ঈদের দ্বিগুণ আনন্দ
মোতালেব সাহেব ঈদের বেতন-বোনাস নিয়ে ফিরছিলেন। তিনি হেঁটেই ফিরছিলেন। এ সময়টায় অফিস থেকে বের হয়ে বাড়ি ফেরার জন্য আর কিছু পাওয়া যায় না। না বাস, না রিকশা; আর সিএনজিওয়ালাদের তো প্রশ্নই ওঠে না। তাদের ভাবভঙ্গিতে মনে হয়, তারা সব সরাসরি মোগলবংশের আত্মীয়-পরিজন..., শাহি নবাবের রক্ত প্রবহমান তাদের চামড়ার নিচে। তাই হেঁটেই ফিরছিলেন মোতালেব সাহেব। হাঁটতে তাঁর ভালোই লাগে। তাঁর হাঁটার স্পিডও ভালো।এ সময়... হঠাৎ মাটি ফুঁড়ে দুই তরুণ পথ আটকাল তাঁর।—আঙ্কেল, দেশলাই আছে?—কেন, দেশলাই কেন? —মানে সিগারেট ধরাতাম। মোতালেব সাহেব ভাবলেন, একটা ধমক দেবেন। পুঁচকে ছেলে সিগারেট হাতে নিয়ে তাঁর কাছে দেশলাই খোঁজে। কিন্তু নিজেকে বহু কষ্টে সামলালেন। সময়টা বেশ খারাপ! —না, নেই। আমি ধূমপান করি না। —কী কন আঙ্কেল, পকেটে দেশলাই নাই, তাইলে আছে কী? যা আছে বাইর করেন।তখনই মোতালেব সাহেবের মাথায় বিষয়টা ক্লিক করল। প্রায় সঙ্গে সঙ্গেই হাইজ্যাকারদের একজনের হাতে একটা পিস্তলও ক্লিক করল। ‘এরা হাইজ্যাকার। এখন এরা আমার বেতন-বোনাস সব নিয়ে যাবে? আমার ছেলে, মেয়ে ও স্ত্রীর ঈদ করা হবে না। বিষয়টা এত সহজ?’... মোতালেব সাহেব ভাবলেন। ততক্ষণে দ্বিতীয়-জনের হাতে চলে এসেছে একটা চকচকে ক্ষুর। মোতালেব সাহেবের মাথায় দ্রুত চিন্তা চলে, কী করা যায় এখন? কিছু একটা করতেই হবে তাঁকে..., তিনি তাঁর মস্তিষ্কের সর্বোচ্চ ব্যবহারের চেষ্টা করেন, (স্যার আইজ্যাক নিউটনের মতো) তাঁর মনে হলো, খুলির ভেতর ধূসর পদার্থটি নড়েচড়ে উঠল। তিনি বলে উঠলেন— —ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছি তোমরা কী চাচ্ছ। বললেন মোতালেব সাহেব। —তাইলে আঙ্কেল আর দেরি কইরেন না। যা আছে বাইর করেন জলদি। —শোনো, আমার পকেটে আছে ৪০ হাজারের মতো টাকা। সবই এক হাজারি নোট। তোমাদের দিয়ে দিচ্ছি। এই যে নিয়ে নাও... বলে সত্যি সত্যি পকেট থেকে একটা এক হাজার টাকার নোটের বান্ডিল বের করে এগিয়ে দিলেন তিনি। হাইজ্যাকাররা একটু অবাক হলো! এত সহজে কাজ হয়ে গেল? মোতালেব সাহেব আরেক পকেট থেকে তাঁর একটা ভিজিটিং কার্ডের মতো কার্ড বের করে দিলেন। —এটা কী?—আমার বাসার ঠিকানা আছে এখানে।—আপনার বাসার ঠিকানা দিয়ে কী করব? —রাখো, লাগতে পারে। কথাটা মোতালেব সাহেব গম্ভীর গলায় বললেন। হাইজ্যাকাররা টাকা আর ভিজিটিং কার্ড নিয়ে রওনা দিতে যাবে, তখন মোতালেব সাহেব ওদের আবার ডাকলেন,—শোনো, আরেকটা কথা।—কী?—তোমরা যখন টাকাটা ফেরত নিয়ে আসবে আমার বাসায়, তখন পাঁচ হাজার টাকার ভাঙতি করে এনো একটু কষ্ট করে।—মানে! দুই হাইজ্যাকার অবাক হয় যেন। —বলছি..., তোমরা যখন টাকাটা ফেরত নিয়ে আসবে আমার বাসায়, তখন পাঁচ হাজার টাকার ভাঙতি করে এনো একটু কষ্ট করে। দ্বিতীয়বার একই কথা বলেন মোতালেব সাহেব। —টাকা ফেরত দিতে আসব মানে?মোতালেব সাহেব এবার গলা নামিয়ে ফিসফিস করে খুব কনফিডেন্টলি বললেন, ‘তোমরা তো আসলে আমাকে চিনতে পার নাই...। তাই বলছিলাম, খুব শিগগির যখন টাকাটা ফেরত দিতে আসবে, সম্ভবত আজ রাতেই আসতে হতে পারে, তখন কিছু টাকার ভাঙতি করে এনো...। বোঝোই তো ঈদের সময় আবার ব্যাংকে ভিড়ের মধ্যে যেতে চাচ্ছি না...।’ বলে মোতালেব সাহেব আর দেরি করলেন না, দ্রুত হাঁটা দিলেন। হতস্তম্ভিতমূঢ় ( হতভম্ব + স্তম্ভিত + বিমূঢ়, ত্রিযুক্ত সন্ধি ) হয়ে হাইজ্যাকারা দাঁড়িয়ে থাকল! লোকটা আসলে সত্যিই কে? মোতালেব সাহেব দ্রুত হাঁটছেন। ভেতরে ভেতরে প্রচণ্ড টেনশন কাজ করছে তার। এ সময় পেছনে কেউ ছুটে আসার শব্দ শুনলেন। —স্যার?মোতালেব সাহেব থমকে দাঁড়ালেন। সেই দুই হাইজ্যাকারের একজনের হাতে তার সেই ৪০ হাজার টাকার বান্ডিল। —কী?—স্যার, ভুল হয়া গেছে। ওস্তাদ, আপনেরে চিনতে পারে নাই। এই নেন টাকা। বেয়াদবি নিয়েন না। বলে ছেলেটি আর দেরি করে না। টাকার বান্ডিল মোতালেব সাহেবের হাতে ফেলে এক রকম ছুটে পালায়। মোতালেব সাহেব তার ভেতরে চেপে থাকা শ্বাসটা এবার ছাড়েন। তিনি নিজেও নিজেকে চিনতে পারছেন না...। তার মনে হলো, ফিরে পাওয়া ৪০ হাজার টাকা এখন আর ৪০ হাজার নয়, ডাবল হয়ে ৮০ হাজার হয়ে গেছে! ঈদের আনন্দও দ্বিগুণ হবে, সন্দেহ কী? তিনি বাড়ির দিকে দ্রুত হাঁটা দেন। —এই গল্পের কিন্তু একটা বিমূর্ত মরাল আছে। সেটা হচ্ছে—‘কচুপাতার ওপর টলটলায়মান পানির বিন্দুটি যদি হয় ঝুঁকি তবে স্বয়ং কচুপাতাটি আপনার আত্মবিশ্বাস, আর পাশেই বসে থাকা ছোট্ট ব্যাঙটি, যে হয়তো এক্ষুনি লাফিয়ে ওই কচুপাতার ওপরে বসবে, সে হচ্ছে ঝুঁকি; আর আত্মবিশ্বাসের সমন্বয়ে প্রাপ্ত আপনার সাফল্য... !’