ঈদের দিন সাজ তিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের দিনের সাজটি হওয়া চাই বিশেষ। টিনএজ কিংবা একটু বড়—সবার মনেই থাকে এ কথাটি। সারা দিনের ব্যস্ততায়, বেড়ানোর মাঝেও যেন নিজেকে রাখা চাই পরিপাটি। রূপবিশেষজ্ঞ আফরোজা কামাল জানাচ্ছেন তেমনই কিছু সাজের কথা।তরুণীর সারা দিনএই সালামি নিতে যাওয়া তো এই বন্ধুদের আড্ডায় সারা দিন মেতে থাকা। এই বয়সের মজাই তো এটা। সারা দিনের সাজটিও হওয়া চাই তাই আরামদায়ক। সকালে সালোয়ার-কামিজ, কুর্তা, টপস যা-ই পরা হোক না কেন, সাজটি হালকা হলেই ভালো লাগবে। দেখতেও সতেজ লাগবে। পাউডার বা কমপ্যাক্ট দিয়ে লাইট বেস নিতে হবে। চোখের কাজলটি গাঢ় করে পরা যেতে পারে। লিপস্টিকের রংটি হতে পারে গোলাপি, হালকা লাল, ন্যাচারাল কিংবা অন্য কোনো হালকা টোনের। ব্লাশন লাগালে বোঝা যাবে না, কিন্তু চেহারায় সতেজ ভাবটা ফুটে উঠবে, এমনভাবেই লাগাতে হবে।দুপুরের দিকে সাজটি একটু জমকালো হতে পারে। পোশাকের সঙ্গে মিলিয়ে বা বাদামি আইশ্যাডো যোগ করতে পারেন চোখে। কাজল বা আইলাইনার যা-ই লাগান না কেন, চোখের বাইরের দিকে আইশ্যাডোর ব্রাশ দিয়ে ঘষে দিতে পারেন। তাতে আইশ্যাডোর রংটিও চলে আসবে কিছুটা। হালকা স্মোকি এ সাজে একটু বৈচিত্র্যময় দেখাবে।রাতে চোখ দুটোকে স্মোকি শেডে নিয়ে আসার কথা জানালেন আফরোজা কামাল। ব্লাশন এবং লিপস্টিকের রংটিও একটু গাঢ় হলে মন্দ লাগবে না। এ ক্ষেত্রে ঠোঁটের রং হতে পারে গাঢ় বেগুনি, ম্যাজেন্টা, লাল, মেরুন।চুল নিয়ে বোঝাপড়াএ বয়সে খুব ভারিক্কি হেয়ার স্টাইল ভালো লাগবে না। সকালে চুল সুন্দর করে ব্লো ড্রাই করার কথা বললেন আফরোজা কামাল। চাইলে বেঁধেও রাখা যেতে পারে। এ ছাড়া চুলটাকে একটু এলোমেলো করে পেছনে নিয়ে আটকাতে পারেন। ট্রেন্ডি কিন্তু ট্র্যাডিশনাল লুক আনতে চাইলে দুই পাশে দুটো বেণি করে সেটাকে খোঁপা করে বেঁধে নিতে পারেন।বড়দের সারা বেলাসকালে উঠে খাবার রান্না করা থেকে শুরু করে হাসিমুখে সব মেহমান সামলানো—এসবই আসলে করতে হয় তাঁদের। তাঁদের সারা দিনের সাজটিও হওয়া চাই তাই কাজবান্ধব। সকালের গোসলটি হওয়া চাই ভালো করে। তাহলে চেহারায় সজীব ভাবটা এমনিতেই চলে আসবে। তারপর ময়েশ্চারাইজার লাগিয়ে ঠোঁটে ন্যাচারাল রঙের লিপস্টিক দিতে পারেন। হালকা কমপ্যাক্ট বেইস লাগিয়ে কপালে ছোট্ট একটি টিপ। গালে ন্যাচারাল কিংবা হালকা গোলাপি ব্লাশন। ব্যস, ছিমছাম সাজে আপনি প্রস্তুত।দুপুরের সাজে পোশাকের সঙ্গে মিলিয়ে চোখে শাইনি আইশ্যাডো লাগাতে পারেন। এ ছাড়া একটু ভারী বেইস, ন্যাচারাল অথবা হালকা টোনের পছন্দমতো লিপস্টিক তো থাকছেই।রাতের সাজটা বেশ জমকালো করতে পারেন। কনসিলার, প্যানকেক, প্যানস্টিক দিয়ে বেস মেকআপ করুন। চাইলে লিকুইড বেসও করা যায়। চোখের সাজটি খুবই গুরুত্বপূর্ণ এ বেলায়। স্মোকি কিন্তু উজ্জ্বল হলে পুরো সাজটি জমবে ভালো। চোখের পাতায় প্রথমে কালো আইশ্যাডো, এর ওপরের অংশে পোশাকের সঙ্গে মিলিয়ে কোনো রং এবং তার ওপরের অংশে সোনালি বা রুপালি আইশ্যাডো লাগান। অর্থাৎ তিনটি রঙের মিশ্রণে চোখ দুটোকে সাজাতে পারেন। চোখের সাজটি উজ্জ্বল হলে লিপস্টিকের রংটি কফি, বেগুনি, মেরুন কিংবা বাদামির গাঢ় শেডে বাছুন। ব্লাশনটিও বেছে নিতে পারেন গাঢ় শেডের মেরুন, গোলাপি কিংবা বাদামি থেকে। চুলের সাজবিভিন্ন ধরনের খোঁপা করে তাক লাগাতে পারেন প্রিয়জনদের মহলে। কখনো করতে পারেন ছিমছাম হাতখোঁপা। কখনো বা ফ্রেঞ্চ স্টাইলের খোঁপা। ফ্রেঞ্চ খোঁপা করতে চাইলে জেনে নিন নিয়মটি। এক পাশে সিঁথি করে কপালের এক পাশটি পুরো ঢেকে দিতে হবে। আরেক পাশটি ব্যাক কোম্ব করে আঁচড়ে নিন। এবার পেছনের চুলগুলোকে ফ্রেঞ্চ স্টাইলে ঘুরিয়ে খোঁপা করে নিন। ব্যস, চুলের সাজেও এসে যাবে ঈদের আমেজ।