্ব না করে আব্বুও তাঁকে কথাটা বলে। রিকশাওয়ালা বলতে থাকে, স্যার, তার চাইতে টাকাটাই আমারে দেন। তাইলে, কাল ঈদির দিন আমার রিকশা চালানো লাইগবো না।

মনের মাঝে সেই স্মৃতি খোদাই হয়ে আছে আজও।