ঈদের বাজারে জাল নোট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাকা
টাকা

ঈদ ঘনিয়ে আসায় বেড়েছে মানুষের কেনাকেটা। সরগরম নগর ও জেলার বিপণিবিতানগুলো। এ সুযোগে তৎপর হয়ে উঠেছে জাল নোটের কারবারিরা। ইতিমধ্যে বাজারে ছড়িয়ে পড়েছে জাল নোট।
নগর পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে আসলাম নামের এক ব্যক্তি জাল নোট সরবরাহ করেন চট্টগ্রামে। সম্প্রতি গ্রেপ্তার হওয়া জাল নোট চক্রের দুই সদস্য পুলিশকে এ তথ্য দেন। টাকা লেনদেনের ক্ষেত্রে নগরবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ।
এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ মাসুম কামাল ভুইয়া প্রথম আলোকে বলেন, রং পরিবর্তনশীল হলোগ্রাফিক সুতা ও কালি, অসমতল ছাপ, লুকানো ছাপা, অন্ধদের জন্য বিন্দু ইত্যাদি আসল নোটের বৈশিষ্ট্য। নোট হাতে নিলে ক্রেতারা এসব বৈশিষ্ট্য থেকেও আসল ও নকলের তফাত বুঝতে পারবেন। তিনি আরও বলেন, জাল নোট শনাক্ত করতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে চট্টগ্রামের দোকানমালিকদের ৪০টি যন্ত্র সরবরাহ করা হবে আগামীকাল শুক্রবার। এই যন্ত্রগুলো বিভিন্ন বিপণিকেন্দ্রের সামনে বসানো হবে, যাতে ক্রেতারাও তাঁদের টাকা আসল কি না, যাচাই করতে পারেন।
পুলিশ জানায়, নগরে জাল নোট ছড়িয়ে দেওয়ার কাজ করছে ২৩টি চক্র। তারা বিভিন্ন কাঁচাবাজার ও বিপণিবিতানগুলোয় সুযোগ বুঝে জাল নোট ছড়িয়ে দিচ্ছে। ক্রেতা সেজে তারা বিপণিকেন্দ্রগুলোয় যায় বলে সন্দেহ করেন না বিক্রেতারাও। পাশাপাশি এ চক্রের সদস্যরা তালিকাভুক্ত অপরাধী না হওয়ায় পুলিশ তাদের সহজে ধরতে পারছে না। ২৩টি চক্র আছে, এ তথ্য জানা থাকলেও চক্রের সব সদস্যের অবস্থান সম্পর্কে হালনাগাদ তথ্য পুলিশের কাছে নেই। তবে এর পরও চলছে গ্রেপ্তার অভিযান।
১২ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে নগরের হালিশহরের আন্দিপুর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে দেড় লাখ টাকার জাল নোটসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জাল টাকার সব কটিই ছিল ৫০০ টাকার নোট। তাঁরা হলেন মো. মাসুদ (২২) ও মো. মোরশেদ (২৫)। তাঁদের মধ্যে মাসুদ আগেও কয়েকবার জাল নোটসহ গ্রেপ্তার হয়েছিলেন পুলিশের হাতে।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শাহজাহান কবির জানান, গ্রেপ্তার হওয়া মাসুদ ও মোরশেদ ঢাকার আসলাম নামের এক লোকের কাছ থেকে জাল নোট পেয়েছেন বলে পুলিশকে তথ্য দেন। নগরের অলংকার মোড় এলাকায় আসলাম তাঁদের জাল নোটগুলো দিয়ে যান। এই নোটগুলো তাঁরা নগরের রেয়াজউদ্দিন বাজার, নিউমার্কেটসহ বিভিন্ন স্থানে চক্রের বাকি সদস্যদের মাধ্যমে ছড়িয়ে দেন। তাঁদের দলে ১০ থেকে ১২ জন সদস্য রয়েছেন। প্রতি হাজার টাকায় ৬০০ টাকা পান তাঁরা।
এর আগে ৯ জুলাই নগরের পূর্ব মাদারবাড়ি বাসস্ট্যান্ড এলাকা থেকে ১৯ হাজার টাকার জাল নোটসহ আবু তাহের মিয়া (৩৬) নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশ। সদরঘাট থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ঈদ সামনে রেখে জাল নোটগুলো বাজারে ছাড়ছিলেন বলে স্বীকার করেছেন আবু তাহের।
সর্বশেষ ১৯ জুলাই নগরের অক্সিজেন মোড় এলাকা থেকে জাল নোটসহ মো. হারুন ও মো. জালালকে গ্রেপ্তার করে বায়েজিদ বোস্তামী থানার পুলিশ।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) বনজ কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, ঈদ ঘিরে জাল নোট কারবারিদের তৎপরতা বাড়তে পারে। তাদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে। টাকা লেনদেনে নগরবাসীকে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি।