ঈদের দিনে শাকিব খান
সকাল থেকে রাত অবধি শুটিং করতে হয় তাঁকে। শুটিংয়ের চাপে ঈদের কেনাকাটা ঠিকমতো করা হয়নি। তাই বলে কি শাকিব তাঁর পোশাক কিনবেন না?ইচ্ছা ছিল দুই দিনের জন্য দিল্লি যাবেন তিনি। কেনাকাটা করে আসবেন। কিন্তু কোনো পরিচালকই আর তাঁকে ছাড়লেন না। তাই কয়েক দিন আগে শুটিং শেষ করে মধ্যরাতে ঢুঁ মারলেন ঢাকার গুলশানের শপিং মলে। আগেভাগেই ঠিকঠাক করে নিলেন কী কী কিনবেন। তারপর কয়েক ধরনের পোশাক কিনে চলে গেলেন বাসায়।ঈদের দিন শাকিব সকালবেলা পরতে পছন্দ করেন সাদা রঙের পাঞ্জাবি-পায়জামা। খুব বেশি কারুকাজ করা পাঞ্জাবি তাঁর পছন্দ নয়। ‘আমি চাই, পাঞ্জাবির গলা ও বোতাম লাগানোর দুই বর্ডারে পাথর বা পুঁতির কাজ থাকবে। ব্যস। এটুকুতেই আমি সন্তুষ্ট।পায়জামা অবশ্য ঢিলেঢালা নয়। চোস্ত পায়জামা আমার পছন্দ। পায়ে পরি নাগরা জুতা। গলায় চিকন একটা চেইন পরে নিই। এরপর নামাজ পড়ে বাসায় এসে ঘুম। ঘণ্টা দুই পর বাসায় পরিচালক-প্রযোজক, অতিথিরা আসতে শুরু করেন। এ সময় ঝটপট তৈরি হয়ে নিই। এবার আমার পছন্দ গোল গলার টি-শার্ট আর ফুলপ্যান্ট। চুল ব্যাকব্রাশ করে তারপর চলে আসি সবার সামনে।’ বলছিলেন শাকিব খান।দুপুর পর্যন্ত অতিথিদের আপ্যায়ন শেষে খাওয়াদাওয়া সেরে তিনি বেরিয়ে পড়েন বিভিন্ন প্রেক্ষাগৃহে।এ সময় পোশাকটা পাল্টে নেন চটজলদি।‘অনেক মানুষের মধ্যে যেতে হয়। খুব বেশি সাজগোজ করা হয় না। একটা ফুলহাতা শার্ট পরে নিই। প্যান্ট আর স্যান্ডেল শু। বেরিয়ে পড়ি গাড়ি নিয়ে। এক সিনেমা হল থেকে আরেক হলে। দর্শকদের সঙ্গে হাত মেলানো ও শুভেচ্ছা বিনিময় শেষে সন্ধ্যার দিকে ঘরে ফিরে আসি।’ বললেন শাকিব খান।রাতের বেলা দু-তিনটি অনুষ্ঠান থাকে। বাসায় এসে কিছুক্ষণ টিভি দেখে, তারপর রাতের অনুষ্ঠানের জন্য তৈরি হয়ে নেন তিনি। হালকা ফিরোজা রঙের জমকালো পাঞ্জাবি তাঁর পছন্দ। হাতা দুটো একটু গুটিয়ে নেন তিনি। হাতে থাকে ঘড়ি। গলায় চিকন চেইন। অবশ্য যখন পাঞ্জাবির সঙ্গে স্কার্ফ পরেন, তখন আর চেইনটা পরা হয় না তাঁর।‘স্কার্ফটা সব সময় পরি না। যদি আবহাওয়া গরম থাকে, তাহলে গলায় চেইন পরে নিই। চুলটা হালকা ভিজিয়ে ব্যাকব্রাশ করে নিই। তারপর চলে যাই অনুষ্ঠানে। হ্যাঁ, ইচ্ছা হলে ঈদের আগের রাতে আঙুলে একটু মেহেদি লাগাতে পারি।’ বললেন শাকিব খান।