ঈদের দিনের সেই ছেলেটি
রাফির ঈদটি প্রতিবারের মতোই সাধারণ হতে পারত। যদি না ওই ছেলেটির সঙ্গে তাঁর দেখা হতো। ঈদের দিন সাধারণত বাড়িতেই থাকে রাফি। কেন যেন এবার ঈদের দিন বাইরে বেরোতে ইচ্ছা হলো। অন্য সব বন্ধু বাড়িতে চলে গেছে। শুধু সেই যায়নি। রিকশা পাচ্ছিল না। হেঁটে হেঁটে এগোচ্ছিল। হঠাৎ তার সামনে একটা বাচ্চা ছেলে এসে দাঁড়াল।
ছেলেটির পরনে জীর্ণশীর্ণ জামা আর একটা পুরোনো প্যান্ট। পায়ে জুতাও নেই। ছেলেটিকে দেখে তাঁর মায়া হলো। ছেলেটিকে রাফি ৫০ টাকা দিল। ও মা, সে যে নিচ্ছে না! সে আবার পকেটে হাত দিয়ে ১০০ টাকার একটা নোট দিল। আজব ব্যাপার, ছেলেটি তাও নিচ্ছে না।
রাফি অবাক হয়ে ছেলেটিকে জিজ্ঞাসা করল, ‘ভাইয়া, কী চাও বলো?’ ছেলেটির কোনো জবাব নেই। সে আবার জিজ্ঞাসা করল, ‘কিছু খাবা? ভাইয়া, আমার সঙ্গে রেস্টুরেন্টে যাবা?’ ছেলেটির কোনো জবাব পেল না। পাশের একটি লোক তখন তাকে বলল, ‘আরে ভাই, পোলাটা পাগল। টাকা দিলে টাকা নেয় না।’ হঠাৎ একটা রিকশা এসে দাঁড়াল। যেই সে রিকশায় উঠে যাব, অমনি ছেলেটি তার আঙুল ধরে টানছিল। মনে হচ্ছিল, ছেলেটি রাফিকে কোথাও নিয়ে যেতে চায়। রিকশা দাঁড়িয়ে ছিল। তাই রাফি সেদিকে কান না দিয়ে রিকশায় উঠে গেল।
তখন প্রায় বেলা দুইটা বাজে। রাফি বাসায় ফিরছে। ফেরার পথে রাফি ওই ছেলেকে যেখানে দেখেছিল, তার পাশের বস্তিতে অনেক ভিড় দেখল। উৎসুক মনে সে দেখতে গেল কী হয়েছে। গিয়ে যা দেখতে পেল, তা দেখে পুরো থ বনে গেল। একটা কুঁড়েঘরের সামনে একটা লাশ। আর লাশের পাশে বসে ওই ছেলেটি দরদর করে কাঁদছে। মুখ থেকে একটা শব্দও বের হচ্ছে না। কিন্তু চোখ থেকে টপটপ করে পানি পড়ছে। পাশের লোকজন থেকে জানতে পারল, লাশটি ছেলেটির মা। কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন। আজ সকালে একটু বেশিই অসুস্থ হয়ে পড়েছিলেন। ছেলেটি বোবা, তাই কিছু বলতে পারে না।
সকালে ছেলেটি অনেকের কাছে গিয়েছিল তার মাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু বোবা হওয়ায় তার কথা কেউ বোঝেনি। কথাগুলো জানতে পেরে রাফির চোখ থেকে গড়িয়ে পানি পড়ছিল। ছেলেটি হয়তো সকালবেলা তার কাছে এসেছিল। তার মাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য। হয়তো তার হাত ধরে ছেলেটি তার ঘরে মায়ের কাছে নিয়ে যাওয়ার জন্যই টান দিয়েছিল। খুব লজ্জিত হচ্ছিল সে। হয়তো আজ সে ছেলেটিকে এতিম হওয়া থেকে বাঁচাতে পারত। নিজের মুখটি আর ছেলেটিকে দেখাতে ইচ্ছে করল না তার। সেদিনের ঈদ তাদের দুজনের জন্য আর ঈদ রইল না।
পরের দিন রাফি আবার বস্তিতে গেল ছেলেটির খোঁজে। কিন্তু ছেলেটিকে পেল না। কেউ জানেও না ছেলেটি কোথায় গেছে। আজ রাফির মনে পরে ঈদের দিনের সেই ছেলেটির কথা। হয়তোবা কোনো দিন সে ভুলতে পারবে না...।