ঈদের দিনে স্নিগ্ধ-সতেজ সাজ

ঈদের দিন নিজেকে অনন্য দেখাক, এমন চাওয়া কমবেশি সবারই। সাজের প্রস্তুতি তাই শুরু হয়ে যায় কয়েক দিন আগে থেকেই। চুল কাটানো, ফেসিয়াল, পেডিকিওর, ম্যানিকিওর আরও কত কি! এর জন্য অনেকেই এখন ভিড় করছেন রূপচর্চাকেন্দ্রে, আর যাঁরা সেখানে যাওয়ার সময় করতে পারছেন না, তাঁরাও কিন্তু নিজের যত্নটুকু বাড়িতেই করে নিতে পারেন।
ফেয়ার টাচ বিউটি পারলারের কর্ণধার ও রূপচর্চা বিশেষজ্ঞ বাঁশরী ব্যানার্জি বলেন, পোশাকের ওপর অনেকটাই নির্ভর করে ঈদের সাজ। সকালের সাজ পরিপাটি ও ছিমছামই ভালো। তাতে স্নিগ্ধ দেখাবে। আর রাতের সাজটা হবে জমকালো। সকালের সাজে আইশ্যাডো ও লিপস্টিক হাইলাইট করতে পারেন। মেকআপ হবে হালকা। সারা দিনের জন্য বেরিয়ে পড়লে ব্যাগেই প্রয়োজনীয় কিছু প্রসাধনী রাখুন। দুপুরের পর আইশ্যাডো ও লিপস্টিক নতুন করে লাগাবেন।
বাড়ির বাইরে গেলে তো বটেই, এমনকি চুলার কাছে গেলেও মুখে মেখে নিতে হবে সানস্ক্রিন। এরপর মুখে হালকা কমপ্যাক্ট পাউডার বুলিয়ে নিলেই চলবে। চোখের সাজের ক্ষেত্রে পোশাকের সঙ্গে মিলিয়ে বা কনট্রাস্ট করে আইশ্যাডো দিতে পারেন। শুধু কাজল দিয়ে চোখের সাজ এখন বেশ ট্রেন্ডি। সঙ্গে আইলাইনার ও মাসকারা দিতে পারেন। তবে যাঁরা সাজতে পছন্দ করেন না, তাঁরা শুধু কমপ্যাক্ট পাউডার ও কাজল দিয়েই পুরো সাজ পূর্ণ করতে পারেন। ঠোঁটে লিপস্টিকের বদলে সকালবেলাটা লিপগ্লসই ভালো। সবশেষে হালকা আর মিষ্টি সুগন্ধি।
সাজ তো গেল, চুলের কী উপায়! যাঁরা একটু ভিন্ন আঙ্গিকে চুল বাঁধতে চান, তাঁরা আগের দিন বিউটি পারলার থেকে চুলটাকে সেট করে নিতে পারেন। সেটি সম্ভব না হলে ব্লো ড্রাই করে চুল সাজানো যেতে পারে। চুল পাইল করে রাখা যেতে পারে, আবার চাইলে কিছু চুল সামনে নিয়ে টুইস্ট করেও আটকে রাখা যায়। কার্লিতেও এখন অনেক বৈচিত্র্য। আলভিরাস বিউটি কেয়ারের ব্যবস্থাপক খালেদা বানু জানালেন, দেশীয় কিংবা পাশ্চাত্য সব সাজেই মানিয়ে যায় কার্লি চুলের লুক।
বিকেলের কিংবা রাতের সাজ একটু ভারী হবে। প্রথমে ময়েশ্চারাইজার লাগিয়ে তারপর ফাউন্ডেশন লাগান। এ ক্ষেত্রে ম্যাট ফাউন্ডেশন ভালো। এতে মেকআপ দীর্ঘস্থায়ী হবে। চাইলে প্যানকেকও ব্যবহার করা যায়। চোখের সাজে পছন্দমতো হালকা উজ্জ্বল আইশ্যাডো নিয়ে আইল্যাশের কিনারা থেকে চোখের পাতার ওপরের ভাঁজ পর্যন্ত লাগিয়ে নিন। এরপর হালকা ব্লাশন। ব্লাশনে গোলাপি, বাদামি, কমলা রংগুলোই এখন বেশি চলছে। লিপস্টিকে লাল, কমলা, ম্যাজেন্টা, গাঢ় কফি, গাঢ় মেরুনসহ উজ্জ্বল রংগুলো বেছে নিতে পারেন।
