ঈদের দিনটা বাড়িতেই কাটান সংগীতশিল্পী পড়শি। এবারও বাড়িতেই থাকতে চান তিনি, তবে ঈদের দিন তাঁর গানের অনুষ্ঠান আছে কয়েকটা। সেগুলোর কথা ভেবেই পোশাক নির্বাচন করেছেন। পড়শি বলেন, ‘ঈদের দিনটা গরম থাকবে, তাই সুতির পোশাক পরব। উজ্জ্বল রঙের সালোয়ার-কামিজই পরা হবে। যে পোশাক পরে ছবি তুলছি, সেটা বেছে নিয়েছি নিজেদের ফ্যাশন হাউস থেকে। রুপালি পাথরের নকশা আছে এতে। এটি ঈদের দিন পরব। সঙ্গে চুড়িদার আর ওড়না থাকবে।’ তবে আরেক অনুষ্ঠানে অন্য পোশাক পরে যেতে পারেন, তা-ও জানালেন তিনি।ঈদের দিন বেশি গয়না পরবেন না। আঙুলে আংটি আর চুলে ব্যান্ড পরবেন। পায়েল পরতে ভালো লাগে, তাই হয়তো সেটাও পরবেন। উঁচু হিলের স্যান্ডেল পরবেন। পশ্চিমা পোশাক পরলে তখন আবার পাল্টে যাবে সাজ। ঈদের পরদিন থেকেই শুরু হয়ে যায় নানা অনুষ্ঠান। তাই ঈদের দিনটা কাটাতে চান একটু আরাম করেই। এদিন বেশি খাওয়াদাওয়া করেন না, তবে পায়েস ও বোরহানিটা খেতে ভালো লাগে তাঁর। এ ছাড়া পোলাও, রেজালা—এগুলো ঈদের দিন বাড়ির সবার সঙ্গে বসে খাবেন।