ঈদের দিনে সতেজ

ঈদের কেনাকাটাই শুধু চলবে? ত্বকের একটু যত্নও তো নেওয়া চাই। মাসজুড়ে যাঁরা চেহারার দিকে তাকানোর সময় পাননি, তাঁরা নাহয় এখন নড়েচড়ে বসুন। ঈদের আগে একটু যত্নআত্তি করুন ত্বক ও চুলের। ছেলেদের সৌন্দর্যচর্চাকেন্দ্র হেয়ারোবিক্সের পরিচালক শাদীন মাহবুব বলেন, ‘বর্ষার পানি আর স্যাঁতসেঁতে আবহাওয়া ত্বকের উজ্জ্বলতা কমিয়ে দেয়। ঈদের আগেই তাই পারলারে একটা ফেসওয়াশ করে নিলে সতেজতা ফিরে আসবে। পছন্দসই চুলের কাট এখনই দিয়ে নিন। এ ছাড়া ম্যানিকিওর ও পেডিকিওর করে নিতে পারেন।’
চুলের স্টাইল
যেহেতু গরমের সময়, তাই ছোট চুলের স্টাইলই ভালো দেখাবে। অনেকে আবার চুলটা একদম ছোট না করে মাঝারি রাখতে চান, সেটাও মানাবে। চুলে ভিন্নতা আনতে রং করতে পারেন। স্থায়ী রং না করতে চাইলে ঈদের দিন সকালে বা আগের দিন পোশাকের রং মিলিয়ে চুলে হাইলাইটস করিয়ে নিতে পারেন। মুখের গড়ন বুঝে স্পাইক, লেয়ার, মোহাক, ক্রু বা মেসি কাট দিতে পারেন। এগুলোই এই সময়ের জনপ্রিয় স্টাইল।
ত্বকের যত্নে
ত্বক পরিষ্কারের জন্য পারলারে গিয়ে ডিপ ক্লেনজিং ফেসওয়াশ করে নিতে পারেন ঈদের দুই দিন আগে। এ ছাড়া এই কয়দিন সকালে বাইরে যাওয়ার আগে এবং বিকেলে বাসায় ফিরে ফেসওয়াশ দিয়ে মুখটা পরিষ্কার করে নিন। বাইরে যাওয়ার আগে সানস্ক্রিন লোশন ব্যবহার করুন। ঘুমানোর আগে ময়েশ্চারাইজার ক্রিম লাগাতে পারেন। যাঁদের মুখে ব্রণ আছে, তাঁরা ফেয়ার পলিশ করাবেন না। ঈদের দিন কুসুম গরম পানিতে গোসল করতে পারেন। যাঁরা শেভ করতে চান, চাঁদরাতেই সেটা করে ফেলতে পারেন। এ ছাড়া এখন ছেলেদের মুখে হালকা ট্রিম করা খোঁচা খোঁচা দাড়ির চল দেখা যাচ্ছে। সেটা করতে চাইলে এই কয়দিন শেভ না করে ঈদের দিন দাড়িটা পছন্দমতো ট্রিম করে নিন। শেভের পর ভালো মানের ময়েশ্চারাইজার ক্রিম লাগান।
হাত ও পায়ের যত্নে
নখ বড় হলে কেটে নিন। ম্যানিকিওর ও পেডিকিওর করালে হাত–পা দেখতে মসৃণ লাগবে। এ ছাড়া নখের উজ্জ্বলতা বাড়াতে শাইনিং করে নিতে পারেন। বিশেষ করে পায়ের নখের আশপাশে ময়লা জমে কালো দেখায়, সেটা পরিষ্কার করে নিন। পা ফাটার সমস্যা
থাকলে পা কিছুটা সময় ভিজিয়ে রেখে মাজুনি দিয়ে ঘষে পরিষ্কার করে নিন।