ঈদের দিনে খান রয়ে সয়ে

পোলাও-বিরিয়ানি, ফিরনি-সেমাই, কত্ত কী! আজ ঈদ। ঈদ উপলক্ষে ভালো খাওয়াদাওয়ার পর্ব একটু বেশিই থাকে। সবার বাড়িতে কমবেশি আয়োজন। নানা ধরনের মুখরোচক খাবার থাকে সেখানে। কিন্তু বিশেষজ্ঞদের পরামর্শ হচ্ছে, ঈদের দিনে বেশি খাওয়ার লোভ সামলাতে হবে। খেতে হবে রয়ে সয়ে। তা না হলে পেটের পীড়া, ডায়রিয়াসহ নানা সমস্যায় ভুগতে হতে পারে। ডায়াবেটিস ও হৃদ্রোগে যাঁরা ভুগছেন, তাঁদের ক্ষেত্রে নিয়ম মেনে না চললে সমস্যা দেখা দিতে পারে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন এ বি এম আবদুল্লাহ আজ বিকেলে প্রথম আলোকে বলেন, ঈদের দিন নিজের বাসায় তো বটেই, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবের বাসায় ঘুরে ঘুরে প্রায় সারা দিনই টুকিটাকি কিছু না কিছু খাওয়া হয়। অনেকেই একসঙ্গে প্রচুর পরিমাণ তৈলাক্ত বা চর্বিযুক্ত খাবার খেয়ে হজম করতে পারেন না। এই ঈদে বেশি মাংস খাওয়ার ফলে পেট ফাঁপে, জ্বালাপোড়া করে, ব্যথা করে, বারবার পায়খানা হয়। যদিও সাধারণভাবে কোনো নির্দিষ্ট খাবার খেতে কোনো মানা নেই, কিন্তু পরিমাণ বজায় রাখা খুবই জরুরি।
ঈদে কী খাবেন, কী খাবেন না
ঈদের দিন তৈলাক্ত খাবার, পোলাও, বিরিয়ানি ও আমিষজাতীয় খাবার, যেমন: মুরগি, খাসি বা গরুর মাংস, কাবাব, রেজালা ইত্যাদি খাওয়া হয়। চটপটি, দইবড়া কিংবা বোরহানির মতো টক খাবারও। এসব খাবার পরিমাণ বুঝে খাবেন। পারতপক্ষে সকালের দিকে কম খাবেন।
পর্যাপ্ত পানি পান না করায় অনেকে কোষ্ঠকাঠিন্যে ভোগেন। ঈদের দিন যথেষ্ট পানি খাবেন। যাঁরা কোমল পানীয় সহ্য করতে পারেন, তাঁর পরিমিত খেলে সমস্যা নেই। কিন্তু কোনোভাবেই অতিরিক্ত খাওয়া যাবে না।
যাঁদের বয়স কম এবং শারীরিক কোনো সমস্যা নেই, তাঁরা নিজের পছন্দমতো সব খেতে পারেন। তবে অতিরিক্ত চর্বিযুক্ত মাংস খাওয়ার সময় খেয়াল রাখবেন। তা না হলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা বেড়ে যেতে পারে। যাঁদের এনালফিশার ও পাইলসজাতীয় রোগ আছে, তাঁদের পায়ুপথে জ্বালাপোড়া, ব্যথা ইত্যাদি বাড়তে পারে, এমনকি পায়ুপথে রক্তক্ষরণ পর্যন্ত হতে পারে। তাই প্রচুর পরিমাণে পানি, শরবত, ফলের রস, ইসবগুলের ভুসি ও অন্যান্য তরল খাবার বেশি করে খাবেন।
পেটে গ্যাস হলে গ্যাসের ওষুধ খেতে হবে। যাঁদের আইবিএস আছে, তাঁরা দুগ্ধজাত খাবার এড়িয়ে চলতে চেষ্টা করুন। দাওয়াতে গেলে পরিমিত খাবার খাওয়ার চেষ্টা করবেন।
হয়তো অনেক খাওয়াদাওয়া টেবিলে সাজানোই থাকবে, কিন্তু খেতে বসলেই সেসব খেতে হবে তা নয়। রাতের খাবার খেয়েই ঘুমিয়ে পড়বেন না। খাওয়ার অন্তত দুই ঘণ্টা পর বিছানায় যাবেন। খাবারের ফাঁকে ফাঁকে পানি খাবেন না, এতে হজম রসগুলো পাতলা হয়ে যায়। ফলে হজমে অসুবিধা হয়। তাই খাওয়ার অন্তত এক ঘণ্টা পর পানি পান করুন। খাবারের মাঝে বোরহানি খেতে পারেন।
মাংসের সঙ্গে যথেষ্ট পরিমাণে সবজি খাওয়া যেতে পারে। টাটকা সবজি পাকস্থলীকে সাবলীল রাখে। ভেজাল খাবার, পচা-বাসি এড়িয়ে যেতে হবে।
মাংসে তেল বা ঘিয়ের পরিমাণ কমিয়ে দিলে, ভুনা গোশতের বদলে শুকনো কাবাব করে খেলে, কোমল পানীয় ও মিষ্টি একেবারে কমিয়ে খেলে ঈদের সময় ভালো থাকতে পারবেন। সেই সঙ্গে হালকা ব্যায়াম বা বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করে শরীর থেকে অতিরিক্ত ক্যালরি কমিয়ে নিতে পারলে আরও ভালো।
উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, রক্তে অতিরিক্ত চর্বি ইত্যাদি না থাকলেও মধ্যবয়সে ঈদের খাবারের ব্যাপারে বাড়তি সতর্ক থাকা দরকার। বেশি খেলে তাঁদের পেট ভরা ভাব বা অস্বস্তিকর অনুভূতি হতে পারে।
ডায়াবেটিক রোগীকে অবশ্যই মিষ্টিজাতীয় খাবার এড়িয়ে চলতে হবে। তাঁরা বরং টক খাবারের মাধ্যমে রসনা পূরণ করতে পারেন। নেহাত মিষ্টি খেতে চাইলে চিনির বিকল্প দিয়ে তৈরি করে নেবেন। পোলাও, বিরিয়ানি কম খাবেন, ভাত খাওয়াই ভালো। গরু বা খাসির মাংস খাওয়া যাবে, পরিমাণটা অতিরিক্ত যাতে না হয় এবং তেল বা চর্বি যেন কম থাকে।
যে পরামর্শ অবশ্যই মেনে চলবেন: ঈদে খাবারদাবার নিয়ে এ বি এম আবদুল্লাহর কিছু পরামর্শ মেনে চললে ভালো।
১. পরিমিত খাবার খান। যতটা পারেন কম খাবেন।
২. বয়স্ক, কিডনি ও ডায়াবেটিসের রোগীরা চিকিৎসকের পরামর্শমতো খাবার খাবেন।
৩. কোমল পানীয় বুঝে-শুনে খাবেন, পরিমিত খাবেন।
৪. টাটকা খাবেন।
৫. প্রচুর পানি খাবেন।
৬. অতিরিক্ত মসলাদার খাবার খাবেন না।
৭. সবজি খেতে পারেন।
৮. হালকা ব্যায়াম করবেন।