ঈদের তিনবেলায় পূর্ণিমা
শৈশবের ঈদ আজও নাড়া দিয়ে যায় পূর্ণিমার স্মৃতির দরজায়। ঈদের এক মাস আগেই কেনা হয়ে যেত জামাকাপড়। তাঁর পোশাকটাই যে সবচেয়ে সুন্দর, তা সবাইকে জানান দেওয়া শুরু হতো ঈদের দুই সপ্তাহ আগে থেকে। ঈদের দিন সকালে গোসল সেরেই সাজগোজ শুরু। নতুন জামা আর সাজটা যেন হয় সবার চেয়ে আলাদা। এখন পূর্ণিমার বেড়েছে ব্যস্ততা, কমেছে সময়। এই ঈদে পূর্ণিমার সাজ হবে আধুনিক। প্রাধান্য পাবে ফ্যাশনের চলতি ট্রেন্ড। এই ঈদে পূর্ণিমার তিনবেলা নিয়েই এবারের নকশার আয়োজন।স্নিগ্ধ সকালেঈদের সকালে নিজেকে স্নিগ্ধ রূপে দেখতেই পছন্দ করেন পূর্ণিমা। আর এ জন্য তাঁর প্রথম পছন্দ শাড়ি, সঙ্গে হালকা কোমল সাজ। সকালে আত্মীয়দের আপ্যায়ন তো থাকেই। অনেকে বাড়িতে চলে আসেন পূর্ণিমার সঙ্গে ঈদের প্রথম সেমাই খাবেন বলে। মাকেও সাহায্য করতে হয়। এবারের ঈদের সকালে তিনি বেছে নেবেন জর্জেটের শাড়ি। ভেলভেট পাড়ের শাড়ির জমিনে প্রাধান্য পাবে বর্ষার ঘন নীল রঙ। তাতে অন্যান্য উজ্জ্বল রঙের কাজ। কম্প্যাক্ট পাউডার ও ক্রিমের হালকা বেজের মেকআপ নেবেন। কাজল তাঁর বরাবরই প্রিয়। তাই শাড়ির সঙ্গে মিলিয়ে হালকা আইশ্যাডো থাকবে চোখে, আর ঘন কাজল টানবেন চোখের কোল ঘেঁষে। ঠোঁটে ন্যাচারাল শেডের হালকা লিপস্টিক থাকবে। গয়নায়ও থাকবে ছিমছাম ভাব। নাকফুল তাঁর ভীষণ প্রিয়। কানে পরবেন বড় ঝোলা দুল। ঘড়ি সব সময়ই তাঁর প্রিয় সাজ অনুষঙ্গ। এক হাতে ঘড়ি তো থাকছেই। অন্য হাতে থাকবে হালকা দু-এক গাছি চুড়ি, আঙুলে মানানসই রিং। চুল খুলে ছেড়ে দেবেন একপাশে। রোদেলা দুপুরেদুপুরের রোদে খুব একটা বাইরে বের হন না পূর্ণিমা। কিন্তু দুপুরেও নিমন্ত্রণ থাকে তাঁর। তাই ঈদের দুপুরে তিনি সাজবেন দুপুরের উজ্জ্বল রোদের কথা মাথায় রেখে। বেছে নেবেন সুতির সালোয়ার-কামিজ। গোলাপি, নীল, লেবু বা নরম হলুদের মতো হালকা রং থাকবে তাতে। ব্লকপ্রিন্টের নকশা থাকতে পারে। হালকা ও লম্বা ওড়নায় প্যাচওয়ার্ক পছন্দ পূর্ণিমার। পায়ে থাকবে হালফ্যাশনের দুই ফিতার স্যান্ডেল। চুল খোলাই থাকবে। মুখে হালকা মেকআপ, ঘাম শুষে নেওয়ার জন্য কমপ্যাক্ট পাউডারের ছোঁয়া। পোশাকের সঙ্গে মিলিয়ে চোখে কাজল, আইশ্যাডো তো থাকছেই। লিপস্টিক একটু উজ্জ্বল হবে। দুই হাতে হালকা ব্রেসলেট বা চুড়ি পরবেন। ব্যস, হয়ে গেল তাঁর দুপুরের সাজ।উৎসবের রাতেঈদের রাত মানেই ঝলমলে আলো, আনন্দ আর উৎসব। পূর্ণিমার ঈদের রাতের সাজেও লাগবে তার ছোঁয়া। পোশাক, সাজ আর ব্যক্তিত্ব—সবকিছুর মিশেলে তিনি হবেন অন্যতমা। রাতের সাজে তাঁর প্রথম পছন্দ শাড়ি। এর রং হবে রাতের মতো গাঢ়। কালো, চকলেট, সবুজ কিংবা বাদামির মতো রং থাকবে তাতে। সঙ্গে লম্বা হাতার কলার দেওয়া ব্লাউজ। শাড়ি হবে শিফন, জামদানি, জর্জেট কিংবা মসলিনের। ফ্যাশন হাউস ড্রেসিডেলের শাড়ি তাঁর বেশ পছন্দ। ছবিতে যে শাড়িগুলো পরেছেন, সেগুলো ড্রেসিডেলেরই। শাড়ির ভেলভেট বা লেসের পাড়ে থাকবে জমিনে ঘন এমব্রয়ডারির ফুল। রঙিন সুতার টানে তাতে আসবে বৈচিত্র্য। আর সাজ হবে ঈদের খুশির মতোই গাঢ়। ভারী বেজের মেকআপ হবে। চোখে আইল্যাশ, গাঢ় মাশকারা। ঘন কাজল। চোখের পাতায় শাড়ির সঙ্গে মেলানো গাঢ় আইশ্যাডো, কোণে একটু গাঢ় শেড আঁকবেন। সোনালি হাইলাইট বাড়াবে ভ্রুর ঔজ্জ্বল্য। ন্যাচারাল টোনের ব্লাশঅন বোলাবেন গালে। শাড়ির সঙ্গে মেলানো ন্যাচারাল টোনের গাঢ় লিপস্টিক থাকবে ঠোঁটে। হাতে শাড়ির সঙ্গে মেলানো হাতের ও কারচুপির কাজ করা ব্যাগ। মানানসই নেইলপলিশ বাড়াবে আঙুলের শোভা। আর চুল? সে তো খোলাই ভালো। পায়ে হালকা হিল তোলা গাঢ় রঙের জুতা। এভাবেই ঈদের রাতে পূর্ণিমার সাজ হয়ে উঠবে নান্দনিক। সবশেষে পূর্ণিমা জানালেন, ঈদের সারা দিনের সাজ শেষে রাতে ঘরে বসে নিজেই ফেসিয়াল করে নেবেন। যেকোনো অনুষ্ঠানে মেকআপ করার মতোই মেকআপ তোলার ব্যাপারেও ভীষণ গুরুত্ব দেন তিনি। ‘দিন শেষেও মনের মধ্যে ঈদের সাজের আমেজটা থেকেই যায়।’ বলে হাসলেন পূর্ণিমা।