ঈদের দিনেও কাজে ছিলেন সবিতা

সবাই যখন পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে, তখন তিনি দেশের মানুষের নিরাপত্তার কথা ভাবেন। গত ১০ মাস থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালন করছেন। এর মধ্যে সবিতা আকতারের দুটি ঈদের দিন কেটেছে বিমানবন্দরে। বাংলাদেশ পুলিশের ১১ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কনস্টেবল পদে কাজ করছেন তিনি।
‘পরিবার ছাড়া ঈদ করতে কষ্ট হয় এটা ঠিক। কিন্তু যখনই মনে হয় আমার ওপর অনেক দায়িত্ব, বড় দায়িত্ব। তখন অত খারাপ লাগে না। এবার সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত দায়িত্ব পালন করেছি। আমাদের স্যারেরা এসেছিলেন। শুভেচ্ছা বিনিময়, খোঁজখবর নেওয়া—সবই করেছেন। তখন ততটা খারাপ লাগেনি।’ বলেন সবিতা।
বিমানবন্দরে যাত্রীদের নিরাপত্তা, স্ক্যানিংয়ে কোনো অবৈধ জিনিস ধরা পড়ছে কি না, যাত্রীদের হয়রানি হচ্ছে কি না—এসব দেখাই সবিতার কাজ। চার বছর আগে এপিবিএনে যোগ দিয়েছিলেন। বিমানবন্দরের দায়িত্ব পাওয়ার পর সবিতার মা ফাতেমা খুব খুশি। শুরুতে তিনি বুঝতে পারতেন না মেয়ের কাজের ধরন। সবিতা যখন মাকে বুঝিয়ে দিয়েছেন কী কী কাজ করতে হয়। কাদের জন্য করেন। খুব খুশি তখন মা। মেয়েকে উল্টো তিনি বোঝান এখন মন দিয়ে কাজ করতে। দেশের মানুষের কথা ভেবে মন দিয়ে কাজ করতে বলেছেন।
এই ঈদে বেলা একটা পর্যন্ত দায়িত্ব পালন শেষে বাসায় ফিরে যান। নতুন পোশাক পরে মজার মজার খাবার খান। বাড়িতে মুঠোফোনে কথা বলেন। রোজার ঈদেও তা-ই করেছিলেন।
‘কখনো ভাবিনি এ ধরনের কাজ করব। ভালো লাগছে।’ সবিতা এভাবেই এগিয়ে যাবেন। দেশের মানুষের নিরাপত্তা নিয়ে আরও কাজ করবেন।