
উৎসব মানেই যেন পেট পুরে খাওয়া। ফিটনেস বা সুঠাম দেহ বলে যে একটা বিষয় আছে, তা আমরা ভুলে যাই। ভুললেই কিন্তু বিপত্তি! শরীর যেন বিগড়ে না যায়, সেদিকে খেয়াল রাখা জরুরি। সুইডেনের চালমার্স স্কুল অব টেকনোলজির বায়ো-ইনফরমেটিক্স ও সিস্টেম বায়োলজির পুষ্টি গবেষক সুমাইয়া পারভীন জানান, যতই নিয়মের মধ্যে থাকি না কেন, উৎসব এলে নিয়মকে একপাশে রেখে খাবার টেবিলে বসে যাই। এ ক্ষেত্রে নিজের যেমন সচেতন থাকা গুরুত্বপূর্ণ, তেমনি পরিবার ও সন্তানদের শরীর-স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা জরুরি।
সুমাইয়া ঈদের পরের সপ্তাহকে বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করে বলেন, ঈদের সময় ‘যা পাই তা–ই খাই’ এমনটা অভ্যাস যাঁদের, তাঁদের শরীরকে ঠিক করে আনতে ঈদের দুই-তিন পর থেকেই খাওয়াদাওয়ায় রাশ টানা উচিত। ঈদের পরের সময়টায় শরীর সুস্থ রাখতে এই পুষ্টিবিদ কিছু বিষয়ে খেয়াল রাখার পরামর্শ দিচ্ছেন।
ঈদের পরে ফিটনেসের জন্য যা খেয়াল রাখবেন
*মাংস, খিচুড়ি আর বোরহানি-কোমলপানীয় যা–ই খান না কেন, অবশ্যই বেশি বেশি পানি পান করতে হবে।
*চেষ্টা করুন দিনে ভারী খাবারের পাশাপাশি ফলজাতীয় খাবারের পরিমাণ যেন বাড়ানো যায়।
*নিজে প্রচুর পরিমাণে পানি পান করুন। বাড়ির ছোট শিশুরা যেন পরিমাণমতো পানি পান করে, সেদিকে খেয়াল রাখুন।
*মাশরুম দিয়ে মাংস রান্না করলে মাংসের চর্বি কেটে যায়। সে ক্ষেত্রে মাংস রান্নার সময় মাশরুম ব্যবহার করুন।
*খাওয়ার পর কিছুক্ষণ হাঁটাচলা করার অভ্যাস করুন। এ সময়টাই লিফটের বদলে সিঁড়ি দিয়ে চলার অভ্যাস গড়ে তুলুন।
*ঈদের পর কাজের ব্যস্ততা কম থাকে বলে অনেকেই দেরি করে ঘুম থেকে ওঠেন। চেষ্টা করুন বছরের বাকি সময়টার মতোই সকাল সকাল ঘুম থেকে উঠতে।
*খাওয়ার পরেই সোফায় গা এলিয়ে টেলিভিশনের পর্দায় হারিয়ে যাবেন না। স্বাভাবিক নিয়মে হাঁটাচলা করে নিয়মমাফিক চেয়ার বা সোফায় বসে টেলিভিশন দেখুন।
*ঈদের সময় বাচ্চারা শাকসবজি খেতে চায় না, সে ক্ষেত্রে ফলের রস আর দই খেতে উৎসাহ দিন তাদের।
*বুকজ্বালা আর বদহজম সমস্যা দেখা যেন না দেয়, সেদিকে খেয়াল রাখুন।
*এ সময় যেহেতু মাংস বেশি খাওয়া হয়, সে জন্য খাবার সঙ্গে প্রচুর সালাদ খান এবং পানি পান করুন।
*খাওয়ার পরে অনেকেই ধূমপান করেন। পেট পুরে খাওয়ার পরেই ধূমপান করবেন না।
*পান-জর্দা খাওয়ার অভ্যাস যাঁদের আছে, তাঁরা দাঁতের যত্নে বিশেষভাবে খেয়াল রাখুন।
*সকাল ও রাতে অবশ্যই দাঁত ব্রাশ করুন। মুখে দুর্গন্ধ যেন না হয়, সেদিকে খেয়াল রাখুন।
*বাড়িতে থেকে টুকটাক ব্যায়াম করুন এ সময়। শরীরে যেন জড়তা ভর না করে, সেদিকে খেয়াল রাখুন।
*হৃদ্রোগে আক্রান্তের সম্ভাবনা এড়াতে তৈলাক্ত মাংস কম খাবেন।
*যাঁরা যোগব্যায়াম করেন, তাঁরা খাবারের সঙ্গে শরীরের ভারসাম্যের দিকে নজর দিন।
*বাড়ির বয়স্ক ব্যক্তিরা যেন স্বাভাবিক হাঁটাচলার মধ্যে থাকেন, সেদিকে বিশেষভাবে খেয়াল রাখুন।
*রাতে ঘুমানোর আগে নিয়ম করে ১৫ মিনিট স্বাভাবিক গতির চেয়ে দ্রুত হাঁটাহাঁটি করুন।
*এক জায়গায় অনেকক্ষণ না বসে ঘাড়-হাত-পা নাড়িয়ে ছোটখাটো ব্যায়াম ইউটিউব দেখে শিখে চর্চা করুন।
*পিঠের ব্যথা ও কোমরের ব্যথা এড়াতে দীর্ঘক্ষণ কোথাও একইভাবে বসে থাকা কমিয়ে দিন।
*কোনোভাবেই আট ঘণ্টার বেশি ঘুমাবেন না। বিছানা ছাড়া সোফা কিংবা অন্য কোথাও ঘুমাবেন না।