রোজা শুরু হতে দিন দু-এক বাকি তখনো। এমনই এক সন্ধ্যায় হলের ক্যাফেটেরিয়ায় আড্ডা দিচ্ছিলেন ধ্রুব, হাসান, শুভ্র, অঞ্জন, ইশা, আসিফ, রাব্বীসহ অনেকে। তাঁরা সবাই বুয়েটের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী। এমন আড্ডা নিয়মিতই হয় বন্ধুদের মধ্যে; কিন্তু সেদিনের আড্ডার বিষয়বস্তু একটু আলাদা ছিল। আলোচনাটা ছিল ঈদের নতুন পোশাক কেনা নিয়ে। কী, নিশ্চয় ভাবছেন, এ আবার বিশেষ কিছু হলো কোথায়! ঈদের আগে সবাই তো ঈদের নতুন পোশাক নিয়েই আলোচনা করে। তবে ব্যাপারটা খুলেই বলি, তাঁরা ঈদের নতুন পোশাক নিয়ে চিন্তাভাবনা করছিলেন ঠিকই; তবে তা কিন্তু নিজেদের পোশাক নিয়ে নয়। তাঁরা আলোচনা করছিলেন তাঁদের আবাসিক হলের দরিদ্র ক্যানটিন বয়দের ঈদের পোশাক নিয়ে।এ সময়ই তাঁরা ঠিক করে ফেললেন, এবার ঈদে নিজেরা নতুন পোশাক নেন আর না-ই নেন, এই দরিদ্র কিন্তু পরিচিত মুখগুলোর জন্য ঈদের নতুন পোশাকের ব্যবস্থা করতেই হবে। আলোচনা তখন চলছে তাঁরা যে হলে থাকেন, সেই আহসানউল্লাহ হলের ক্যানটিন বয়দের নিয়ে। এর মধ্যেই জিমরান আর রাব্বীর প্রস্তাব, ‘শুধু আমাদের হলের কেন, সব হলের, সে সঙ্গে ক্যাফেটেরিয়ার ক্যানটিন বয়দের জন্যও কেনা হবে নতুন পোশাক।’ যেমন বলা তেমন কাজ। শুরু হলো প্রজেক্ট ‘নাল পিরান’-এর কাজ। হ্যাঁ, এই উদ্যোগের নাম বুয়েটের শিক্ষার্থীরা দিয়েছিলেন ‘নাল পিরান’।খবরটা ছড়িয়ে পড়তে সময় লাগল না মোটেও। হাওয়ার চেয়েও দ্রুত ছড়িয়ে গেল বুয়েটের হলে হলে। প্রজেক্ট ‘নাল পিরান’ সফল করতে এগিয়ে এলেন সব বিভাগের বিভিন্ন ব্যাচের অনেক শিক্ষার্থী।সবাই মিলে তালিকা করতে বসে গেলেন। কোন ক্যানটিনে কতজন কাজ করে, ক্যাফেটেরিয়াতেই বা কতজন রয়েছে। পরের দিন সব খোঁজখবর নিয়ে চূড়ান্ত তালিকা হলো। তাদের সবাইকে উপহার দেওয়ার জন্য প্রাথমিক বাজেট ধরা হলো হাজার ত্রিশেক টাকা। শিক্ষার্থীদের সাড়া দেখে তো সবার আক্কেলগুড়ুম। লক্ষ্য ছিল মাত্র ৩০ হাজার টাকা! সেখানে প্রথম দুদিনেই উঠে গেল ৫০ হাজার টাকার বেশি। এভাবে চার দিন শেষে মোট জমা পড়ল ৯৫ হাজার টাকা! সবই শিক্ষার্থীদের টাকা।এরপর তো আরেক ব্যস্ততা। এই বাজার, সেই বাজার খোঁজখবর করে পোশাক-আশাক কেনাকাটা। তা-ও আবার ১৬০ জন মানুষের প্রত্যেকের গায়ের মাপ অনুযায়ী। এ কি কম ঝক্কি। সারা দিন রোজা রেখে ছোটাছুটি করা খুব একটা আরামের নয়। এ কাজটা করতে তাঁরা কিন্তু একটুও বিরক্ত হননি। কারণটা কী জানতে চাইতেই সমস্বরে জবাব, ‘কাজটা আমরা একেবারে মন থেকে করেছি। এ কারণে কখনোই ক্লান্ত লাগেনি আমাদের।’এবার তাহলে এক ধাক্কায় একটু এগিয়ে যাই। ১৭ আগস্ট বিকেলে বুয়েট ক্যাফেটেরিয়ার সামনে ক্যানটিন বয়দের হাতে যখন শার্ট, টি-শার্ট আর সে সঙ্গে কিছু বকশিশ তুলে দেওয়া হচ্ছিল, তখনকার অবস্থাটা না দেখলে আসলে বোঝানো সম্ভব নয়। ঈদের উপহার হাতে পেয়ে ক্যানটিন বয় রাজীব, আবদুল্লাহ, আহসানদের আনন্দ যেন বাঁধভাঙা। রাজীব বলে, ‘আমরা এমন উপহার আগে কখনো পাইনি। এ রকম ঈদ উপহার পেয়ে খুব ভালো লাগছে।’আহসানউল্লাহ হলের ক্যানটিন বয় ফরহাদ কথা বলতে পারে না। কিন্তু ওর অনুভূতি জানার জন্য আর কোনো কথার প্রয়োজন ছিল না। ওর উজ্জ্বল চোখ থেকে যেন ঠিকরে বেরোচ্ছিল ঈদের উপহার পাওয়ার আনন্দ।সব উপহার বিতরণ শেষে আবার ফিরে যাই ‘নাল পিরান’ প্রজেক্টের শিক্ষার্থীদের কাছে। ক্যানটিন বয়দের দেখিয়ে জানতে চাই, ‘ওদের তো হলো, আপনাদের নিজের ঈদের পোশাকের কী খবর?’ সবার মুখে স্মিত হাসি। একজন বলে বসেন, ‘ওদের পোশাকের ব্যাপারে এত ব্যস্ত ছিলাম এই কটা দিন যে নিজেদের পোশাকের ব্যাপারে চিন্তা করার সময় পাইনি মোটেও। ওদের আনন্দ দেখেই নিজেদের সব পরিশ্রমের কথা ভুলে গেছি।’এমনটাই তো আসলে হওয়ার কথা। ঈদের আনন্দ তো শুধু নিজের নয়, শুধু নিজের সুখশান্তি নিয়ে তো আর ঈদ নয়। ঈদের আসল আনন্দ হলো, সবার মুখে হাসি ফোটানোতেই। ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাইকে এক সুতায় গাঁথাটাই তো ঈদের আসল উদ্দেশ্য। ক্যানটিন বয়দের মুখের অম্লান হাসি কিন্তু ভালোভাবেই জানান দিচ্ছিল যে সবার মধ্যে ঈদের আনন্দ ভালোভাবেই ছড়িয়ে দিতে পেরেছেন বুয়েটের মেধাবীরা।[email protected]