নগরের বিভিন্ন রূপচর্চাকেন্দ্রের খোঁজ
পারসোনা: ফেসিয়ালে খরচ পড়বে ৫০০ থেকে ২১৫০ টাকা। এ ছাড়া হেয়ার কাট ২০০ থেকে ৮৫০, হেয়ার ট্রিটমেন্ট ৮৫০ থেকে ১৯৫০ এবং স্পা করা যাবে ১২০০ থেকে ৪৫০০ টাকার মধ্যে। এ ছাড়া ম্যানিকিওর ও পেডিকিওর রয়েছে।
আলভিরাস বিউটি কেয়ার: ফেসিয়াল, কালার, স্ট্রেইটনিং ও রিবন্ডিংয়ের ওপর ১৫ শতাংশ ছাড় চলবে চাঁদরাত পর্যন্ত। এ ছাড়া বিভিন্ন ধরনের ফেসিয়াল যেমন ক্লে মাস্ক, পিংক ফেসিয়াল, সানবার্ন ইত্যাদি পাবেন ৮০০ থেকে ২২০০ টাকার মধ্যে।
বিউটি বাফে: বিভিন্ন প্যাকেজে রয়েছে ফেসিয়াল, হেয়ার কাট, ম্যানিকিওর ও পেডিকিওর। প্যাকেজের সেবা নিতে খরচ পড়বে ১৫০০ থেকে ৩৫০০ টাকা। এ ছাড়া মেহেদি লাগানোতে রয়েছে ২০ শতাংশ ছাড়।
নিউ লুক: ঈদ উপলক্ষে বিশেষ ফেসিয়ালের ব্যবস্থা রয়েছে এখানে। খরচ পড়বে ১৩০০ থেকে ৩০০০ টাকা। হেয়ার কাট ৮০ থেকে ৭০০ টাকা ও হেয়ার ট্রিটমেন্ট ৫০০ থেকে ২০০০ টাকা। এ ছাড়া ম্যানিকিওর ও প্যাডিকিওর তো আছেই।
নির্ভানা বিউটি ওয়ার্ল্ড: বিভিন্ন ধরনের ফেসিয়াল পাবেন ৫০০ থেকে ২০০০ টাকার মধ্যে। এ ছাড়া ম্যানিকিওর, প্যাডিকিওর ও স্পা সুবিধা রয়েছে ৬০০ থেকে ১২০০ টাকায়। বিভিন্ন ধরনের হেয়ার কাট পাবেন ২৫০ থেকে ১০০০ টাকার মধ্যে।
হাবিব তাজকিরাস: এবারের ঈদে হাবিব তাজকিরাসে রয়েছে চকলেট ফেসিয়াল, ম্যানিকিওর, প্যাডিকিওরসহ নানা আয়োজন। এতে খরচ পড়বে ১০০০ থেকে ৬০০০ টাকা।
ফেয়ার টাচ বিউটি পারলার: হেয়ার কালার, রিবন্ডিং, স্ট্রেইটনিংডে ওপর পেতে পারেন ২০ শতাংশ পর্যন্ত ছাড়। এ ছাড়া বিভিন্ন ফেসিয়াল করাতে পারেন ৬০০-২২০০ টাকার মধ্যে। রয়েছে ম্যানিকিওর, প্যাডিকিওর ও স্পা সুবিধা।
যঁারা রূপচর্চার কেন্দ্রমুখী নন, তাঁদের জন্য দুটি টিপস
l ঈদের আগের রাতে শ্যাম্পু করে রাখতে পারলে ভালো। শ্যাম্পু করার আগে নারকেল তেল একটু গরম করে মাথায় ভালো করে ম্যাসাজ করতে হবে। তারপর মাথাটাকে একটা তোয়ালে দিয়ে ৩০ মিনিট ঢেকে রেখে শ্যাম্পু করে নিতে হবে।
l এ ছাড়া ত্বক সজীব দেখাতে ব্যবহার করতে পারেন বিভিন্ন প্যাক। চালের গুঁড়া বা ময়দা, মসুরের ডালের গুঁড়া, মালটার রস মিশিয়ে প্যাক তৈরি করে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এটা ত্বকের জন্য খুবই উপকারী।