ঈদের ঝাল-মিষ্টি
ঈদে বাড়িতে বাড়িতে রান্না হয় ঝাল-মিষ্টি দুটোই। তবে রোজকার আটপৌরে রান্নার বাইরে বিশেষ দিনে চাই বিশেষ রান্না। তেমনই কয়েকটি রেসিপি দিয়েছেন সিতারা ফিরদৌসমাঠাউপকরণ: দুধ ৪ কেজি, চিনি ১ কাপ বা পরিমাণমতো, লবণ দেড় চা-চামচ বা স্বাদমতো, আমন্ড ও পেস্তা বাদামবাটা ৪ টেবিল-চামচ, পাতিলেবুর রস আধা কাপ বা স্বাদমতো। প্রণালি: দুধ ঘুটনি দিয়ে খুব ভালো করে ঘুটে ননি (মাখন) তুলে নিয়ে ওপরের সব উপকরণ মিশিয়ে বরফ-কুচি দিয়ে পরিবেশন করতে হবে। দুধ-খোরমাউপকরণ: দুধ ১ কেজি, খোরমা (বিচিছাড়া) ১ কাপ, পেস্তা বাদাম আধা কাপ, গোলাপজল ১ চা-চামচ, জাফরান সিকি চা-চামচ, চিনি সিকি কাপ, কিশমিশ ২ টেবিল-চামচ। প্রণালি: দুধ জ্বাল দিয়ে ঘন করে আধা কেজি করে নিতে হবে। দুধে খোরমা দিয়ে ফুটিয়ে পেস্তা বাদাম, কিশমিশ দিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে ফেলতে হবে। এর মধ্যে গোলাপজল, জাফরান ও চিনি দিয়ে পরিবেশন করতে হবে। ঈদের দিন সকালে নাশতার আগে প্রথম আহার হিসেবে দুধ-খোরমা খাওয়া যায়।কাস্টার্ড উপকরণ: ঘন তরল দুধ ২ কাপ, চিনি আধা কাপ, কাস্টার্ড পাউডার ২ টেবিল-চামচ, মালাই ১ কাপ, ডিমের কুসুম ২টি। প্রণালি: আধা কাপ দুধের সঙ্গে কাস্টার্ড পাউডার গুলিয়ে রাখতে হবে। ডিমের কুসুম ও চিনি একসঙ্গে মিশিয়ে দুধে দিয়ে জ্বাল দিতে হবে। কাস্টার্ড পাউডার গোলানো দুধের সঙ্গে মিশিয়ে জ্বাল দিতে হবে। দুধ ফুটে ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে মালাই মিশিয়ে অনবরত নেড়ে নেড়ে ঠান্ডা করতে হবে। সাগর কলা, আঙুর, আম, পাকা পেঁপে, আপেল, নাসপাতি, বেদানা, কমলা, খেজুর, খুরমা, কিশমিশ, পেস্তা বাদাম, রসগোল্লা, চমচম, কালোজাম, কেক, জেলি, জ্যাম ও মালাই দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।শাহি কাটা মসলার মাংসউপকরণ: খাসির মাংস আড়াই কেজি, পেঁয়াজ কুচি ২ কাপ, রসুন কুচি ১ টেবিল-চামচ, আদা মিহি কুচি ২ টেবিল-চামচ, পেঁয়াজ বেরেস্তা ২ কাপ, শুকনা মরিচ (তেলে ভাজা গুঁড়া) ১ চা-চামচ, শুকনা মরিচ (৪ টুকরা করে কাটা) ৬টি, আস্ত কাঁচা মরিচ ১০টি, সরিষার তেল ১ কাপ, আধা ভাঙা গোলমরিচ আধা চা-চামচ, টক দই ১ কাপ, তেজপাতা ৪টি, দারচিনি ৬ টুকরা, ছোট এলাচ ৪টি, বড় এলাচ ২টি, পোস্তদানা বাটা ২ টেবিল-চামচ, আলু বোখারা ৮টি, চিনি ২ চা-চামচ, লবণ পরিমাণমতো, গরম মসলার গুঁড়া ১ চা-চামচ, মাওয়া গুঁড়া ২ টেবিল-চামচ, মালাই আধা কাপ, তেঁতুলের মাড় ২ টেবিল-চামচ। প্রণালি: মাংস টুকরা করে পানি ঝরিয়ে রাখতে হবে। আধা কাপ পেঁয়াজ বেরেস্তা, গরম মসলার গুঁড়া, মাওয়া, মালাই, শুকনা মরিচ ভাজা গুঁড়া বাদে বাকি সব উপকরণ দিয়ে মাংস মাখিয়ে ১ ঘণ্টা রাখতে হবে। মাংসে গরম পানি দিয়ে ঢেকে চুলায় দিয়ে মৃদু আঁচে রান্না করতে হবে। মাংস সেদ্ধ হয়ে ঝোল কমে এলে বেরেস্তার সঙ্গে গরম মসলার গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে মাখিয়ে মাংসে দিতে হবে। কাঁচা মরিচ, মাওয়া, তেঁতুলের মাড় দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে মালাই দিয়ে নামাতে হবে।আস্ত রূপচাঁদার দোপেঁয়াজা উপকরণ: রূপচাঁদা মাছ বড় ২টি, সয়াবিন তেল ১ কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, পেঁয়াজবাটা ২ টেবিল-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, জিরাবাটা ১ টেবিল-চামচ, হলুদের গুঁড়া ১ চা-চামচ, শুকনা মরিচের গুঁড়া ১ চা-চামচ, কাঁচা মরিচ ৪-৫টি, ধনেপাতা কুচি ১ টেবিল-চামচ, লেবুর রস ২ টেবিল-চামচ, টমেটো সস ৬ টেবিল-চামচ, লবণ পরিমাণমতো। প্রণালি: মাছ পরিষ্কার করে গা সামান্য চিরে নিতে হবে। মাছের গায়ে লবণ, হলুদ, লেবুর রস মাখিয়ে ২০-২৫ মিনিট রাখতে হবে। ফ্রাই প্যানে তেল গরম করে অল্প আঁচে মাছ ভেজে ওঠাতে হবে। ওই তেলে পেঁয়াজ বাদামি রং করে ভেজে সব বাটা মসলা ও গুঁড়া মসলা দিয়ে কষিয়ে লবণ, টমেটো সস দিয়ে ভাজা মাছ দিয়ে কষিয়ে ১ কাপ পানি দিতে হবে। তেলের ওপর এলে বাকি কাঁচা মরিচ ও ধনেপাতা কুচি দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে নামাতে হবে।মুরগির পেঁয়াজি কোরমা উপকরণ: দেশি মুরগি ১টি, দেশি পেঁয়াজ ৮-১০টি, আদাবাটা ১ টেবিল-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, পেঁয়াজবাটা ১ টেবিল-চামচ, দারচিনি ৪ টুকরা, এলাচ ৪টি, লবণ স্বাদমতো, ঘি বা তেল আধা কাপ, ঘি (ভাজার জন্য) সিকি কাপ।প্রণালি: কড়াইয়ে ঘি নিয়ে তাতে পেঁয়াজ ছিলে আস্ত ভাজতে হবে। ঘিয়ে আদা-রসুন, পেঁয়াজবাটা, দারচিনি, এলাচ, লবণ দিয়ে কষাতে হবে। মসলা কষানো হয়ে গেলে তাতে মুরগি দিয়ে কষিয়ে সামান্য পানি দিয়ে ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পর ভাজা পেঁয়াজগুলো দিয়ে নেড়ে ঢেকে দিতে হবে। তেলের ওপর এলে নামাতে হবে।আখনি পোলাওউপকরণ: পোলাওয়ের চাল ১ কেজি, মোরগ দেড় কেজির ১টি, ঘি ১ কাপ, পেঁয়াজ কুচি দেড় কাপ, দারচিনি ৬ টুকরা, এলাচ ৬টি, গোলমরিচ ৮টি, তেজপাতা ২টি, পেস্তা বাদাম কুচি ১ টেবিল-চামচ, কিশমিশ ৩ টেবিল-চামচ, লবণ পরিমাণমতো, আদা কুচি ১ টেবিল-চামচ, রসুন কোয়া ২টি, টক দই আধা কাপ, মিষ্টি দই সিকি কাপ, মালাই আধা কাপ, গোলাপজল ১ টেবিল-চামচ। প্রণালি: মোরগ চামড়া ছাড়িয়ে ১০-১২ টুকরা করে নিতে হবে। ছোট এক টুকরা কাপড়ে অর্ধেক পেঁয়াজ, আদা, রসুন, দারচিনি, এলাচ, তেজপাতা, গোলমরিচ দিয়ে একসঙ্গে বেঁধে পুঁটলি করতে হবে। হাঁড়িতে ১০ কাপ পানি দিয়ে মসলার পুঁটলি, মোরগের হাড়, মাংস দিয়ে সেদ্ধ করতে হবে। আধা ঘণ্টা পর শুধু মাংসের টুকরা তুলে রাখতে হবে। পানি ৭ কাপের মতো হলে ছেঁকে নিয়ে হাড় ও মসলার পুঁটলি ফেলে দিতে হবে। পোলাওয়ের হাঁড়িতে ঘি গরম করে মাংসের টুকরা ভেজে তুলে রেখে পেঁয়াজ বেরেস্তা করে তাতে ছেঁকে রাখা আখনি পানি দিয়ে দিন। পানি ফুটলে চাল, লবণ দিয়ে নেড়ে ঢেকে দিতে হবে। পানি টেনে এলে দই, গোলাপজল দিয়ে মৃদু আঁচে ১৫ মিনিট রাখতে হবে। মাঝে একবার নেড়ে দিতে হবে। পোলাওয়ের মধ্যে মাংস, পেস্তা বাদাম কুচি, কিশমিশ দিয়ে পোলাওয়ের ওপর মালাই দিয়ে ১০ মিনিট দমে রাখতে হবে।